স্রোতের বিপরীতে বিপাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখের ওপর সত্য কথা বলে দেওয়ার ব্যাপারে বলিউডের অনেক তারকারই সুনাম আছে। ‘ঠোঁটকাটা’ স্বভাবের কারণে সেসব তারকা অবশ্য অনেকের চক্ষুশূল। বঙ্গললনা বিপাশা বসুও সোজাসাপটা কথা বলায় ওস্তাদ। তবে তাঁর কথা যেন কখনো কাউকে আঘাত না করে, সে ব্যাপারে সব সময়ই সজাগ দৃষ্টি তাঁর। বিপাশার নীতি, ‘সত্য কথা বলো, কিন্তু কাউকে আঘাত করে নয়।’ নকল হাসি, নকল কান্নার মধ্যে বিপাশার ব্যক্তিত্বই তাঁকে সবার থেকে আলাদা করে রাখে। এই যেমন এ সপ্তাহে মুক্তি পেয়েছে বিপাশার নতুন ছবি লামহা। কাশ্মীরের বিপজ্জনক লোকেশনগুলোতে পরিচালক রাহুল ধোলাকিয়া ছবির শুটিং করেছেন। অন্য অনেক নায়িকা এ ছবিতে অভিনয়ের পর হয়তো বলতেন, ‘ওহ্! আর বলবেন না! পুরো ছবিতে মেকআপ ছাড়া কাজ করেছি। সব মিলিয়ে এটা আমার জীবনের সবচেয়ে কঠিন ছবি। বাস্তবধর্মী ছবি বলে কথা!’ কিন্তু বিপাশার মুখে ভিন্ন সুর, ‘লামহা ছবিতে বেশ কিছু দৃশ্যে মেকআপ নিয়েছি। তবে মেকআপ ছাড়া দৃশ্যগুলোতে কাজ করাটাই অনেক সহজ মনে হয়েছে। আমি মাঝেমধ্যেই বিরক্ত হই, যখন শুনি, অমুক ছবিতে অভিনয় করার জন্য আমি জান দিয়ে খেটেছি। করপোরেট করার পর বলা হলো, আমি নাকি নিজেকে অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে চাইছি। বাংলা ছবির “সব চরিত্রই কাল্পনিক” করার সময়ও বলা হলো, জান-প্রাণ এক করে নাকি আমি কাজ করেছি। আরে বাবা, আমি জান দিই কি না, আমি জানি না? যেহেতু এসব ছবি অনেক বেশি বাস্তবধর্মী, আমিও সহজ-স্বাভাবিকভাবে টেনশন ফ্রি হয়ে কাজ করেছি। গ্ল্যামারাস চরিত্রের তুলনায় অনেক বেশি মেকআপ, গেটআপ, ফিগার, অভিনয়, নাচ নিয়ে সচেতন থাকতে হয়। ধুম টু ছবির জন্যই তো টানা কয়েক মাস শুধু কমলালেবুর জুস খেয়ে থেকেছি। লামহার জন্য খাওয়া-দাওয়ার কোনো বাধ্যবাধকতা ছিল না। পেট পুরে খেয়েছি। ’ লামহা ছবির নায়িকা চরিত্রে যদিও শুরুতে কারিশমা কাপুর ও পরে বিদ্যা বালান ছিলেন পরিচালকের পছন্দ। তবে কারিশমা কাশ্মীরে শুটিংয়ের ভয়ে, বিদ্যা বালান শিডিউলের ব্যস্ততার কারণে ছবিটি ছেড়ে দেন। এ ব্যাপারে বিপাশার স্পষ্ট অভিব্যক্তি, ‘ওদের হার, আমার জিত।’ যদি তা-ই হয়, তবে কেন কাশ্মীরের সেট থেকে একবার পালিয়ে এসেছিলেন? ‘আর বলবেন না, সত্তুর দশকের কাশ্মীরের সঙ্গে এখনকার কাশ্মীরের আকাশ-পাতাল পার্থক্য। পুরো পরিবেশ থমথমে। সব সময়ই মনে হয়, এই বুঝি জঙ্গি হানা দেবে। আতঙ্কের সঙ্গে দিন কাটায় ওখানকার অধিবাসীরা। একবার নিরাপত্তার ভয়েই কাশ্মীর থেকে পালিয়ে এসেছিলাম। পরে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পর ফিরে গিয়েছি।’প্রথম ছবি আজনাবি করার সময় বিপাশা ভাবতেই পারেননি অভিনয়ে নিয়মিত হবেন। অথচ এখন অভিনয়ে নয় বছর কাটিয়ে ১০ বছরে পা রেখেছেন। অভিনয় শিখে-পড়েও আসেননি। কঠোর পরিশ্রমের মাধ্যমে অভিনয় রপ্ত করেছেন। অন্য অনেকের চেয়ে তাঁর সফল ছবির সংখ্যা বেশি (আজনাবি, নো এন্ট্রি, অল দ্য বেস্ট, বাঁচনা অ্যাই হাসিনো, রেস, ধুম টু, ফির হেরা ফেরি, হাম কো দিওয়ানা কার গায়ে, জিসম, আঁখে, রাজ)। ওমকারা ছবির যতটুকু ব্যবসা হয়েছে, সব বিপাশার বিড়ি জ্বালাইলে’র কারণেই। এমনকি করপোরেট, সব চরিত্রই কাল্পনিক, পাংখ, অপহরণ, মাধোশী, ফুটপাত, সর্বশেষ লামহা ছবিতে বিপাশার অভিনয় প্রশংসিত হয়েছে। হাতেও আছে প্রিয়দর্শনের আক্রোশ (অজয় দেবগন, অক্ষয় খান্না), আনিস বাজমীর নো প্রবলেম (সঞ্জয় দত্ত, অনিল কাপুর, অক্ষয় খান্না, সুনীল শেঠি), আব্বাস মাস্তানের মিস্টার ফ্রড (সঞ্জয় দত্ত, অজয় দেবগন), রোহান সিপ্পির দাম মারো দাম (অভিষেক বচ্চন)। এখন থেকে বছরে দুই-তিনটির বেশি ছবি করতে চান না বিপাশা। ব্যবসায় জড়াতে চান। ব্যায়ামের ওপর ভিডিও প্রকাশের পর শরীর-স্বাস্থ্য নিয়ে আরও বেশ কিছু পরিকল্পনা করছেন তিনি। পাশাপাশি সম্প্রতি রিবকের সঙ্গে নিজের পোশাক ব্যবসা শুরু করেছেন। বিপাশার প্রতিষ্ঠানের নাম ‘বি বি লাভ ইওরসেলফ।’ শুরুতেই কর্মজীবী নারীদের জন্য ফ্যাশনেবল পোশাক, ব্যাগ বাজারে ছেড়েছেন তিনি। ব্যক্তিজীবনে সফল বিপাশা আট বছর ধরে আছেন প্রেমিক জন এব্রাহামের সঙ্গে। প্রেমিকের সম্পর্কে অজানা তথ্যের খোঁজ করা হলে বিপাশা হাসতে হাসতে বলেন, ‘খাওয়া শেষ করা মাত্রই জনের মুখ খুলে যায়, চোখ বন্ধ হয়ে যায়। এ সময় যদি কেউ বলে—জন, তুমি ঘুমাচ্ছ। ও সঙ্গে সঙ্গে চোখ খুলে বলবে—না, আমি ঘুমাচ্ছি না। বিশ্বাস করুন, আমরা একসঙ্গে যত ছবি দেখেছি, ৯০ ভাগ সময় জন ঘুমিয়েছে। থিয়েটার থেকে বের হওয়ার পর যদি কেউ জিজ্ঞেস করে, কেমন লাগল? জন বলবে—ওহ! অসাধারণ! অপূর্ব! অদ্ভুত! তোমাদেরও দেখা উচিত! হা হা হা!’ নিজের সম্পর্কে বিপাশার নতুন তথ্য, ‘আমি যেহেতু শরীরসচেতন, অনেকে ভাবেন আমি বুঝি খাওয়া-দাওয়া করি না। কিন্তু আমি প্রায়ই পেট পুরে খাই। ক্যালরি গুনে জীবন যাপন করা আমার পক্ষে সম্ভব নয়। প্রায়ই মিষ্টি, চকলেট খাই। পরদিনই জিমে গিয়ে সেসব ঝরিয়ে নিই। একটাই তো জীবন। সাইজ জিরো হওয়ার চক্করে আরাম-আয়েশকে বলি দিতে অন্তত আমি পারব না।’ রুম্মান রশীদ খান(তথ্যসূত্র: ওয়েবসাইট)