স্মৃতির আলোয় আলতাফ মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি...।’ এ গানের কথা ও সুরের আবেগে রোপিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার বীজমন্ত্র। গানটি যেমন অমর হয়েছে, তেমনি অমর হয়ে আছেন গানের সুরকার শহীদ আলতাফ মাহমুদ। ১৯৭১ সালের ৩০ আগস্ট তাঁকে ধরে নিয়ে যায় হানাদার বাহিনী। তারপর আর তিনি ফেরেননি।গতকাল সোমবার অন্তর্ধান দিবসে তাঁকে স্মরণ করা হলো গানে, কবিতায়, স্মৃতিকথায় আর পদক প্রদানের মাধ্যমে। এবার শহীদ আলতাফ মাহমুদ পদক পেয়েছেন কৃতী সংগীতশিল্পী সুধীন দাশ ও বিপুল ভট্টাচার্য। শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।সংগীতস্রষ্টা আলতাফ মাহমুদ শারীরিকভাবে নেই, কিন্তু রয়ে গেছে তাঁর সুরসম্ভার। সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত চত্বরে অনুষ্ঠানের শুরুতে তাঁর সুরারোপিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বল বীর—বল উন্নত মম শির!’ পরিবেশন করেন শিমূল ইউসুফ। পরে শাহীন সামাদ ও ডালিয়া নওশিন যুগল কণ্ঠে গেয়ে শোনান শহীদুল্লা কায়সারের লেখা ‘আমরা চলি অবিরাম’ গানটি।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। অনুষ্ঠানে সুধীন দাশের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মতিউর রহমান। শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ বরেণ্য এ সংগীতজ্ঞকে উত্তরীয় পরিয়ে দেন। এ সময় সংগীতের জন্য নিবেদিতপ্রাণ সুধীন দাশ নিজের পুরস্কারের অর্থ অসুস্থ শিল্পী বিপুল ভট্টাচার্যের চিকিৎসার্থে প্রদান করার ঘোষণা দেন। বিপুল ভট্টাচার্য অসুস্থ থাকায় তাঁর পক্ষে পদক ও পুরস্কারের অর্থ গ্রহণ করেন শিল্পীর স্ত্রী কুমকুম ভট্টাচার্য। পদকপ্রাপ্তিতে নিজের অনুভূতি জানিয়ে সুধীন দাশ বলেন, ‘আলতাফের সঙ্গে গণসংগীত করেছি। আজ তার নামে প্রবর্তিত পদক দেওয়া হলো আমাকে। এ এক অন্য রকম অনুভূতি।’ আলতাফ মাহমুদের সুর করা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির কথা উল্লেখ করে তিনি বলেন, আজ এ গান ইতিহাসের অংশ। আলোচনাপর্বে মূল বক্তা মফিদুল হক বলেন, ‘আলতাফ মাহমুদ ছিলেন বৈচিত্র্যে ভরপুর। তিনি যেখানে হাত দিয়েছেন সেখানেই উদ্দামতা নিয়ে এসেছেন। তাঁর সেই উদ্দামতা আমাদের প্রেরণার অনন্ত উৎস।’ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী বলেন, ’৫২ থেকে ’৭১ পর্যন্ত আলতাফ মাহমুদ সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। মতিউর রহমান তাঁর ছাত্রজীবনের স্মৃতিচারণা করে বলেন, ‘প্রতিদিনই কোনো না কোনোভাবে আলতাফ মাহমুদের কথা মনে পড়ে।’ তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে আলতাফ মাহমুদ স্মৃতিপদক প্রদান ও স্মরণ অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানান। সভাপতির বক্তব্যে শহীদুল্লাহ খান আলতাফ মাহমুদসহ সব বুদ্ধিজীবী ও নিরীহ মানুষের হত্যাকাণ্ডে সহায়তাকারী যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।আলোচনার ফাঁকে ফাঁকে চলে গান ও কবিতা আবৃত্তি। অনুষ্ঠানে উদীচীর শিল্পীরা সমবেত কণ্ঠে ‘ঘুমের দেশে ঘুম ভাঙাতে ঘুমিয়ে গেল যারা’ গানটি পরিবেশন করেন। কবিতা আবৃত্তি করেন ঝর্ণা সরকার। পদকপ্রাপ্ত শিল্পীদের জীবনবৃত্তান্ত পড়েন শাওন মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাসকুরে সাত্তার।শিল্পী বিপুল ভট্টাচার্যের পাশে দাঁড়ানোর আহ্বানস্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কণ্ঠসৈনিক এবং মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল মুক্তির গান-এর শিল্পী বিপুল ভট্টাচার্য ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। তাঁর চিকিৎসা চলছে। বিপুল ভট্টাচার্যের অসুস্থতার খবরে তাঁর শুভানুধ্যায়ী ও সতীর্থ শিল্পীরা উদ্বিগ্ন। গতকাল শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতারের শিল্পী হিসেবে বিপুল ভট্টাচার্যের ভূমিকার প্রশংসা করে তাঁর পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান জানান। গতকাল অনুষ্ঠানে শিল্পীর স্ত্রী কুমকুম ভট্টাচার্যের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ।