স্মৃতির অ্যালবামে বাদল রহমান
‘আমরা যাব অভিযানে সঙ্গে যাবে কে, এই তো আমার বীর বাহিনী কোমর বেঁধেছে’— চলচ্চিত্রকার বাদল রহমানের স্মরণসভায় যেতে যেতে কেন জানি মনের ভেতর গুনগুন করছিল এমিলের গোয়েন্দা বাহিনী চলচ্চিত্রের এ গানটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও মুভিয়ানা ফিল্ম সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে লেখা আছে, বাদল রহমানের দ্বিতীয় প্রয়াণ বার্ষিকীতে তাঁর বন্ধু-সহকর্মী-সহযোদ্ধারা মিলিত হয়ে স্মৃতিচারণা করবেন এই চলচ্চিত্রকারকে নিয়ে, সঙ্গে এমিলের গোয়েন্দা বাহিনীও প্রদর্শিত হবে।১১ জুন সোমবার বাদল রহমানের দ্বিতীয় প্রয়াণ বার্ষিকীতে শিল্পকলা একাডেমীর জাতীয় নৃত্য ও সংগীত বিভাগ মিলনায়তনে পৌঁছে দেখা গেল, এর মধ্যেই শুরু হয়ে গেছে অনুষ্ঠান—প্রথম পর্বে চলছে এমিলের গোয়েন্দা বাহিনীর প্রদর্শনী। ওই চলচ্চিত্রের খুদে অভিনেতাদের সবাই এখন পূর্ণবয়সী। আরও যাঁরা অভিনয় করেছিলেন তাঁদেরও বয়স বেড়েছে। কিন্তু একের পর এক দৃশ্য শেষে যেই মাত্র ‘ওই তো আমার বীর বাহিনী কোমর বেঁধেছে’ গানটি পর্দায় ভেসে উঠল, গানের সুরের মধ্য দিয়েই যেন বা সবাই খুঁজে ফিরলেন এর নির্মাতাকে।প্রদর্শনী শেষে মঞ্চে তখন ঝলমলে আলো। ততক্ষণে মিলনায়তনভর্তি দর্শকের সবাইকেই তাড়া করে ফিরছেন বাদল রহমান। স্মৃতিকাতর সবাই। সামনের সারিতে বসা চলচ্চিত্রকার মসিহ্উদ্দিন শাকের, আলী যাকের নিশ্চুপ। এক সারি পেছনে বসে এমিলের গোয়েন্দা বাহিনী চলচ্চিত্রের অভিনেত্রী সারা যাকের চোখের জল মুছছেন গোপনে। সবাই যখন এমন স্মৃতি হাতড়ে চলেছেন, তখনই স্মৃতিচারণা পর্বের শুরু। মসিহ্উদ্দিন শাকেরের সভাপতিত্বে এখানে স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, তথ্য অধিদপ্তরের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন, নাট্যব্যক্তিত্ব আলী যাকের, মুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়েত হোসেন মামুন, বাদল রহমানের ছেলে অভিষেক রহমান, কবি টোকন ঠাকুর, মাসুদ আহমেদ প্রমুখ। দর্শকদের অনেকেই স্মৃতির খেয়া জাগিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তুললেন এ সময়। ফলে শেষমেশ এটি আর প্রথাবদ্ধ আনুষ্ঠানিকতার ঘেরাটোপে আবদ্ধ ছিল না। সবার মধ্যেই ছিল বাদল রহমানকে তাঁর জীবন ও সৃষ্টির মধ্য দিয়ে নতুনভাবে মিলিয়ে নেওয়ার প্রয়াস।মুক্তিযোদ্ধা, নাট্যজন, চলচ্চিত্রকার, সংগঠক, দায়িত্বশীল পিতা—কত আলোয় উদ্ভাসিত তাঁর পরিচয়! লিয়াকত আলী লাকী বললেন, বাদল রহমানকে তিনি প্রথম নাগরিক নাট্য সম্প্রদায়ের অভিনেতা হিসেবেই চিনতেন। আবার আলী যাকেরের বক্তব্যে জানা গেল, বাকি ইতিহাস নাটকের তরুণ অধ্যাপক বাসুদেবের চরিত্রে তাঁর অনবদ্য অভিনয়ের কথা। ‘ছবি হচ্ছে আমার জগৎ—এমনটাই বলত বাদল। তাই নাটক থেকে ও ধীরে ধীরে চলচ্চিত্রের কাছে আশ্রয় খুঁজেছিল। ওর প্রেরণায় আমরাও সে সময় কী করে যেন চলচ্চিত্র সংসদ আন্দোলনের কর্মী হয়ে উঠেছিলাম। মহিলা সমিতির ছোট্ট মঞ্চে ফেদেরিকো ফেলেনি, লুই বুনুয়েল, ত্রুফো, গদার—তাঁদের কত যে চলচ্চিত্র দেখেছি! আজ বাদলের সেই প্রাণখোলা হাসিটি বারবার মনে পড়ছে...।’ এভাবে আলী যাকের আরও অনেক কথাই বললেন বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের এই পুরোধা ব্যক্তি সম্পর্কে। বললেন, হাসান আজিজুল হকের ‘ফেরা’ গল্পটি নিয়ে বাদল রহমানের চলচ্চিত্র নির্মাণের ইচ্ছার কথা। একজন নাট্যকর্মী কীভাবে দিনে দিনে স্বপ্নবান চলচ্চিত্রকার এবং চলচ্চিত্র সংগঠক হয়ে উঠলেন—অজানা থাকল না সেই গল্পটিও।অনুষ্ঠানটি বাদল রহমানকে নিয়ে। কিন্তু স্মৃতির সুতোয় জোড়া দিয়ে আরও কত কীর্তিমানের মুখচ্ছবি ভেসে উঠল এখানে—আলমগীর কবির, মুহম্মদ খসরু, তারেক মাসুদ কেউই বাদ নেই। মুঠো মুঠো স্বপ্ন ওড়ানো চলচ্চিত্র সংসদ আন্দোলনের কথা জানা হলো। বাদ গেল না বাংলাদেশ ফিল্ম আর্কাইভ গঠিত বিষয়ে বাদল রহমানের ভূমিকা প্রসঙ্গটিও।স্মৃতিচারণার শেষ দিকে বাদল রহমানের ছেলে অভিষেক রহমানের চোখ দিয়ে দেখলাম স্নেহশীল এক পিতাকে, যিনি ফুটবলপ্রিয়। মৃত্যুর কয়েক দিন আগে অসুস্থতা সত্ত্বেও হাসপাতালে না গিয়ে প্রিয় দলের খেলা উপভোগের জন্য বাসাতেই থেকে গিয়েছিলেন। সেদিন সন্ধ্যায় বন্ধু-সহকর্মী-সহযোদ্ধাদের স্মৃতির অ্যালবামে তুলে রাখা এ রকম টুকরো টুকরো কথামালায় বাদল রহমান যেন হয়ে উঠলেন আরও বর্ণিল। সেই বর্ণিলতার ভেতর স্মৃতিচারণার ফোকর গলে ভাইকে উৎসর্গ করে বোন লুৎফা যখন আবেগময় একটি কবিতা পড়লেন, পুরো অনুষ্ঠান তখন কথা-কবিতায় মাখামাখি। এই স্মরণ অনুষ্ঠানটির শেষ পর্বেও সেলুলয়েডের ফিতায় ধরা থাকলেন তিনি—প্রদর্শিত হলো সাইফুল ইসলাম জার্নাল ও বেলায়েত হোসেন মামুন পরিচালিত বাদল রহমানের জীবননির্ভর প্রামাণ্যচিত্র পথিকৃৎ।