স্মৃৃতির আয়নায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঘুম নেই’ওপরের ছবিটি থিয়েটারের ঘুম নেই নাটকের। নাটকটির রচনা করেছেন নাসির উদ্দীন ইউসুফ আর নির্দেশনায় জন মার্টিন। নাটকটির ছবিতে মীর জাহিদ হাসানের সঙ্গে দেখা যাচ্ছে ফেরদৌস ইকরাম, কামরুজ্জামান সবুজ, মো. শাহনেওয়াজ প্রমুখকে। ঘুম নেই নাটকে মূলত বিভিন্ন জায়গার মুক্তিযুদ্ধের বীরত্বগাথা কাহিনি উঠে এসেছে। এগুলো খণ্ড খণ্ডভাবে মঞ্চে উঠে আসে। ছবির পর্বটি জামালপুরের মেলান্দহের মুক্তিযুদ্ধের অংশ। এখানে ইউসুফ আলীর নেতৃত্বে যুদ্ধ হয়েছিল। ছবির মধ্যে মীর জাহিদ হাসানকে ইউসুফ আলীর চরিত্রে দেখা যাচ্ছে। ছবিটির মুহূর্তের কথা বলতে গিয়ে জাহিদ বলেন, ‘এখানে আমি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছি। পাকিস্তানি সেনাবাহিনী ও এ দেশের দোসর রাজাকার-আলবদরদের বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় আমাদের অবস্থান দেখানো হয়েছে।’ নাটকটি প্রথম মঞ্চে আসার সময়কালের স্মৃতির কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘নাটকটি প্রথম মঞ্চে আসে ১৯৯৪ সালে। ওই সময় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ক্যাফেটেরিয়ায় মহড়া করতাম। নাটকটি মঞ্চে আসার আগে প্রায় দুই মাস টানা মহড়া হয়েছে। খণ্ড খণ্ড অংশ মিলে পুরো নাটক এটি। এক খণ্ড থেকে আরেক খণ্ডে পরিবর্তনের সময় নাটকটির গতি ধরে রাখতে অনেক সমস্যা হতো। নাটকটির মহড়ার পুরো দুই ঘণ্টায়ই একটা জার্নির মধ্যে থাকতে হতো।’ নাটকটি মহড়ার সময়ের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘নাটকটির উদ্বোধনী মঞ্চায়নের সাত-আট দিন আগে মহড়া করার সময় আমাদের একটা ছেলের হাত ভেঙে গেল। সে আর নাটকটিতে কাজ করতে পারল না। ঠিক দুই দিন পর আমারও একটা দুর্ঘটনা ঘটল। মঞ্চের ওপর সিঁড়িতে আমার দৃশ্য। ক্যাফেটেরিয়ার ফ্লোরে একটা সিঁড়ি রেখে মহড়া চলছে। আমি সিঁড়িতে উঠতে গিয়ে অমনি তা পিছলে গেলে ছয়-সাত ফুট উঁচু সিঁড়ি থেকে আমি পড়ে গিয়ে পেশিতে প্রচণ্ড ব্যথা পেলাম। কিন্তু কাজ ছাড়িনি। ওই ব্যথা নিয়েই আমি উদ্বোধনী শো করেছি।’নাটকটি টানা ২০০০ সাল পর্যন্ত মঞ্চে ছিল। ওই সময় প্রায় ৬৯টি প্রদর্শনী হয়। মাঝখানে প্রদর্শনী বন্ধ ছিল। এরপর আবার ২০০৭ সালে এসে কোনো পরিবর্তন-পরিবর্ধন ছাড়াই নাটকটি নতুন করে মঞ্চে আনা হয়। সব মিলিয়ে ইতিমধ্যে নাটকটির ৯৫টি প্রদর্শনী হয়েছে। জাহিদ হাসান বলেন, ‘ডিসেম্বরে আমরা মহাকাল নাট্যসম্প্রদায় থেকে মুক্তিযুদ্ধ সংস্কৃতিমেলার মাধ্যমে একটা উ ৎ সব করব। ওখানে মুক্তিযুদ্ধের এ নাটকটির শততম মঞ্চায়ন করব।’১৯৯৮ সালের ৮ মে মহিলা সমিতি মঞ্চে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।প্রসঙ্গ ‘সাত ঘাটের কানাকড়ি’১৮ আগস্ট আনন্দ ক্রোড়পত্রে স্মৃতির আয়নায় থিয়েটার আরামবাগের রেজাউল একরাম রাজু সাত ঘাটের কানাকড়ি নাটকটি সম্পর্কে বলেন, ‘আমরা সন্দেহ করছিলাম, এরশাদ নাটকটির প্রদর্শনী বন্ধ করে দেবেন। দলের সবার পরামর্শে নাটকটি দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে দেখানো হলো। তখন দুই নেত্রী এরশাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তাঁদের দুজনকে দেখানোর উদ্দেশ্য হলো, এরশাদ সাহেব যাতে সহজে নাটকটির প্রদর্শনী বন্ধ করতে না পারেন।’ সে সময় নাটকটির প্রযোজনা অধিকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন দলের সাধারণ সম্পাদক তবিবুল ইসলাম বাবু। সাত ঘাটের কানাকড়ি নাটকটি নিয়ে রেজাউল একরাম রাজুর উপরিউক্ত মন্তব্য প্রসঙ্গে বাবু ভিন্নমত পোষণ করেছেন। তিনি বলেন, এ নাটকটি কখনোই কারও দ্বারা এরশাদ সরকারবিরোধী নাটক হিসেবে চিহ্নিত হয়নি। পরোক্ষভাবে একটি দৃশ্যে এরশাদের কথিত সন্তান নিয়ে হাস্যরস করা হয়েছে মাত্র। ত্রৈমাসিক সুন্দরম পত্রিকার চতুর্থ বর্ষ প্রথম সংখ্যা থেকে এই নাটক প্রসঙ্গে সৈয়দ মনজুরুল ইসলামের লেখা থেকে উদ্ধৃত করছি—‘নাটকটির প্রদর্শনী যাঁরা দেখেছেন তাঁরা জানেন, এ নাটক বাংলাদেশের সমকালীন ইতিহাসের কত বিশ্বস্ত দলিল।’ সেই সময় নাট্যপাড়ার এরশাদ সরকারের গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আমার প্রায়ই আলাপ হতো। নাটকটি নিয়ে কখনোই ওনারা প্রশ্ন করেননি।