স্মৃতির আয়নায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদাকালো এ ছবিটি আরণ্যক নাট্যদলের আগুনমুখা নাটকের। এটি লিখেছেন মান্নান হীরা, আর নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। ছবিতে আজিজুল হাকিমের সঙ্গে শান্তা ইসলাম।নাটকটি নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে আজিজুল হাকিম বলেন, ‘নাটকটিতে আমার চরিত্রের নাম অরুণ। আমার সঙ্গে শান্তা ইসলাম। আমরা দুজনই বিপ্লবী জননেতা। এ ছাড়া আজাদ আবুল কালামও একই দলের নেতা। নাটকটিতে স্বৈরশাসকের বিরুদ্ধে আমাদের আন্ডারগ্রাউন্ড রাজনীতি। এবং আমরা ভেতরে ভেতরে দেশজুড়ে শোষিত মানুষকে সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছি। একটা সময় আমরা তিনজনই সামরিক সরকারের হাতে ধরা পড়ে যাই। সেনানিবাসে ধরে নিয়ে যাওয়া হয়।’ নাটকটি মঞ্চে আসার সময়কালের কথা স্মরণ করে তিনি বললেন, ‘সময়টা ছিল স্বৈরশাসক এরশাদের আমল, ১৯৮৮ কি ৮৯ সাল হবে। আমরা কাকরাইলের কাছে তরঙ্গ ললিতকলা একাডেমিতে মহড়া করতাম। খুবই উত্তেজনা নিয়ে কাজ হতো। আরও দুজন শিল্পী মামুনুর রশীদ ও মুন্সি মজনু নাটকটিতে কাজ করেছেন। প্রায় দুই মাস আমরা নাটকটির মহড়া করেছি। মঞ্চে আসার পর ঢাকার মঞ্চে নাটকটি বেশ সাড়া ফেলেছিল। টানা প্রায় অর্ধশত রজনী নাটকটির মঞ্চায়ন হয়েছে।’আগুনমুখা নাটকটি প্রথম মঞ্চায়ন হয় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে।