স্মৃতিতে অম্লান তাঁরা
বছরটি যাই যাই করছে। আর কয়েকটি দিন পেরোলেই নতুন বছরের সূর্য উঠবে। এ বছর শিল্প-সংস্কৃতির অনেক বড় তারকা মারা গেছেন। বছরজুড়েই শুধু নয়, জীবনের শেষ দিন পর্যন্ত তাঁরা ছিলেন দর্শক-ভক্ত-শ্রোতার আগ্রহের কেন্দ্রে। সেসব আলোড়ন তোলা প্রয়াত ব্যক্তিদের নিয়ে প্রথম আলোর আয়োজন ‘স্মৃতিতে অম্লান তাঁরা’। আজ থাকছে বিশ্বসংগীতে আলোড়ন তোলা এ বছরে প্রয়াত শিল্পীদের কথা। জানাচ্ছেন শরীফ নাসরুল্লাহ

জর্জ মাইকেল
‘লাস্ট ক্রিসমাস’ গেয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন ভক্তদের হৃদয়ে। আর এ বছরের ‘ক্রিসমাস’-এর দিনই চলে গেলেন রক গানের এই শিল্পী। তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৩। যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারে নিজের বাড়িতে মারা যান জর্জ মাইকেল। সংগীতের এই বরপুত্র জন্মেছিলেন ১৯৬৩ সালের ২৫ জুন। বন্ধু রিজলিকে সঙ্গে নিয়ে ‘ওয়াম’ ব্যান্ড করার পর থেকেই তিনি সংগীতপ্রেমীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। গত শতাব্দীর আশি ও নব্বইয়ের দশকে তাঁর খ্যাতি ছিল আকাশছোঁয়া। ‘কেয়ারলেস হুইসপার’ তাঁর একটি অনবদ্য গান। বিশ্বব্যাপী ১০ কোটির বেশি অ্যালবাম রেকর্ড বিক্রি হয়েছে জর্জ মাইকেলের।

লিওন রাসেল
কনসার্ট ফর বাংলাদেশ শুনলেই মনে পড়ে জর্জ হ্যারিসন, রবিশংকরের কথা। কিন্তু একজন শিল্পী যেন আড়ালেই থেকে যান। তিনি লিওন রাসেল। গত শতাব্দীর সত্তরের দশকে রক অ্যান্ড রোল ধারার জনপ্রিয় মার্কিন গায়ক, গীতিকার এবং গিটার ও পিয়ানোবাদক লিওন মারা যান এ বছরের ১৩ নভেম্বর। লিওন রাসেল যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ১৯৪২ সালের ২ এপ্রিল জন্মগ্রহণ করেন। মাত্র ১৪ বছর বয়সে তিনি হোটেলে গান গাওয়া শুরু করেন। সে সময় তিনি একটি ব্যান্ডে যোগ দেন। দীর্ঘ সংগীতজীবনে ৩৫টি অ্যালবাম প্রকাশ করেন। ২০১১ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে ওঠে এই শিল্পীর নাম। ফ্রাঙ্ক সিনাত্রা, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, টিনা টার্নারের মতো বিখ্যাত শিল্পীর সঙ্গে গিটার বাজিয়ে মঞ্চ মাতিয়েছেন তিনি। ১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ভারতের পণ্ডিত রবিশংকর ও জর্জ হ্যারিসনের আহ্বানে তিনি ওই কনসার্টে অংশ নেন। সেদিন তিনি গিটারের পাশাপাশি পিয়ানো বাজিয়ে ১০ মিনিটের একটি মেডলিতে ‘ইয়াং ব্লাড’ গানটির কিছু অংশ গেয়েছিলেন।

লিওনার্দ কোহেন
কানাডায় ১৯৩৪ সালে জন্ম হয় লিওনার্দ কোহেনের। সংগীতশিল্পী বললে ভুল হয়, অনায়াসে বলা যেতে পারে কবি, লেখক, গায়ক ও গীতিকার। ‘হাল্লেলুইয়া’, ‘সো লং ম্যারিয়েন’, ‘টেক দিস ভালজ’ গানগুলো মুগ্ধ করেছিল ভক্তদের। লোকগান দিয়েই তিনি শুরু করেছিলেন সংগীতের ক্যারিয়ার। এর পর একের পর এক গান গেয়ে হয়ে ওঠেন বিখ্যাত। কবিতার বই ‘লেট আস কমপেয়ার মিথোলজিস’ ছাপা হয়েছে ১৯৫৬ সালে, ১৯৬১ সালে বের হলো দ্বিতীয় কবিতার বই ‘দ্য স্পাইস-বক্স অব আর্থ’। প্রথম উপন্যাস ‘দ্য ফেভারিট গেম’ ছাপা হয় ১৯৬৩ সালে। ২০১৩ সালের শেষ মাসে তিনি একটি গ্র্যান্ড ট্যুর শেষে আর জনসমক্ষে আসেননি। ৮২ বছর বয়সে ৭ নভেম্বর তিনি মারা যান।

প্রিন্স
সংগীতের রাজপুত্র তিনি। নামটিও যে প্রিন্স। পুরো নাম প্রিন্স রজার্স নেলসন। ১৯৮০ সালে গানের অ্যালবাম ১৯৯৯, পার্পেল রেইন এবং সাইন ও’ দ্য টাইমস প্রকাশের মাধ্যমে বিশ্বব্যাপী তারকাখ্যাতি পান তিনি। তাঁর সংগীতজীবনে ১০ কোটির বেশিসংখ্যক গানের রেকর্ড বিক্রি হয়। প্রিন্স সংগীতে সোল, ফাংক, রক, আর অ্যান্ড বি, হিপ হপ, ডিসকো, জ্যাজ এবং আরও বিভিন্ন নীরিক্ষার সমন্বয় করেছিলেন। তাঁর হাতে তৈরি হয়েছিল ‘হোয়েন ডাভস ক্রাই’, ও ‘কিস’–এর মতো গান। অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোবসহ পেয়েছেন সাতটি গ্র্যামি অ্যাওয়ার্ড। এ বছরের ২১ এপ্রিল সংগীতের এই রাজপুত্র মারা যান।

ডেভিড বোয়ি
গায়ক, সুরকার, গীতিকার, অভিনয়শিল্পী, স্যাক্সোফোন বাদক—শিল্পের কোন শাখায় তিনি নেই? ১৯৪৭ সালে ডেভিড বোয়ি দক্ষিণ লন্ডনে জন্ম নেন। তাঁর প্রথম অ্যালবাম বের হয় ১৯৬৭ সালে। ৪০ বছরের ক্যারিয়ারে তিনি জন্ম দেন ‘স্পেস ওডিটি’, ‘হিরোস’, ‘চেঞ্জেস’, ‘আন্ডার প্রেসার’সহ বিখ্যাত সব গান। অভিনয় করেন ‘দ্য ম্যান হু ফেল টু আর্থ’, ‘দ্য লাস্ট টেম্পটেশন অব ক্রিস্ট’, ও ‘লাবেরিন্থ’ ছবিগুলোতে। তাঁর মারা যাবার দুই দিন আগেই বের শেষ অ্যালবাম ‘ব্লাকস্টার’। এ বছরের ১০ জানুয়ারি ডেভিড মারা যান।
র্যাঙ্কার ডট কম