স্মৃতির আয়নায়
সাদা-কালো এ ছবিটি থিয়েটারের সুবচন নির্বাসনে নাটকের। এটি লিখেছেন এবং নির্দেশনা দিয়েছেন আবদুল্লাহ আল-মামুন। ছবিতে ফেরদৌসী মজুমদারের পেছনে রয়েছেন মোহাম্মদ জাকারিয়া, ডান পাশে হায়দার রিজভি ও কামাল হায়দার। নাটকটিতে রানু চরিত্রে অভিনয় করেন ফেরদৌসী মজুমদার। আর রানুর বাবার চরিত্রে ছিলেন মোহাম্মদ জাকারিয়া। রানুর দুই ভাই—হায়দার রিজভি ও কামাল হায়দার।স্মৃতিচারণা করতে গিয়ে ফেরদৌসী মজুমদার বলেন, ‘এটি ছিল থিয়েটারের দ্বিতীয় প্রযোজনা। সেই সময় দলে মেয়ে হিসেবে আমি একাই ছিলাম। তখন নাটকও আমাকে ধরে লেখা হতো। মানে একজন নারীচরিত্র। কেননা, আর তো মেয়ে ছিল না। সুবচন নির্বাসনে নাটকটির মহড়ার সময় সবার মধ্যে উত্তেজনা কাজ করত। মহড়া হতো বেশির ভাগই দিলু রোডের আমাদের ভাড়াবাড়িতে। তখন দলের জন্য নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। প্রায় তিন মাস নাটকটির মহড়া হয়েছে। নাটকে রানুর বাবা একজন আদর্শবান শিক্ষক। তিনি সব সময়ই আদর্শবান হয়ে গড়ে ওঠার উপদেশ দিতেন। বলতেন, সংসার সুখের হয় রমণীর গুণে, লেখাপড়া করে যে গাড়ি-ঘোড়া চড়ে সে—সুবচনগুলো। ১৯৭৪ সালের ১৯ এপ্রিল মহিলা সমিতি মঞ্চে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়। সেই সময় নাটকটির ২৪টি প্রদর্শনী হয়েছিল।’