হট সিটে তাঁরা ছয়জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে হবেন কোটিপতি?আলী যাকের-সারা যাকের? নকীব খান-পার্থ বড়ুয়া? নাকি চঞ্চল চৌধুরী-তিশা?—বিনোদন ভুবনের এই ছয় তারকা ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠানের হট সিটে বসলেন গতকাল মঙ্গলবার। ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠানের তিনটি বিশেষ পর্বে অংশ নিচ্ছেন তাঁরা। জানা গেছে, এবার ঈদে দেশ টিভিতে এই পর্বগুলো প্রচার করার সম্ভাবনা আছে। তবে কে কত টাকা জিতেছেন—এই প্রতিবেদন লেখা পর্যন্ত তা জানা যায়নি।অনুষ্ঠানটির একটি সূত্র জানিয়েছে, গতকাল বিকেলে এই পর্বগুলোর ধারণকাজ শুরু হয়। শিল্পীরা এই অনুষ্ঠান থেকে যে অঙ্কের টাকা জিতবেন, তা বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে দান করা হবে। আরও জানা গেছে, নকীব খান ও পার্থ বড়ুয়া তাঁদের পুরস্কারের টাকা দান করবেন বাংলাদেশে অটিজমের ওপর কাজ করছে—এমন একটি প্রতিষ্ঠানকে। চঞ্চল চৌধুরী ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে গতকাল সকালে বলেন, ‘এটা আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। এত দিন টিভিতে দেশের বাইরের এ ধরনের অনুষ্ঠানে অনেক শিল্পীকে অংশ নিতে দেখেছি। এখন আমাদের দেশে এ অনুষ্ঠান হচ্ছে। আমরা নিজেরাই অংশ নিচ্ছি। এটা শিল্পীদের জন্য একটা সম্মানের ব্যাপারও বটে।’ তিশা বলেন, ‘অনুষ্ঠানটির কর্তৃপক্ষ আমার সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়েছে। প্রশ্নগুলো কেমন হবে, তা বুঝতে পারছি না। সব দেখেশুনে মনে হচ্ছে, অনেক গোছালো একটি অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছি।’এর আগে ‘কে হতে চায় কোটিপতি’তে অংশ নিয়েছেন শাকিব খান ও অপু।