স্মৃতির আয়নায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদাকালো এ ছবিটি নাগরিক নাট্যসম্প্রদায়ের অচলায়তন নাটকের। রবীন্দ্রনাথ ঠাকুরের এই নাটকের নির্দেশনা দিয়েছেন আলী যাকের। ছবিতে দেখা যাচ্ছে আতাউর রহমান, খালেদ খান, ফারুক আহমেদ ও বিপাশা হায়াতকে। নাটকটি নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে আতাউর রহমান বলেন, ‘এ নাটকে আমার চরিত্র ছিল আচার্যের। আমার সঙ্গে ছাত্রদের একটু সখ্য ছিল। নাটকটি মূলত ছিল কুসংস্কারের বিরুদ্ধে। নাটকে পঞ্চক চরিত্রটি ছিল খালেদ খানের। খালেদ খান ছাত্রদের বিরুদ্ধে দেওয়া কঠোর নিয়মকানুন মানত না। আমি অনেক সময় বিদ্রোহী ছাত্রদের পক্ষে কাজ করতাম। এখানে বিপাশা হায়াত কর্মজীবী নারী।’ নাটকটি মঞ্চে আসার সময়কালের কথা স্মরণ করতে গিয়ে তিনি বলেন, ‘নাটকটি ১৯৮০ সালে মঞ্চে আসে। ওই সময় কুসংস্কারের বিরুদ্ধে এ নাটকটি মঞ্চের উপযোগী ছিল। সেই সময় আমরা নতুন নাটক মঞ্চে আনতে পাঁচ-ছয় মাস ধরে মহড়া করতাম। এ নাটকের মহড়ায়ও এমন সময়ই লেগেছিল। দিলু রোডের চার্চ পরিষদে, কখনো আমার বাসায় কিংবা আলী যাকেরের বাসায় নাটকটির মহড়া হয়েছিল। মঞ্চে আসার পর নাটকটি নিয়ে দর্শকের খুবই আগ্রহ সৃষ্টি হয়েছিল। সে সময় প্রায় ৭০ রজনী মঞ্চায়ন হয়েছে নাটকটির।’অচলায়তন নাটকটির প্রথম মঞ্চায়ন হয় মহিলা সমিতি মঞ্চে। ৭০তম মঞ্চায়নের পর প্রদর্শনী বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর নতুন অভিনেতা-অভিনেত্রী নিয়ে এ বছর মার্চের প্রথম সপ্তাহে নাটকটি নতুন করে মঞ্চে এসেছে। এরই মধ্যে নাটকটির দুটি প্রদর্শনী হয়েছে।