স্যান্ডি-দুর্গতদের পাশে জোভি, স্প্রিংস্টিন
স্যান্ডি-দুর্গতদের সাহায্যার্থে অর্থ তহবিল গঠনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে গান গাইলেন জন বন জোভি, ব্রুস স্প্রিংস্টিন, স্টিভেন টাইলার, ক্রিস্টিনা অ্যাগুইলেরাসহ আরও বেশ কয়েকজন সংগীত তারকা। ২ নভেম্বর এনবিসি, এইচবিও, জি ফোরসহ আরও কয়েকটি টিভি চ্যানেল সম্প্রচার করেছে ‘হারিকেন স্যান্ডি: কামিং টুগেদার’ শিরোনামের অনুষ্ঠানটি।সুপার স্টর্ম স্যান্ডির আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সি শহর, প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। এক ঘণ্টা ব্যাপ্তির ওই টিভি অনুষ্ঠানে গানের পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত স্যান্ডির ধ্বংসাত্মক ভিডিওচিত্র প্রদর্শনেরও ব্যবস্থা করা হয়। এক খবরে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।‘হারিকেন স্যান্ডি: কামিং টুগেদার’ অনুষ্ঠানে উপস্থিত অন্য তারকাদের মধ্যে ছিলেন স্টিং, বিলি জোয়েল, জিমি ফ্যালন, মেরি জে ব্লিজ, টিনা ফে, জন স্টুয়ার্ট, হুপি গোল্ডবার্গ, কেভিন বেকন ও ড্যানি ডেভিটো। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যাট লয়ার। তিনি বলেন, ‘বিগত ১০০ বছরের মধ্যে এমন ভয়াবহ ঝড় আমরা দেখিনি।’ অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে ওঠেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী ক্রিস্টিনা অ্যাগুইলেরা। তিনি বলেন, ‘আমার জন্ম হয়েছিল নিউইয়র্কের স্টেটেন দ্বীপে। চার দিন আগে হারিকেন স্যান্ডি এসে দ্বীপটাকে পুরো লন্ডভন্ড করে দিয়ে গেছে। দুর্গতদের সাহায্য করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। একজন অসহায় মানুষও যেন আমাদের এই সাহায্য থেকে বাদ না পড়ে।’ বক্তব্য শেষে ‘ইউ আর হোয়াট ইউ আর (বিউটিফুল)’ গানটি গেয়ে শোনান ক্রিস্টিনা।ক্রিস্টিনার পর মঞ্চে ওঠেন নিউজার্সিতে জন্ম নেওয়া মার্কিন রক তারকা জন বন জোভি। তিনি গেয়ে শোনান ‘হু সেস ইউ কান্ট গো হোম’ গানটি। এরপর মার্কিন অভিনেত্রী ও কৌতুকশিল্পী টিনা ফে জানান, আমেরিকান রেডক্রস স্যান্ডি দুর্গতদের জন্য অর্থ সংগ্রহ করছে। REDCROSS লিখে ৯০৯৯৯ নম্বরে এসএমএস করলেই ১০ ডলার অর্থ সাহায্য পৌঁছে যাবে। টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ রক্ষার ওয়েবসাইটে এই বার্তা ছড়িয়ে দেয়ারও আহ্বান জানান ফে।ব্রিটিশ সংগীতশিল্পী স্টিং গেয়ে শোনান ‘মেসেজ ইন এ বটল’ এবং ‘সেন্ডিং আউট অ্যান এসওএস’। অ্যারোস্মিথ ব্যান্ডের সঙ্গে মঞ্চে উঠে ‘ড্রিম অন’ গান পরিবেশন করেন স্টিভেট টাইলার। অনুষ্ঠানে সবার শেষে মঞ্চে ওঠেন ব্রুস স্প্রিংস্টিন ও তাঁর ব্যান্ড ‘ই স্ট্রিট ব্যান্ড’। তিনি ‘ল্যান্ড অব হোপ অ্যান্ড ড্রিমস’ গানটি গেয়ে শোনান।