স্মৃতিজাগানিয়া ‘ভাঙ্গাগড়া নাট্যোৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিনগর মোড় ঘুরতেই নাটক সরণি। দুই পাশে সারি সারি ফুল, খাবার আর শাড়ির দোকান দিয়ে গড়া এই পথটি প্রথম দেখায় হয়তো খুব আলাদা কিছু মনে হয় না। কিন্তু একটু এগোলেই বোঝা যায়, এখানকার পরিবেশটা আলাদা। বিশেষ করে, বিকেলের মুখে এখানে খাবারের দোকানে অথবা ফুটপাতে গুচ্ছে গুচ্ছে তরুণদের আড্ডায় সরগরম পরিবেশ। মহিলা সমিতি ও গাইড হাউসের মতো মঞ্চকে কেন্দ্র করে এই আড্ডার প্রধান আলোচ্য বিষয়ও নাটক।বাংলাদেশের নাট্য-আন্দোলনের অন্যতম সূতিকাগার বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তন। চার দশকের নাট্যচর্চার কেন্দ্রবিন্দু এই মঞ্চ। সম্প্রতি মঞ্চটি আধুনিকায়নের জন্য ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মহিলা সমিতি কর্তৃপক্ষ। স্মৃতিবিজড়িত এই মঞ্চটি ভেঙে ফেলার আগে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন শেষবারের মতো এ মঞ্চে গতকাল বৃহস্পতিবার থেকে আয়োজন করেছে ‘ভাঙ্গাগড়া নাট্যোৎসব’ শিরোনামে পাঁচ দিনের নাট্যোৎসব। বিকেলে উৎসবের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও মহিলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাহারা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন নাট্যজন ও সাংসদ আসাদুজ্জামান নূর, রামেন্দু মজুমদার, আলী যাকের, আতাউর রহমান, লিয়াকত আলী, ঝুনা চৌধুরী, গোলাম কুদ্দুছ, নাসির উদ্দীন ইউসুফ, সিতারা আহসান উল্লাহ, তানিয়া বখ্ত প্রমুখ।উদ্বোধনী অনুষ্ঠান পরিণত হয়েছিল নাট্যকর্মীদের মিলনমেলায়। চারপাশজুড়েই চলছিল নাট্যকর্মীদের সরব আড্ডা। আড্ডায় উঠে আসে দেশের নাট্য-আন্দোলনের পুরোনো সেই সব দিনের কথা। দেয়ালে দেয়ালে ঝুলছিল সত্তরের দশক থেকে দুই হাজার সাল পর্যন্ত মহিলা সমিতির মঞ্চের আলোচিত বিভিন্ন নাটকের স্থিরচিত্র। এর পাশাপাশি ছিল মুনীর চৌধুরী, জিয়া হায়দার, মোহাম্মদ জাকারিয়া, সাঈদ আহমেদ, সেলিম আল দীন, আবদুল্লাহ আল মামুন, নাজমা আনোয়ারসহ দেশের খ্যাতিমান প্রয়াত নাট্যজনদের আলোকচিত্র।আনুষ্ঠানিক উদ্বোধনের পর গতকাল নূরলদীনের সারা জীবন, সোনাই মাধব, পদ্মা নদীর মাঝি, বিধি ও ব্যতিক্রম, অলীক বাবু, ভাগের মানুষ, সাধুচরণ, স্বপ্ন ভাঙ্গা মানুষ—এসব নাটকের কোলাজ প্রদর্শনী করে সংশ্লিষ্ট দলগুলো। পাঁচ দিনের এই নাট্যোৎসবে প্রতিষ্ঠিত নাট্যদলগুলোর মহিলা সমিতি মঞ্চে অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর কোলাজ প্রদর্শনী ছাড়াও চার দশকের অভিনীত নাটকগুলোর আলোকচিত্র, পোস্টার ও বিভিন্ন উৎসবের পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।ছায়ানটে দুটি অনুষ্ঠানপ্রবীণ রবীন্দ্রসংগীত শিল্পী বিলকিস নাসিরুদ্দীন, গণসংগীত শিল্পী ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সংগীতসৈনিক অজিত রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মৃদুলকান্তি চক্রবর্তীর স্মরণে ছায়ানট এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ছায়ানট মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হবে। একই দিন সন্ধ্যায় ছায়ানটের মাসিক শ্রোতার আসর অনুষ্ঠিত হবে। রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে সন্ধ্যা সাতটায় শুরু হবে অনুষ্ঠানটি। এবারের আসরের শিল্পী শাহীন সামাদ ও মোহিত খান।আইএসও সনদ পেল এনটিভিবেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভি (ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড) আন্তর্জাতিক ‘আইএসও৯০০১’ সনদ অর্জন করেছে। দেশের কোনো টিভি চ্যানেলের আইএসও সনদ লাভ এই প্রথম। উন্নত ব্যবস্থাপনা, বিপণন, নিরীক্ষাব্যবস্থা, পেশাদারিত্ব, সংবাদ ও অনুষ্ঠানমালায় আন্তর্জাতিক মান অর্জনের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এ সনদ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী এনটিভির পক্ষে সনদটি গ্রহণ করেন।এনটিভি কার্যালয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অরিয়ন রেজিস্ট্রার ইনকরপোরেটেড ইউএসএর লিড অডিটর মাইক ব্লয়স এ সনদটি এনটিভির চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন।