হংকংয়ে দ্য ডিসটেন্ট নিয়ার ও মানুষ
হংকংয়ের সেন্টার ফর কমিউনিটি কালচারাল ডেভেলপমেন্ট অ্যান্ড এশিয়ান পিপলস থিয়েটার সোসাইটির আয়োজনে ম্যাকাউলে স্টুডিও ও আন্ডারগ্রাউন্ড থিয়েটারে শুরু হচ্ছে তিন দিনব্যাপী নাট্য প্রদর্শনী। এই প্রদর্শনীতে মঞ্চস্থ হবে বাংলা থিয়েটারের প্রযোজনায় দ্য ডিসটেন্ট নিয়ার এবং মামুনুর রশীদ রচিতমানুষ। দুই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও শেক্সপিয়ারের যুগলবন্দী একক অভিনয় দ্য ডিসটেন্ট নিয়ার। নাটকটি রচনা করেছেন শহীদুল মামুন এবং নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির। ২০১১ সালে স্কটল্যান্ডের এডিনবরা ফ্রিঞ্জ ফেস্টিভ্যালে নাটকটির একটানা সাতটি প্রদর্শনী হয়েছিল। এ ছাড়াও নাটকটির প্রদর্শনী হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ৩০ ও ৩১ আগস্ট হংকংয়ের ম্যাকাউলে স্টুডিও ও আন্ডারগ্রাউন্ড থিয়েটারে নাটকটির দুই দিনব্যাপী প্রদর্শনী হবে। একই সঙ্গে আন্ডারগ্রাউন্ড থিয়েটারে মামুনুর রশীদের রচনায় মানুষ নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে আগামী ১ সেপ্টেম্বর। মামুনুর রশীদের রচনায় মানুষ নাটকটির নির্দেশনা দিয়েছেন চুং চি কিট। নাটকটির চীনা (ক্যানটুনিজ) ভাষায় অনুবাদ করেছেন মৌ শু কি। দ্বিতীয়বারের মতো মামুনুর রশীদের লেখা নাটক ভিন্ন ভাষায় অনুবাদ ও অভিনীত হচ্ছে। ১৯৮৯ সালে জার্মান ভাষায় অনূদিত হয়েছিল মামুনুর রশীদের ওরা কদম আলী নাটকটি। জার্মানের একটি পেশাদারি থিয়েটারের প্রযোজনায় নাটকটি মঞ্চস্থ হয়েছিল বার্লিনে।