স্মৃতির ঝাঁপি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ ভাগের বেদনায় তাঁর বুকে রক্তক্ষরণ হয় এখনো। নিজেকে আজও ‘বাঙাল’ বলতেই গর্ব বোধ করেন তিনি। তাই আলাপের পয়লা কথাতেই শুভ্র চুল-দাড়ির সঙ্গে মুখে একরাশ শুভ্রতা ছড়িয়ে কলকাতার নাট্যজন বিভাস চক্রবর্তী বললেন, ‘আমি কিন্তু বাংলাদেশের ছেলে। সিলেটে আমার বাড়ি। আমাকে ওপারের বলা ঠিক হবে না। বিখ্যাত এই নাট্যজনের এবার বাংলাদেশে আসার উদ্দেশ্য সম্মাননা গ্রহণ। থিয়েটার আর্ট ইউনিটের দুই দশক পূর্তি উৎসবে সম্মাননা নিতে সম্প্রতি ঢাকায় এসেছিলেন তিনি। সঙ্গে বড় ভাই বিকাশ চক্রবর্তী। সম্মাননা গ্রহণের পাশাপাশি দুই ভাই মিলে আড্ডা-আনন্দ আর পৈতৃক ভিটা দর্শনের অনাবিল সুখ নিয়ে বাংলাদেশে তাঁরা কাটিয়ে গেলেন কয়েকটি দিন।বিভাস চক্রবর্তীর সাক্ষাৎকার নিতে চাই—কথাটি থিয়েটার আর্ট ইউনিটের দলপ্রধান রোকেয়া রফিকের কাছে পাড়তেই বেবী আপা (রোকেয়া রফিকের ডাকনাম) বললেন, ‘বিভাস দা তো আড্ডারই মানুষ। চলে আসো হোটেল রূপসী বাংলায়।’সেদিন তাঁর কথামতো রূপসী বাংলার লবিতে বসে আছি বিভাস চক্রবর্তীর সামনে। আর নিঃশব্দে এই নাট্যজনের মুখের দিকে তাকিয়ে মুহূর্তেই যেন দেখে নেওয়া যাচ্ছে একসময়ের বহুরূপী, নান্দীকার ও থিয়েটার ওয়ার্কশপের যুগপর্ব। কিংবা হাল আমলের অন্য থিয়েটারের অধিকর্তার সঙ্গে কথা বলতে গিয়ে তাঁর নির্দেশিত হ্যামলেট নাটকের কথাও তো এ সময় মনে আসছে আমাদের। এ বছরের আগস্ট মাসেই শেক্সপিয়ারের হ্যামলেট নাটকটি একটি পানশালার পটভূমিতে নতুনভাবে উপস্থাপন করে সেটি নিয়ে ‘সেলিম আল দীন উৎসব’-এ এসেছিলেন তিনি। এসব প্রসঙ্গে আমরা কথা শুরু করব কি, মুখের কথা কেড়ে নিয়ে প্রথমে বলতে শুরু করলেন তিনিই, ‘আমার বাবা বিনোদবিহারী চক্রবর্তী ছিলেন সিলেট শহরের সাংবাদিক ও সংস্কৃতিকর্মী। যখন আমরা জন্মভিটে ছেড়ে চলে যাই, আমার বয়স তখন নয় বছর। সে সময় আমি সিলেটের রসময় মেমোরিয়াল স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়তাম। শহরের জিন্দাবাজার এলাকায় ছিল আমাদের বাড়ি। সেটির এখন আর কোনো অস্তিত্ব নেই।’ স্মৃতি হাতড়াতে গিয়ে এখন তাঁর কণ্ঠে ভর করেছে বেদনা। সেই বেদনা উজিয়ে বিভাস চক্রবর্তীর নাট্যজীবনের কথা যখন জানতে চাইলাম, বললেন, ‘সে তো ভ্রমণের মতো—প্রথমে কথা ও কায়া নামে পাড়ায় একটা নাটকের দল গড়েছিলাম। এরপর বহুরূপী, নান্দীকার, থিয়েটার ওয়ার্কশপ। সবশেষে থিতু হয়েছি অন্য থিয়েটারে। নাটকের মধ্য দিয়ে সব সময় আমি জীবনের ছবি তুলে ধরতে চেয়েছি। এই থিয়েটার করতে এসে কত লোকের যে স্পর্শ পেলাম—শম্ভু মিত্র, অজিতেষ বন্দ্যোপাধ্যায়, অজিত গঙ্গোপাধ্যায়। তাঁদের কাছে শিখেছি অনেক কিছু। এখন মাঝেমধ্যে ভাবি, আসলেই কি থিয়েটারের জন্য তেমনভাবে কাজ করতে পেরেছি? কিছুই পারিনি হয়তো। কিন্তু এটা সত্য যে সব সময় থিয়েটারে নতুন কিছু করতে চেয়েছি আমি।’বলে চলেছেন বিভাস চক্রবর্তী। তাঁর কথায় যেন বা বাংলা নাটকের পর্ব-পর্বান্তরগুলো চোখের পলকে ভেসে উঠছে। একসময় বললেন, ‘বাইরের নাট্যদল হিসেবে সদ্য স্বাধীন বাংলাদেশে আমরাই কিন্তু প্রথম নাটক নিয়ে এসেছিলাম—চাক ভাঙা মধু ও রাজরক্ত। ১৯৭৪ সালে বাংলা একাডেমীতে মঞ্চস্থ হয়েছিল নাটক দুটি। সে সময় দর্শকের অপূর্ব সাড়া পেয়েছি। এক দিনে একটি নাটকের একবার প্রদর্শনী করার কথা। কিন্তু দর্শকদের চাপে শেষ অবধি এক দিনে একটি নাটকের একাধিক শো করতে বাধ্য হয়েছিলাম আমরা। এমনকি দর্শকসারি থেকে তখন এই মন্তব্যও এসেছিল যে, “দাদা! কাল চার শো করতে হবে।” এরপর হরহামেশাই এসেছি এখানে। প্রতিবারই অফুরন্ত ভালোবাসা পেয়েছি। আসলেই বাংলাদেশের মানুষ প্রাণ খুলে ভালোবাসতে জানে।’স্মৃতিচারণার ফাঁকে এবার খানিকটা অন্যমনস্ক তিনি। একটু পর ঈষৎ হাসি এই নাট্যজনের মুখে। বললেন, ‘এ দেশের মানুষ ভালোবাসতে জানবে না তো কে জানবে, এ তো আমারই দেশ। এ দেশের বাউল, লোককবিদের গান শুনে শুনে সেই শৈশব থেকে বড় হয়েছি।’আড্ডায় আমরা বিভাস চক্রবর্তীর বিখ্যাত প্রযোজনা মাধব মালঞ্চী কইন্যা প্রসঙ্গে যখন সবিস্তারে জানলাম, এর আগে তাঁর অন্য প্রযোজনাগুলো নিয়েও আলাপ হয়েছে একচোট। সেসব কথাবার্তা যেন গল্পের মতো! তাই এই আড্ডায় বেশির ভাগ কথা তাঁর মুখেই মানায়। এর সঙ্গে আমাদের টুকটাক প্রশ্নের উত্তরে তিনি মেলে ধরেছেন স্মৃতির ঝাঁপি। আর বিভাস চক্রবর্তীর সেই সুবাসিত স্মৃতির ঝাঁপিতে নিঃশব্দে মোড়ানো আছে দেশ ভাগের দগদগে বেদনা।