স্মৃতির পাতায় আবদুল জব্বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল জব্বার চলে গেছেন কিন্তু তাঁর দরদি কণ্ঠের আবেদন রয়ে যাবে এ দেশের কোটি মানুষের অন্তরে

সেই সময়টি ছিল নতুন উদ্যম আর উৎসাহের—এই বাংলার শিল্প-সংস্কৃতিতে একটি নতুন ধারা সৃষ্টির যুগ। কাব্যে, গানে তথা সৃজনশীলতার সব জগতে এসেছে এক নতুন জোয়ার, এমনি একটি সুবর্ণ সময়ে আমরা কয়েকজন তরুণ একসঙ্গে গানের জগতে প্রবেশ করে, ধীরে ধীরে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে নিলাম।

প্রায় কাছাকাছি সময়েই আমরা বেতারে ও চলচ্চিত্রে গাইতে শুরু করি এবং বাংলাদেশের গানের জগতে একটি নতুন বলয়ের সূচনা করি, অচিরেই যা জনপ্রিয় হয়ে ওঠে।

সৈয়দ আবদুল হাদী
সৈয়দ আবদুল হাদী

জব্বার বয়সে আমার কয়েক বছরের বড় হলেও এবং আমাদের সবার মধ্যেই বয়সের কিছুটা তারতম্য সত্ত্বেও সম্পর্কটি ছিল বন্ধুত্বের। প্রায় প্রতিদিনই তাঁর সঙ্গে আমার দেখা হতো, বিশেষ করে বেতারকেন্দ্রে। শাহবাগের বেতারকেন্দ্রটি ছিল তখন সংস্কৃতিকর্মীদের মিলনস্থল। কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক, নাট্যকর্মী সবার পদচারণায় মুখরিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে মধুর ক্যানটিনের মতোই শিল্পীদের কাছে ছিল বেতারের ‘সাধন-এর ক্যানটিন’। পাশেই ‘আমতলি’তে জমে উঠত আড্ডা। একটি অনুষ্ঠান শেষ করে আমি হয়তো স্টুডিও থেকে বের হয়ে আসছি, জব্বার গাওয়ার জন্য প্রবেশ করছেন। আমি গিয়ে ‘সাধন’-এর ক্যানটিনে বসলাম, জব্বার কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শেষ করে এসে আড্ডায় যোগ দিলেন। তাঁর সরব উপস্থিতি আড্ডাকে জমিয়ে তুলত। আমাদের মধ্যে তিনিই ছিলেন একটু মুখর প্রকৃতির। কথাও বলতেন বেশ উচ্চস্বরে। পরস্পরের গান নিয়ে আলোচনা-সমালোচনা হতো। মাঝে ঝগড়াঝাঁটিও হতো, কিন্তু তা ছিল সাময়িক; বন্ধুত্বের জায়গাটিতে কখনো চিড় ধরেনি। নবী (মাহমুদুন্নবী) ছিলেন একটু শান্ত প্রকৃতির, কথাও বলতেন বেশ খাদে, আস্তে আস্তে। ওকে খেপিয়ে বেশ আনন্দ পেতেন জব্বার। কার কণ্ঠ কতটুকু খাদে নামছে বা ওপরে উঠছে, এই নিয়েও প্রতিযোগিতা হতো। আর এসবই ছিল বন্ধুসুলভ ছেলেমানুষি। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করা। কারণ তখন গায়ক হওয়ার প্রাথমিক শর্তটিই ছিল একটি শক্তিশালী সুকণ্ঠ। তখন তো আর আজকের মতো কণ্ঠে প্রযুক্তিনির্ভর মেকআপ সুবিধা ছিল না, নির্ভেজাল একটি কণ্ঠই ছিল সম্বল। জব্বারের ছিল ঈর্ষণীয় টিম্বার এবং টেক্সচারসমৃদ্ধ একটি কণ্ঠ, সেই সঙ্গে দরদভরা গায়কি, যা তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিল। তাঁর কণ্ঠে লোকসংগীতনির্ভর গান থেকে শুরু করে উদ্দীপনামূলক গান তথা রোমান্টিক গানও সমান আবেদন সৃষ্টি করতে পারত।

একাত্তরের মার্চে বঙ্গবন্ধুর অসহযোগের ডাকে সাড়া দিয়ে সংগীত, নৃত্য, নাটক শাখার সব শিল্পী মিলে ‘শিল্পী সংগ্রাম পরিষদ’ গঠন করলাম। আমি ছিলাম এর সাধারণ সম্পাদক এবং সে সময়ের প্রখ্যাত শক্তিমান অভিনেতা আলী মনসুর (আলী যাকেরের বড় ভাই) ছিলেন সভাপতি। মুক্তিসংগ্রামে দেশবাসীকে উদ্বুদ্ধ করার জন্য আমরা দেশের বিভিন্ন জায়গায় উদ্দীপনামূলক দেশাত্মবোধক গান পরিবেশন করতাম—সেসব ভিন্ন প্রসঙ্গ। জব্বার আগে থেকেই বঙ্গবন্ধুর সভা-সমিতিতে গান গাইতেন। ২৫ মার্চের পর তিনি চলে যান স্বাধীন বাংলা বেতারে যোগ দিতে। পরিবার অরক্ষিত রেখে আমরা অনেকেই তখন যেতে পারিনি। স্বাধীন বাংলা বেতার থেকে ওঁর গান ভেসে আসত—শুনে আমরা গর্বিত হতাম।

স্বাধীনতার পর স্বাধীন বাংলা বেতারের শিল্পীরা ফিরে এলে দুর্ভাগ্যজনকভাবে কিছুটা বিভাজনের সৃষ্টি হয়, অবশ্য তা স্থায়ী হয়নি, ধীরে ধীরে আবার আগের মতোই স্বাভাবিক হয়ে যায়।

আবদুল জব্বার চলে গেছেন কিন্তু তাঁর দরদি কণ্ঠের আবেদন রয়ে যাবে এ দেশের কোটি মানুষের অন্তরে। স্বাধীন বাংলা বেতার থেকে প্রচারিত তাঁর গাওয়া গান ‘হাজার বছর পরে, আবার এসেছি ফিরে’ এখনো আমার কানে অনুরণন তোলে। আমার মনে হয়, এ গানটিই তাঁর জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটি গান। তাঁর গান মুক্তিযোদ্ধাদের যে উদ্দীপনা জুগিয়েছে, তা স্বাধীনতাসংগ্রামের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি, স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।

লেখক: সংগীতশিল্পী