স্রোতের বিপরীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ ব্যান্ড ‘বাস্তিলে’
ব্রিটিশ ব্যান্ড ‘বাস্তিলে’

চলুন একটু স্রোতের বিপরীতে যাওয়া যাক। সব সময়ই তো প্রতিযোগিতার প্রথম হওয়া ব্যক্তি নিয়ে মাতামাতি হয়। আজ একটু বিলবোর্ডের নিচের সারির গানগুলোর খোঁজখবর নিই! পঞ্চম স্থান থেকে শুরু হোক।

ব্রিটিশ ব্যান্ড ‘বাস্তিলে’, যার বয়স বেশি না, মাত্র চার বছরের মতো। লিড সিংগার স্মিথের গড়া ব্যান্ডটি এখন আলোচিত হচ্ছে তাদের নতুন গান ‘পম্পেই’-এর জন্য। এটি তাদের স্টুডিও অ্যালবামের চতুর্থ গান। ‘ব্রিট অ্যাওয়ার্ড ২০১৪’-এর চারটা শাখায় মনোনীত হওয়ার পর গানটি ‘বেস্ট ব্রেক থ্রু অ্যাক্ট’ শাখায় পুরস্কার পায়। শুধু ব্রিটেনেই তিন মিলিয়ন কপি বিক্রি গানটির সাফল্যের একটা ধারণা আমাদের দেয়। বিলবোর্ডের পঞ্চম স্থান ছাড়াও ইউকে সিঙ্গেল চার্টে দ্বিতীয় এবং অস্ট্রেলিয়ান আরিয়া চার্টে চতুর্থ অবস্থান ধরে রেখেছে গানটি।

বিলবোর্ড টপচার্টের চতুর্থ স্থানে রয়েছে আমেরিকান শিল্পী জেসন ডেরুলোর ‘টক ডার্টি’। গত সপ্তাহের তৃতীয় স্থান থেকে এই সপ্তাহে এক ধাপ নিচে নেমে এসেছে গানটি।

ট্যাটু অ্যালবামের এই গান ইউরোপের বাজারে ভালো সাড়া পাচ্ছে। ইউটিউবে গানটি প্রায় ১৫ কোটিবার দেখা হয়েছে।

তৃতীয় স্থানে জন লিজেন্ডের ‘অল অফ মি’ যা অস্ট্রেলিয়া, ডেনমার্ক, বেলজিয়ামের চার্টে প্রথম স্থান ধরে রেখে গুটি গুটি পায়ে এগোচ্ছে। ২২ সপ্তাহ ধরে চার্টে থাকা গানটি আরও সামনের দিকে যাবে কি না তা শ্রোতাদের ওপর নির্ভর করছে।

কেটি পেরি এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে থেকে ফ্যারেলের সঙ্গে পাল্লা দিচ্ছেন। ‘ডার্ক হর্স’ গানের মিউজিক ভিডিও মিসরে সমালোচনার মুখে পড়েছে।

শেষে আসছে প্রথম স্থানে থাকা ফ্যারেল উইলিয়ামসের ‘হ্যাপি’র কথা। গত ফেব্রুয়ারি মাসজুড়ে চার্টের প্রথমে থাকা কেটি পেরির ‘কালো ঘোড়া’কে হটিয়ে মার্চের শুরু থেকে ‘হ্যাপি’ প্রথম স্থান ধরে রেখেছে। অস্কারে মনোনয়ন আর পারফরম্যান্স গানটিকে অনেক প্রভাবিত করেছে। ‘স্ট্রিমিং গেইনার, এয়ার প্লে গেইনার’ ছাড়া নতুন খেতাব ‘ডিজিটাল সেলস গেইনার’ নিজের দখলে নিয়ে নিয়েছে। সাইর গ্যাংনাম স্টাইলের পর এই গান নিয়ে তেমনই উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

মো. সাফিবিনদোহা