স্মৃতির আয়নায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিটি ঢাকা থিয়েটারের কীত্তনখোলা নাটকের। সেলিম আল দীনের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। সংগীত, সুর ও পোশাক পরিকল্পনায় ছিলেন শিমূল ইউসুফ। শিমূল ইউসুফের সঙ্গে অভিনয় করেছেন জহির উদ্দীন পিয়ার। নাটকটিতে ডালিমন চরিত্রে অভিনয় করেছেন শিমূল ইউসুফ এবং সোনাই চরিত্রে জহির উদ্দীন পিয়ার।নাটকটির ছবির কথা বলতে গিয়ে স্মৃতিচারণায় শিমূল ইউসুফের মুখে এর মঞ্চে আসার সময়ের কথা উঠে আসে। ‘এটি ঢাকা থিয়েটারের প্রথম দিকের নাটক। ছবিটিতে যে মুহূর্তটি দেখা যাচ্ছে, তা হলো কীত্তনখোলার তিন দিনের মেলায় সোনাইয়ের সঙ্গে দেখা হয় ডালিমনের। ডালিমন লাওয়া সম্প্রদায়ের। সাপখেলা থেকে শুরু করে চুড়ি, মালা, ফিতা—এসব বিক্রি করে বেড়ায়। বিক্রি করতে এসেই সোনাইয়ের সঙ্গে মেলায় দেখা হয়। তারপর কথা। দুজনের মধ্যে ভালোবাসা। ছবিতে ভালোবাসা তৈরির মুহূর্ত।’ নাটকটি ১৯৮১ সালে মঞ্চে আসে। মঞ্চে আসার আগেও চার-পাঁচ মাস ধরে কাজ হয়েছে। ‘আমরা সে সময় নাটকটি প্রথম বড় পরিসরে মঞ্চে এনেছি। মালিবাগের শহীদ আলতাফ মাহমুদ একাডেমিতে নাটকটির মহড়া করতাম। মহড়ায় দারুণ উত্তেজনা কাজ করত। তা ছাড়া পাণ্ডুলিপি পড়েই আমাদের মনে হয়েছিল, নাটকটি দর্শকের মধ্যে সাড়া ফেলবে। এটি মঞ্চে আসার পর তা-ই হয়েছিল।’নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল মহিলা সমিতির মঞ্চে। টানা ১৯৯০ সাল পর্যন্ত এটি মঞ্চে ছিল। শতাধিকবার মঞ্চস্থ হয়েছে নাটকটি।