সড়ক দুর্ঘটনায় আহত জর্জ মাইকেল
সম্প্রতি যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ারে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ‘কেয়ারলেস হুইস্পার’খ্যাত ব্রিটিশ গায়ক জর্জ মাইকেল।মাথায় আঘাত পাওয়ায় দ্রুত তাঁকে বিমানে করে হাসপাতালে নেওয়া হয়। তবে আঘাত তেমন গুরুতর নয় বলেই জানিয়েছেন জর্জ মাইকেলের মুখপাত্র কোনি ফিলিপেল।এ প্রসঙ্গে কোনি জানিয়েছেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় পড়েছিলেন জর্জ। এ সময় তিনি তাঁর রেঞ্জ রোভার গাড়ির যাত্রীর আসনে ছিলেন। দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন তিনি। এ ছাড়া শরীরের কয়েক জায়গায় সামান্য কেটে গেছে।’কোনি আরও জানান, জর্জ মাইকেলের শারীরিক অবস্থা নিয়ে তেমন দুশ্চিন্তার কিছু নেই। তিনি ভালো আছেন। দুর্ঘটনার বিস্তারিত বিবরণ দিতে অস্বীকৃতি জানিয়ে কোনি বলেন, ‘শুধু এটুকু বলতে পারি, অন্য কোনো গাড়ির সঙ্গে জর্জকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়নি। এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু জানানোর এখতিয়ার আমার নেই।’ এক খবরে এমনটিই জানিয়েছে বিবিসি। হার্টফোর্ডশায়ার পুলিশের একজন মুখপাত্র জানান, ‘দুর্ঘটনার সময় গাড়িতে দুজন ব্যক্তি ছিলেন। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব নয়।’ এদিকে কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, জর্জ নাকি এরই মধ্যে হাসপাতাল ছেড়েছেন। কিন্তু এ প্রসঙ্গে তাঁর কাছের এক আত্মীয় জানান, এখনো হাসপাতালে চিকিত্সাধীন আছেন জর্জ। তাঁকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে বলেও জানান জর্জের ওই আত্মীয়। এর আগেও অসতর্কভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন জর্জ। ২০১০ সালে গাঁজা সেবন করে জর্জ তাঁর রেঞ্জ রোভার গাড়ি চালানোর সময় দুর্ঘটনায় পড়েছিলেন। এ জন্য আট সপ্তাহ কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল তাঁকে। এক হাজার ২৫০ পাউন্ড জরিমানাও গুনতে হয়েছিল জর্জকে। এ ছাড়া, গাড়ি চালানোর ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন বিতর্কিত এ গায়ক।