স্মৃতির আয়নায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিটি ঢাকা থিয়েটারের চাকা নাটকের দৃশ্য। অধ্যাপক সেলিম আল দীনের লেখা এ নাটকটির নির্দেশনা দিয়েছেন অধ্যাপক জামিল আহমেদ চৌধুরী। ছবিতে মাঝখানে দাঁড়িয়ে অভিনয়ের ভঙ্গিতে আছেন শিমূল ইউসুফ। চারপাশে চাকা আকৃতি করে শুয়ে আছেন নাসরীন নাহার, কামাল বায়েজিদ, শহীদুজ্জামান সেলিম, ফারুক আহমেদসহ অনেকেই। শিমূল ইউসুফ বললেন, ‘ছবিটিতে দেখা যাচ্ছে, আমি সূত্রধর হিসেবে কথা বলছি। এটি নাটকটির বন্দনাগীত এবং পরপরই নাটকটির শুরু বর্ণনা করা হচ্ছে। তবে আমি নাটকটিতে আরও একাধিক চরিত্রে অভিনয় করেছি। লাশ, কুকুর, কাঠমিস্ত্রিসহ অনেক চরিত্র। আবার যেসব অভিনেতা-অভিনেত্রীরা ছবিতে শুয়ে আছেন দেখা যাচ্ছে, তাঁরা কখনো মাস্টার, গ্রামবাসী কখনো খেয়াঘাটের মাঝিসহ একাধিক চরিত্র করেছেন।’ নাটকটির কথা বলতে গিয়ে স্মৃতিচারণায় নাটকটির কাজের সময়কালের কথা শিমূল ইউসুফের মুখে উঠে আসে। তিনি বললেন, ‘১৯৯১ সালে নাটকটির কাজ শুরু হয়। নাটকটির মহড়ার জন্য বড় জায়গার দরকার ছিল। কিন্তু আমরা সে রকম জায়গা পাচ্ছিলাম না। আমাদের পল্টনের বাসার ছাদে প্যান্ডেল করে সেট ফেলে রিহার্সেল করা হতো। টানা দেড় মাস মহড়া করেছি। শেষের দিকে ১৫ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ হতো। রোদে, গরমে অবস্থা খারাপ হয়ে যেত। ওই বছরেই নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় মহিলা সমিতির মঞ্চে।’নাটকটি নিয়ে তিনি বললেন, ‘নাটকটির প্রতিটি প্রদর্শনীতে একটা বিষয় আমাকে খুবই নাড়া দিত, তা হলো, নাটকটির গল্পে দেখা যায়, একটা লাশ গরুর গাড়িতে বহন করা হচ্ছে। ঠিকানা ভুল হওয়ার কারণে লাশটি আর কেউ গ্রহণ করে না। দুই দিন বহন করার পর গাড়োয়ান লাশটিকে শেষ পর্যন্ত একটি নদীর ধারে দাফন করে। যখন দাফন করা হতো, তখন মনে হতো, কোনো এক মুক্তিযোদ্ধার লাশ দাফন করা হচ্ছে। কেননা স্বাধীনতাযুদ্ধে আমাদের অনেকের আপনজনকে আমরা আজও পাইনি। এভাবেই হয়তো দাফন হয়েছে।’ওই সময় নাটকটির টানা ২৫টি প্রদর্শনী হয়েছে। ১৯৯৭ সালে এসে নাটকটির প্রদর্শনী অনিয়মিত হয়ে পড়ে। বর্তমানে নাটকটির প্রদর্শনী বন্ধ আছে।