হট সিটে বসছেন শাকিব অপু ও ফেরদৌস
চলচ্চিত্রের তিন তারকা শাকিব খান, ফেরদৌস ও অপু বিশ্বাস এবার ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠানের হট সিটে বসতে যাচ্ছেন। তাঁরা অনুষ্ঠানটির সঞ্চালক আসাদুজ্জামান নূরের মুখোমুখি হবেন। অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠানে কয়েকজন তারকাকে আমন্ত্রণ জানানো হবে। প্রথম দিকে আসবেন শাকিব খান, ফেরদৌস ও অপু বিশ্বাস। এরই মধ্যে এই তিন তারকার সঙ্গে অনুষ্ঠানটির কর্তৃপক্ষের আলোচনা চূড়ান্ত হয়েছে। তাঁদের কী ধরনের প্রশ্ন করা হবে এবং তাঁদের পোশাক কেমন হবে—এখন সেসব নিয়ে আলোচনা ও গবেষণা হচ্ছে। সূত্রটি আরও জানিয়েছে, তিন তারকার মধ্যে শাকিব খান ও অপু বিশ্বাস একই সঙ্গে অনুষ্ঠানে অংশ নেবেন। এখানে শাকিব ও অপুর পরিবারের সদস্যদেরও উপস্থিত থাকার সম্ভাবনা আছে। এ সময়ের সফল জুটি হিসেবে শাকিব ও অপুকে একই সঙ্গে আনা হচ্ছে। ফেরদৌস থাকবেন অন্য একটি পর্বে। থাকবে তাঁর পরিবারও।জানা গেছে, এই দুটি পর্বই ঈদের অনুষ্ঠানমালায় প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে দেশ টিভির কর্তৃপক্ষ।তারকারা এই অনুষ্ঠান থেকে যে অঙ্কের টাকা জিতবেন, তা কোনো দাতব্য প্রতিষ্ঠানে দান করা হবে। আগামী দু-এক দিনের মধ্যেই তিন তারকার শুটিংয়ের তারিখ চূড়ান্ত করা হবে।