স্মৃতির জানালা খুলে...
দরিয়া পাড়ের দৌলতী—আবদুল্লাহ আল মামুন পরিচালিত শেষ চলচ্চিত্র। আগামীকাল ছবিটি মুক্তি পাবে। পরিচালকসহ ছবির বেশ কজন কলাকুশলী আজ বেঁচে নেই। একসঙ্গে বসে ছবির প্রেক্ষাপট নিয়েই স্মৃতিচারণা করলেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার ও পপি।রোববার বিকেল চারটা। ফেরদৌসী মজুমদারের বাড়ি। ভেতরে ঢুকে ফেরদৌসী মজুমদারের মুখোমুখি পপি। পা ছুঁয়ে সালাম করতে যেতেই পপিকে বুকে জড়িয়ে নিলেন তিনি। দরিয়া পাড়ের দৌলতী ছবিতে ফেরদৌসী মজুমদারের ছোট ভাইয়ের বউ হয়েছিলেন পপি। সাধারণত পর্দায় এ ধরনের সম্পর্ক দেখানো হয় তিক্ত। কিন্তু এই ছবিতে তাঁদের সম্পর্ক মধুর, পর্দার বাইরেও যে সে রকমই, তা প্রথম দর্শনেই বোঝা গেল। ‘ছবিতেও তাই। সেখানে তিনি ভীষণ মমতাময়ী। আমার ভালোমন্দের খোঁজ নেন।’ বললেন পপি। ফেরদৌসী মজুমদার বললেন, ‘আসলে এই সম্পর্ক সব সময় শুধু তিক্ততার হয়, তা নয়, মাঝেমধ্যে একটি-দুটি পরিবারে সুসম্পর্কও হয়। পরিচালক এখানে সেই সুসম্পর্কটাকেই তুলে ধরেছেন।’ পরিচালক আবদুল্লাহ আল-মামুনের কথা উঠতেই মুহূর্তে দুজনের মুখ অন্ধকার। ‘এটা কেমন করে হয়! ছবিটি ছিল আবদুল্লাহ আল-মামুনের স্বপ্ন। যিনি নিজ হাতে আমাকে শিল্পী হিসেবে তৈরি করেছেন। তিনি আমাকে এ ছবিটা করার জন্য বললেন। তাঁর ওপর অগাধ আস্থা ছিল আমার। রাজি হয়ে গেলাম। দূরে গিয়ে শুটিং করার সাহস পেতাম না। কিন্তু তিনি যখন বললেন, হোতাপাড়ায় গিয়ে শুটিং করতে হবে, তখন রাজি হলাম এবং সেখানে যেতে যেতেই অসুস্থ হয়ে পড়লাম। ছবিটি নিয়ে যথেষ্ট পরিশ্রম করলেন। কিন্তু আজ তিনি নেই। ভাবতেই পারি না।’একটু থামলেন ফেরদৌসী মজুমদার। আবার শুরু করলেন, ‘নেই ছবির নায়ক মান্না, অভিনেত্রী জেসমিন পারভেজ এবং ছবির কাহিনিকার কামালউদ্দিন আহমেদ। এটা সত্যিই কাকতালীয়। এ ছবির এতগুলো মানুষ বেঁচে নেই! তবুও শান্তির কথা হচ্ছে, মানুষগুলো নেই, কিন্তু তাঁদের কাজটা আলোর মুখ দেখতে যাচ্ছে।’দরিয়া পাড়ের দৌলতী ছবির দৌলতি চরিত্রে কাজ করেছেন পপি। আবদুল্লাহ আল-মামুনের এই ছবিতে অভিনয়ের আগে পপিকে অনেক রকম প্রস্তুতি নিতে হয়েছিল। প্রথমত, দৌলতির জীবন সম্পর্কে তাঁকে জানতে হয়েছে। পড়াশোনা করতে হয়েছে। ‘মামুন ভাই আমাকে বললেন, ‘‘এখন থেকে তোমার চোখের ভ্রূ তোলা যাবে না। হাতের নখ কাটতে পারবে না। চুলে শ্যাম্পু ব্যবহার করতে পারবে না।’’ আমি তাই করলাম। যখন হাতিয়াতে শুটিং করতে গেলাম, আমাকে মামুন ভাই বললেন, ‘‘তুমি দাঁত দিয়ে হাতের নখ কাট।’’ তাই করলাম। বললেন, ‘‘এবারে দুহাত দিয়ে ডাবের এবং নারকেলের খোসা ধরবে। যেন হাত দুটো একটু কালচে হয়’’। সেটিও করলাম। তারপর শুরু হলো শুটিং। কখনো কড়া রোদের মধ্যে, কখনো কঠিন শীতের মধ্যে। একবার তো মামুন ভাই অসুস্থই হয়ে পড়লেন। কিন্তু তিনি ক্ষান্ত হননি। আসলে তাঁর ছবি মানেই এই বাংলার গ্রাম, মাটি-মানুষ। তিনি এসবের মধ্যে থাকতে পছন্দ করতেন। তাই অসুখ-বিসুখ তাঁর কাছে বড় ছিল না, কাজটা তার আগে শেষ করা চাই-ই চাই। সেভাবেই বানিয়েছেন ছবিটি তিনি।’কেমন ছবি হয়েছে দরিয়া পাড়ের দৌলতী? পপি বললেন, ‘আমার অভিনয়জীবনে আর কোনো অপূর্ণতা নেই, এতটুকু বলতে পারি। দৌলতি এমনই একটি চরিত্র ছিল। আর সেই চরিত্রের জন্য যেদিন চুক্তিবদ্ধ হলাম, সেদিন থেকেই এই ছবিতে কাজ করার সুযোগ পাওয়াটাকে অনেক বড় প্রাপ্তি বলে মনে করি। এ ছবি দিয়ে মামুন ভাই সমাজের অনেকগুলো দিককেই তুলে ধরেছেন। একজন অসহায়, অভাবী নারীর জীবন, তার ভালোবাসার জীবন এবং সেই নারীর প্রতিবাদী রূপটাকেও তিনি তুলে ধরেছেন। আমার ধারণা, খুব কম অভিনেত্রীরই এমন চরিত্রে কাজ করার সৌভাগ্য হয়েছে।’ ফেরদৌসী মজুমদার বললেন, ‘পুরো ছবি এখনো দেখা হয়নি। তবে এতটুকু বলা যায়, এই ছবির পেছনে মামুন ভাই যেভাবে ছোটাছুটি করেছেন, তাতে করে মনে হয় যে এটা ছিল তাঁর একটা অনেক বড় স্বপ্ন। সেখান থেকে বলা যায় যে একটি ভালো ছবিই আমরা পেতে যাচ্ছি।’দুজনেই এ ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেছেন। কাজ করতে গিয়েই একজন আরেকজন সম্পর্কে জেনেছেন। ফেরদৌসী মজুমদার বললেন, ‘‘একদিন মামুন ভাই আমাকে বললেন, ‘আপনাকে তো এই চরিত্রটিতে কাজ করতে হবে। কাজটা করেন। পপি খুব ভালো মেয়ে।’ আমি ওর সম্পর্কে আগে জেনেছিলাম খবরের কাগজ পড়ে। তো যেদিন মেয়েটিকে দেখলাম এবং ওর যে আন্তরিকতা ছিল পুরো ছবিটিতে, তা অসাধারণ। এরপর সব সময় আমরা ছিলাম একটা পরিবারের মতো। সত্যিই, সেই দিনগুলো আমি খুবই মিস করি। যেমন, একবার একটা দৃশ্যে আমি আর জেসমিন পারভেজ অভিনয় করলাম। দৃশ্যটা শেষ হতেই জেসমিন পারভেজ এসে বললেন, ‘আপনি কত সুন্দরভাবে এই চরিত্রটাকে ফুটিয়ে তুললেন!’ আমি হেসে বললাম, আরে নাহ্। আপনারা সবাই ছিলেন বলেই তো কাজটা করতে পারলাম। পপি যে চরিত্রে কাজ করেছে, আমার তো মনে হয় যে ও বেশ ভাল করেছে।’’পপি জানালেন, প্রথম দিন ফেরদৌসী মজুমদারের সঙ্গে কাজ করতে গিয়ে অনেকটাই নার্ভাস ছিলেন তিনি। ‘‘কারণ, যাঁর অভিনয় আমি দেখেছি মন্ত্রমুগ্ধ হয়ে, সেই মানুষটির সঙ্গে কাজ করব, ভাবতেই একটু বিচলিত হয়েছিলাম। তবে মামুন ভাই আমাকে সাহস জুগিয়েছেন। বললেন, ‘তুমি কাজ করো, আমি তো আছিই।’ তবে কাজ করতে গিয়ে দেখলাম, তিনি আমাকে সন্তানের মতোই আগলে রেখেছেন। তাঁর সঙ্গে একটি দৃশ্যে কাজ করার অভিজ্ঞতার কথা বলতে পারি। সেটি হচ্ছে, মান্না ভাই ছবিতে মারা যাচ্ছেন। তখন ফেরদৌসী আপা আমাকে এমনভাবেই জড়িয়ে ধরলেন যে আসলে আর অভিনয় করতে হয়নি আমাকে। মনে হয়েছে, সত্যি যেন আমার স্বামী মারা গেছে, আর একজন বোন আমাকে জড়িয়ে সান্ত্বনা দিচ্ছেন। ছবিটি যাঁরা দেখবেন, তাঁরাও এ কথা স্বীকার করবেন যে এটি বাস্তব কোনো দৃশ্য।’’