স্মৃতির শহরে ক্লান্ত দুপুর
ক্লান্ত দুপুর। সরু মেঠোপথে পড়েছে গাছের ছায়া। জীর্ণ এক অট্টালিকার সামনে টানানো রশিতে ভেজা কাপড় মেলে দিচ্ছেন এক বৃদ্ধা। দরজায় অলস ভঙ্গিতে দাঁড়িয়ে মধ্যবয়সী এক পুরুষ। আনমনে তাকিয়ে আছেন সুদূর পানে। তাঁর সামনে-পেছনে অতীতের স্মৃতিমাখা ক্ষয়িষ্ণু ভবনের সারি। জলরঙে আঁকা ছবিটির শিরোনাম ‘পানামনগর’।ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে সৃজনে শেকড়ে-৪ নামের প্রদর্শনীতে শিল্পী অলকেশ ঘোষের আঁকা সোনারগাঁয়ের পানামনগরের এই ছবির সঙ্গে আছে নদীর বালুচর ও শহরের বৃষ্টিভেজা পথে রিকশার সারির দৃশ্য। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ১০ শিল্পীর এই যৌথ প্রদর্শনী। সন্ধ্যায় এর উদ্বোধন করেন শিক্ষাবিদ বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মনজুরুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশিদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্পী মনসুর উল করিম এবং বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন মনসুর উল করিম, চন্দ্র শেখর দে, অলকেশ ঘোষ, কে এম এ কাইয়ুম, এ কে এম আলমগীর হক, মোস্তাফিজুল হক, খালিদ মাহমুদ, দিলারা বেগম, শেখ আফজাল হোসেন ও মাহবুবুর রহমান।প্রদর্শনীর শিল্পীরা তাঁদের নিজস্ব রীতিতে এঁকেছেন। একটি ছবিতে আছে সাঁঝের বেলায় ছাগল নিয়ে বাড়ি ফেরা গ্রাম্য এক কিশোরী। শেখ আফজাল হোসেন এঁকেছেন ছবিটি। মোস্তাফিজুল হক এঁকেছেন টকটকে লাল মোরগ, চন্দ্রশেখর দের ক্যানভাসে উঠে এসেছে পদ্মপুকুর। চিত্রকরেরা প্রকৃতির পাশাপাশি তুলে এনেছেন সমাজবাস্তবতা।প্রদর্শনীতে ৪০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। অ্যাক্রেলিক, জলরং ও ছাপচিত্রের পাশাপাশি রাবারের তৈরি পুতুল কিংবা পশুর চামড়াও ব্যবহার করেছেন শিল্পীরা। প্রদর্শনী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।কারুশিল্পী পুরস্কারকারুশিল্পীদের মানোন্নয়ন, কারুশিল্পে জাতীয় ঐতিহ্যকে উৎসাহদান ও শিল্পটিকে জনপ্রিয় করার লক্ষ্যে প্রবর্তিত কারুশিল্পী পুরস্কার দেওয়া হবে আগামীকাল শনিবার। বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশন যৌথভাবে এ পুরস্কারের আয়োজন করছে। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মোট চারটি বিষয়ে দেওয়া হবে শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার। এ উপলক্ষে শুরু হবে পাঁচ দিনব্যাপী কারুশিল্প মেলা।নাগরিক শোকসভাকবি ও গবেষক আবদুল মান্নান সৈয়দের স্মরণে বাংলা একাডেমী আজ শুক্রবার নাগরিক শোকসভার আয়োজন করেছে। বিকেল চারটায় একাডেমীর প্রাঙ্গণে সভা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমীর সভাপতি কবীর চৌধুরী।রবিরাগের কবিবন্দনা আজবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে আজ শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করছে রবিরাগ। শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্রের মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে অনুষ্ঠান। কবিবন্দনা নামের এ অনুষ্ঠানে সংগীত ও নৃত্যের মাধ্যমে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন শিল্পীরা।