স্যারকে দুটো ডিম খেতে দিতাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যা সিনহা মিম ছবি: আনন্দ
বিদ্যা সিনহা মিম ছবি: আনন্দ

ঘটনাটি আমি তোমার হতে চাই ছবির লোকেশনে। শুটিং হচ্ছিল নেপালের পাহাড়ি পথে। একটি গানের দৃশ্য সেটি। আমি আর বাপ্পী পাহাড়ি পথ ধরে নিচ থেকে দৌড়ে ওপরে উঠব। আমার পরনে লম্বা গাউন। দুজন পাশাপাশি দৌড়াতে হবে। কিন্তু পথটি একেবারে সরু। তাই পাশাপাশি দৌড়ানো মুশকিল। দৃশ্যটি ধারণের কাজ শুরু হয়েছে। আমরা দৌঁড় শুরু করেছি, দু-এক কদম যেতেই আমার গাউনে পা উঠে গেল বাপ্পীর। আরেকটু হলে আমি পড়েই যাচ্ছিলাম। প্রথম দৃশ্য এনজি হয়ে গেল। নৃত্যপরিচালক বললেন, ‘পাশাপাশি না থেকে আগুপিছু করে দৌড়ান।’
তাঁর কথামতো আবারও দৃশ্য ধারণ করা শুরু হলো। আমরা দৌড় শুরু করেছি। পেছন থেকে আবারও গাউনে বাপ্পীর পা। এবারও এনজি। নৃত্যপরিচালক তো রেগেই গেলেন। একটু দূরত্ব বজায় রেখে এবার দৌড়াতে বললেন। কথামতো কাজ করতে গিয়ে এবার আমার নিজের পায়েই গাউন আটকে গেল। এভাবে প্রায় সাত-আটবার এনজি হয়েছে শটটি। অনেক কষ্ট হয়েছে দৃশ্যটি করতে।
আরেকটি ঘটনা অলসপুর নাটকে অভিনয় করতে গিয়ে। দৃশ্যটিতে চঞ্চল ভাই আমার স্যার। আমাকে প্রাইভেট পড়ান। পড়ানো শুরু করার আগে মা স্যারকে একটা করে ডিম খেতে দেন। সঙ্গে আমি আরও দুটো দিই। টেবিলে এত ডিম দেখে চঞ্চল ভাই এমনভাবে তাকান যে আমার হাসি চলে আসে। একটা পর্যায়ে সংলাপ দেওয়ার আগেই আমার হাসি চলে আসে। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছিল। দৃশ্যটি করতে গিয়ে কতবার যে এনজি হয়েছিল তার হিসেব নেই।