স্মৃতির আলোয় রাশিয়া
প্রয়াত হওয়ার প্রায় এক যুগ পর প্রকাশিত হলো সৈয়দ নাজমুদ্দীন হাশেমের রাশিয়ার দিনলিপি। বিলম্বের কারণ সম্পর্কে গতকাল সোমবার প্রকাশনা অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠানের সঞ্চালক জানিয়ে দিলেন, ‘লেখক সত্তাকে তিনি প্রচ্ছন্ন রাখতে চেয়েছিলেন। নিভৃতে লিখেছেন। নিয়মিতই লিখেছেন, তবে গ্রন্থ প্রকাশে তেমন আগ্রহ তাঁর ছিল না।’যে কয়টি বই তাঁর প্রকাশিত হয়েছে, তার চেয়ে অনেক বেশি পাণ্ডুলিপি রয়ে গেছে। সদ্য প্রকাশিত এই বইটিও তেমনি একটি পাণ্ডুলিপি আকারে পরিবারের কাছে গচ্ছিত ছিল। প্রকাশনা সংস্থা শুদ্ধস্বর এটি প্রকাশ করেছে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফের প্রযত্নে।জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে প্রকাশনা অনুষ্ঠানের সঞ্চালকও ছিলেন তিনি। শ্রোতাদের জানালেন, সৈয়দ নাজমুদ্দীন হাশেমের পাণ্ডিত্য ছিল সর্বব্যাপী, পঠনপাঠন ছিল সুবিস্তৃত এবং রুচিবোধে ছিল আভিজাত্য। তাঁর রচনায় এসবের প্রকাশ ঘটেছে।অসুুস্থতার কারণে আলোচক অধ্যাপক কবীর চৌধুরী অনুষ্ঠানে আসতে পারেননি। লিখিত বক্তব্য পাঠিয়েছিলেন। সেটি পড়া হলো। সেখানে তিনি বলেছেন, নাজমুদ্দীন হাশেম গতানুগতিক ধারার বাইরের লেখক। সমাজতন্ত্রে তাঁর গভীর বিশ্বাস ছিল। তিনি তাঁর বিশ্বাস ও উপলব্ধির কথা অসাধারণ ভঙ্গিতে প্রকাশ করেছেন।কথাশিল্পী সেলিনা হোসেন বলেন, এটি নিছক ভ্রমণকাহিনি নয়। তিনি যে বিষয়টির উল্লেখ করেছেন, তার বর্ণনা ও বিশ্লেষণ করতে গিয়ে অনায়াসে চলে গেছেন নানা প্রসঙ্গে। রাজনৈতিক ইতিহাস, খাদ্যের বিবর্তন, সামাজিক-সাংস্কৃতিক ইতিহাস থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সিনেমা, স্থাপত্য, চিত্রকলা কী নেই! বহু তথ্যের সমাবেশ ঘটেছে এবং তা এসেছে প্রাসঙ্গিকভাবে। অসাধারণ ভাষায় তা তিনি তুলে ধরেছেন। সর্বোপরি তিনি পাঠকের চৈতন্য জাগাতে চেয়েছেন। তাই যা কিছু বলা প্রয়োজন, তা তিনি বলেছেন। এ কারণে তাঁর লেখা মূল্যবান।দি ইন্ডিপেনডেন্ট পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম বলেন, সৈয়দ নাজমুদ্দীন হাশেম মানুষ হিসেবেও ছিলেন বিশাল হূদয়ের। তাঁর জীবনের নানা ঘটনার স্মৃতিচারণা করেন তিনি। সাহিত্যকর্মের মূল্যায়ন করে মাহবুবুল আলম বলেন, ‘তাঁর রচনা আমাদের সাহিত্যের ভান্ডারকে সমৃদ্ধ করবে।’কবি বেলাল চৌধুরী বলেন, নাজমুদ্দীন হাশেমের মতো অনেক গুণী আছেন, যাঁদের লেখা অপ্রকাশিত রয়েছে। এগুলো প্রকাশ করা প্রয়োজন। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘নাজমুদ্দীন হাশেম ঢাকায় সেন্ট গ্রেগরিজ স্কুল ও কলকাতার প্রেসিডেন্সি কলেজে ইংরেজি সাহিত্যে পড়েছেন। তিনি ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশের অভ্যুদয় প্রত্যক্ষ করেছেন। ইতিহাসের পালাবদলের সাক্ষী হওয়ার বিরল সুযোগ তাঁর হয়েছিল। প্রগতির যাত্রায় অংশ নিয়েছেন। বাংলাদেশকে গড়ে তোলার কাজ করেছেন। আমাদের অনুপ্রাণিত করেছেন।’গ্রন্থের ভূমিকা লেখক নিসর্গী দ্বিজেন শর্মা বলেছেন, রাশিয়া সম্পর্কে আমাদের দেশে বাংলায় যত বই লেখা হয়েছে, এই বইটি তার মধ্যে শ্রেষ্ঠ।ব্যক্তিগত স্মৃতিচারণা করেন মাসুম আহমেদ চৌধুরী। প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী। শ্রোতাদের ধন্যবাদ জানান লেখকের স্ত্রী নূরুন্নাহার হাশেম। গ্রন্থটিতে পাঁচটি অধ্যায় রয়েছে—অপরাজেয় লেনিনগ্রাদ, প্রতিরোধের নগরী স্তালিনগ্রাদ, আর্মেনিয়ার প্রতিধ্বনি, মায়াপুরী মস্কো ও সোভিয়েত খাদ্যসম্ভার। বর্ণাঢ্য কর্মজীবন ছিল সৈয়দ নাজমুদ্দীন হাশেমের। তিনি সরকারি চাকরি করেছেন, বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন, পালন করেছেন মন্ত্রিত্বের দায়িত্ব।রাশিয়ায় গত শতকের আশি দশকের মাঝামাঝি সময়ে তিনি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। গ্রন্থটি সেই সময়ের অভিজ্ঞতা থেকে লেখা। পপসম্রাট আজম খানের স্মরণসভাআজম খান মুক্তিযুদ্ধ-পরবর্তীকালে সাংস্কৃতিক জগতে এক অনন্য ব্যক্তি। মুক্তিযুদ্ধের পর মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে যে ঘাটতি ছিল, সেই বেদনা ও ক্ষোভ তিনি প্রকাশ করেছিলেন গানে গানে। এত ভালো, নির্লোভ, সহজ-সরল মানুষ আজ একেবারেই বিরল।জাতীয় গণগ্রন্থাগারের সম্মেলনকক্ষে গতকাল আয়োজিত আজম খানের স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। জাতীয় গীতিকবি পরিষদ এ স্মরণসভার আয়োজন করে। এতে আজম খানের বর্ণাঢ্য সংগীতজীবন ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা নিয়ে কথা বলেন তাঁর বন্ধু, সহশিল্পী, অনুরাগী ও পরিবারের সদস্যরা।সংগঠনের সভাপতি এম আর মঞ্জুরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কণ্ঠশিল্পী ফকির আলমগীর, কবি কাজী রোজী, সংগীতশিল্পী জানে আলম, হাসান মতিউর রহমান, আসলাম সানী, সফিউল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল হাসান এবং শিল্পীর বড় মেয়ে ইমা খান।স্মরণসভায় বক্তারা বলেন, পপসম্রাট আজম খান এ দেশের সংগীতপ্রিয় শ্রোতাদের পপ গান নামের একটি নতুন ধারার সঙ্গে পরিচয় করিয়েছেন।এ দেশের ব্যান্ড সংগীতের অগ্রপথিক তিনি। তিনি একই সঙ্গে দেশের মানুষকে একটি স্বাধীন দেশ ও একটি নতুন ধারার সংগীত উপহার দিয়েছেন।