সর্বকালের সেরা গিটারবাদক দলের তালিকায় যাঁদের নাম উঠে আসে, তাঁদের মধ্যে র্যান্ডি রোডস অন্যতম। ক্ষণজন্মা এই মানুষটি জীবদ্দশায় অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন। ১৯৮২ সালের ১৯ মার্চ দুর্ঘটনায় তাঁর জীবনাবসান ঘটে। তখন তাঁর বয়স ছিল মাত্র ২৫ বছর। দুদিন আগেই তাঁর ৩১তম মৃত্যুবার্ষিকী ছিল। আজ তাই র্যান্ডি রোডসের স্মরণে আমরা তাঁর অসামান্য প্রতিভার কথা সামান্যই তুলে ধরব।র্যান্ডি রোডস ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টা মনিকায় জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়স থেকেই গিটারের প্রতি তাঁর অনুরাগ। তাঁর পারিবারিক নাম র্যান্ডাল উইলিয়াম র্যান্ডি রোডস। মাত্র ১৪ বছর বয়সে তিনি প্রথম গানের দল গড়ে তোলেন, যার নাম ছিল ‘ভায়োলেট ফক্স’। তাঁর মায়ের নামের শেষে ভায়োলেট ছিল। তাই সেখান থেকেই ভায়োলেট নামটা তিনি পছন্দ করেছিলেন। গানের দলে তাঁর বড় ভাই ছিলেন ড্রামার হিসেবে। এই ভায়োলেট ফক্স তখন বেশ কিছু জায়গায় ছোটখাটো কনসার্ট করে। তারা মূলত মাউন্টেন, দ্য রোলিং স্টোনস, অ্যালিস কুপার ও ডেভিড বাওয়ির গান মঞ্চে পরিবেশন করত। তবে এই দল বেশি দিন টেকেনি। ভায়োলেট ফক্সের ইতি টানার পর র্যান্ডি রোডস তাঁর সবচেয়ে প্রিয় বন্ধু বেলি গারনিকে বেজ গিটার বাজানোর কৌশল শেখান। পরবর্তীকালে তাঁরা একসঙ্গে ‘দ্য হোর’ নামে একটি দল গঠন করে বেশ কিছু ক্লাবে গান করেন। তাঁরা দুজন পরে বিখ্যাত হেভি মেটাল ও হার্ডরক গানের দল ‘কোয়াইট রায়োট’-এর প্রতিষ্ঠা করেন। এ সময় তাঁদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেন কেভিন ডুক্সো। তিনি কোয়াইট রায়োটের কণ্ঠশিল্পী হওয়ার জন্য আবেদন করেন। তা ছাড়া তাঁদের সঙ্গে ড্রামবাদক হিসেবে ছিলেন ড্র পরসিথ। র্যান্ডি রোডস তাঁর এই কোয়াইট রায়োট দলটি দিয়ে পরিচিতি পেতে থাকেন। জাপানে রেকর্ড লেবেল থেকে তাঁদের প্রথম দুটি অ্যালবাম বের হয়। তখন থেকেই তাঁর গিটারবাদন শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে শুরু করে। তবে তখনো তাঁর জন্য অপেক্ষা করছিল আরও ভালো কিছু। ১৯৭৯ সালে ব্ল্যাক স্যাবাথ-এর গায়ক ওজি ওসবোর্ন একটি নতুন দল গঠন করার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় ব্ল্যাক স্যাবাথ ছিল অত্যন্ত জনপ্রিয় হেভি মেটাল গানের দল। আর সেই দলের গায়ক হওয়ার সুবাদে ওজি ওসবোর্ন তখনকার একজন শীর্ষস্থানীয় হেভি মেটাল গায়ক। তাঁর স্বকীয় ও অসাধারণ গায়কির কারণে নিজের অবস্থান তিনি আজও ধরে রেখেছেন। যখন নতুন একটি হেভি মেটাল দল গড়ার আশায় ওজি ওসবোর্ন গিটারিস্ট খুঁজছিলেন, তখন তাঁর কাছে একজন র্যান্ডি রোডসের কথা বলেন। ওজি তখন র্যান্ডি রোডসের সঙ্গে যোগাযোগ করে তাঁর কাছে আসতে বলেন। র্যান্ডি রোডস যখন ওজি ওসবোর্নের দলে বাজানোর জন্য পরীক্ষা দেওয়ার ডাক পেলেন, তখন তিনি যুক্তরাজ্যেই ছিলেন। কোয়াইট রায়োটের সঙ্গে তাঁর একটা কনসার্ট শেষ করে তিনি তাঁর লেস পল গিটার এবং অনুশীলনের অ্যাম্পলিফায়ার হাতে পরীক্ষা দিতে যান। র্যান্ডি রোডস তাঁর অ্যাম্পলিফায়ারের সঙ্গে গিটার সংযুক্ত করে কিছুক্ষণ প্রস্তুতিমূলক অনুশীলন করেন। সেটা শুনেই ওজি ওসবোর্ন তাঁকে গিটারিস্ট হিসেবে নিযুক্ত করেন। র্যান্ডি রোডস মনে মনে খুব অবাক হন, কেননা তিনি তখনো মনমতো কিছুই বাজিয়ে শোনাননি। তাঁর সামান্য অনুশীলন শুনেই ওজি ওসবোর্ন তাঁর ভেতরের প্রতিভার আঁচ পেয়েছিলেন। ওজি ওসবোর্নের সঙ্গে বাজাতে শুরু করার পর র্যান্ডি রোডসের স্বর্ণযুগ শুরু হয়। তাঁকে তাঁর নিজের মতো করে স্বাধীনভাবে গিটার বাজানোর সুযোগ দেওয়া হয়। তিনি ওজি ওসবোর্নের সঙ্গে প্রায় তিন বছর কাজ করার পর ১৯৮২ সালের ১৯ মার্চ এক বিমান দুর্ঘটনায় মারা যান। মারা যাওয়ার আগের দিনও তিনি একটি কনসার্ট করেছিলেন। তাঁর মৃত্যুর পাঁচ বছর পর ওজি ওসবোর্ন ১৯৮৭ সালে তাঁর স্মরণে একটি অ্যালবাম বের করেন। ‘ট্রিবিউট’ শীর্ষক অ্যালবামটিতে ওজি ওসবোর্নের সঙ্গে র্যান্ডি রোডসের কনসার্টের গানগুলো ছিল। জ্যাকসন নামে একটি গিটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান র্যান্ডি রোডসের সিগনেচার সিরিজ গিটার বের করার ব্যাপারে আগ্রহী ছিল। র্যান্ডি রোডস জীবিত থাকা অবস্থাতেই জ্যাকসন গিটারের সঙ্গে তাঁর চুক্তি হয়। তবে দুর্ভাগ্যবশত তিনি সেই গিটার সিরিজ দেখে যেতে পারেননি। সংক্ষেপে বর্তমান সময়ের ‘জ্যাকসন আর’ হলো র্যান্ডি রোডসের সংক্ষিপ্ত নাম। র্যান্ডি রোডস মৃত্যুবরণ করেও বেঁচে আছেন অসংখ্য হূদয়ে। ইয়াংয়ি মাল্মস্টিন, ডাইমব্যাগ ড্যারেল, ডাগ আল্ডরিচ, স্টিভ ভাই, জ্যাপ ওয়াইল্ড, মাইকেল রোমিও, জন পেটরুচি, মাইকেল এঞ্জেলা বাতিও, পল গিলবার্ট, বাকেটহেডসহ অসংখ্য বিশ্ববিখ্যাত গিটারিস্ট র্যান্ডি রোডস দ্বারা অনুপ্রাণিত। বিশ্বের অন্যতম সেরা গিটারিস্ট হিসেবে খ্যাত র্যান্ডি রোডসের কথা রক ও মেটাল সংগীতভক্তরা আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করে যাবেন। মনোয়ারুল হক