স্মৃতির আয়নায়
ছবিটি নাট্যকেন্দ্রের বিচ্ছু নাটকের। মলিয়রের এ নাটকের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন তারিক আনাম। ছবিতে ঝুনা চৌধুরীর সঙ্গে তারিক আনাম খান ও সুমনা। ঝুনা চৌধুরী অভিনয় করেছেন শওকত খাঁ চরিত্রে আর তারিক আনাম চাঁদ সওদাগর; সুমনা নূরালি বেগম চরিত্রে। নাটকটির ছবির কথা বলতে গিয়ে স্মৃতিচারণায় ঝুনা চৌধুরী বলেন, ‘নাট্যকেন্দ্র গঠিত হয় ১৯৯০ সালে। এর পরপরই বিচ্ছু নাটকটি মঞ্চে আসে। ছবিটির মুহূর্ত ছিল, আমার হারিয়ে যাওয়া মেয়ের সঙ্গে চাঁদ সওদাগরের ছেলের প্রেম হয়। হারিয়ে যাওয়া মেয়েকে বড় করে নূরানী বেগম। মেয়ের সঠিক পরিচয় ছাড়া চাঁদ সওদাগর ছেলেকে বিয়ে দিতে রাজি নয়। নূরানী জানায়, মেয়েটিকে পাওয়ার সময় তার গলায় যে লকেট ছিল, সেখানে শওকত খাঁ লেখা ছিল। বেরিয়ে আসে মেয়ের আসল পরিচয়। এটাই হলো ছবির মুহূর্ত।’ বললেন ঝুনা চৌধুরী। ‘নাটকটি মঞ্চে আসে ১৯৯১ সালের ৮ জানুয়ারি। প্রায় চার মাস আমরা মগবাজারে তারিক আনামের অফিসে রিহার্সেল করেছি। সেই সময় মলিয়রের নাটক নিয়ে কাজও কম ছিল ঢাকার মঞ্চে। আর সেই সময়টায় দলে একদল তরুণ নাট্যকর্মী—তারিক আনাম, জাহিদ হাসান, তৌকীর আহমেদ, ম ম মুরশেদসহ আমরা অনেকেই ছিলাম। ‘নাটকটির প্রথম পাঁচটি প্রদর্শনীতে দর্শকের স্বল্প উপস্থিতি দেখে খুবই হতাশ হয়েছিলাম। পরে আস্তে আস্তে দর্শক বাড়তে থাকে। নাটকটির জনপ্রিয়তা চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। ‘নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল গাইড হাউস মিলনায়তনে। নাটকটি টানা ছয় বছর মঞ্চে ছিল। ১৯৯৭ সালের পর থেকে আর নিয়মিত মঞ্চায়ন হয়নি। মাঝে হাতেগোনা দু-একটি প্রদর্শনী বিচ্ছিন্নভাবে হয়েছে। এ পর্যন্ত নাটকটির প্রায় ১৭৮টি প্রদর্শনী হয়েছে।’