হঠাৎ আলোর ঝলকানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাপক ঈশ্বর নাটকের দৃশ্যে তৌকীর আহমেদ
প্রাপক ঈশ্বর নাটকের দৃশ্যে তৌকীর আহমেদ

আমাদের টিভি আলোচনা নিয়ে অনুষ্ঠান নির্মাতা ও চ্যানেল-সংশ্লিষ্ট ব্যক্তিদের একটি সাধারণ অভিমত, আমরা কেবল দোষত্রুটিই বেশি দেখি এবং দুর্বল অনুষ্ঠানগুলো আলোচনার বিষয় হিসেবে বেছে নিই। কথাটি আংশিক সত্য বটে। ত্রুটিবিচ্যুতিটা আমরা একটু তীক্ষ্ণ নজরে দেখি এবং ধরিয়ে দেওয়ার চেষ্টা করি, কোনো অসৎ উদ্দেশ্যে নয়, সেটা মূলত এ থেকে উত্তরণের জন্য ও ভালো অনুষ্ঠান নির্মাণে উৎসাহিত করার জন্যই। আর দুর্বল অনুষ্ঠান বেছে নেওয়া কথাটি ঠিক নয়, বাস্তবতা হলো দুর্বল অনুষ্ঠানের ভিড়ে ভালো অনুষ্ঠান খুঁজে পাওয়াই হয় দুষ্কর। এবারে আমরা চেষ্টা করেছি দুটি ভালো অনুষ্ঠান বেছে বের করার।

 ৯ জুন রাত ৯টায় এনটিভিতে প্রচারিত হলো সোহেল রানার পরিচালনায় নাটক প্রাপক ঈশ্বর। নাটকটির নামকরণেই রয়েছে অভিনবত্বের আভাস। নাটকের গল্পটি সংক্ষেপে এ রকম, একজন অবসরপ্রাপ্ত স্কুলমাস্টার আবুল হায়াত মেয়ের ফরম পূরণের টাকা জোগাড় করতে না পেরে ঈশ্বরের কাছে চিঠি লেখেন ৬ হাজার টাকার জন্য। আর সেই চিঠি পান ক্ষয়িষ্ণু ও প্রায় অচল ডাকঘরের সহকারী পোস্টমাস্টার তৌকীর আহমেদ। তারপর অনেক চিন্তাভাবনা করে পোস্টমাস্টার ঈশ্বরের প্রতি লোকটির আস্থা ও বিশ্বাস রক্ষা করার জন্য নিজেই ঈশ্বর সেজে তাঁর আবেদনমতো কিস্তিতে কিস্তিতে টাকাটা পাঠান। এবং শেষ কিস্তির পাঁচ শ টাকা তিনি নিজ হাতে নিয়ে লোকটিকে দেখার জন্য সরাসরি উপস্থিত হন তাঁর বাড়িতে। মাস্টারকে তিনি সামনাসামনি দেখে এবং ঈশ্বরের প্রতি তাঁর অটুট আস্থা ও ভক্তির নজির পেয়ে অভিভূত হন পোস্টমাস্টার। তারপর শেষে সহকারী পোস্টমাস্টার তৌকীর দেখতে পান, যে মেয়ের ফরম পূরণের জন্য মাস্টার ঈশ্বরকে চিঠি লিখেছেন, সে তাঁরই বাগ্‌দত্তা প্রেমিকা ফারহানা মিলি। এই হলো সংক্ষেপে নাটকের গল্প।

 এক কথায় বলব নাটকটি অসাধারণ ও অভিনব। গল্পে যেমন ছিল অভিনবত্ব, তেমনি প্রতিটি দৃশ্যে ছিল নাটকীয়তা। সেট ও লোকেশন দুটিই ছিল গল্পের সঙ্গে মানানসই। সংলাপ, অভিনয় ও পরিচালনা, সবই ছিল বাস্তবানুগ ও উপভোগ্য। অভিনেতা-অভিনেত্রী সবাই তাঁদের চরিত্র অনুযায়ী সুন্দর অভিনয় করেছেন। বিশেষ করে মাস্টার চরিত্রে আবুল হায়াতের অভিনয় ছিল অনবদ্য।

 তবে এরপরও ছোটখাটো দু-একটি বিষয় আমাদের কাছে বিসদৃশ মনে হয়েছে। যেমন গ্রাম দেশে একই এলাকার অধিবাসী হয়েও সহকারী পোস্টমাস্টারের প্রেমিকার পিতা স্কুলমাস্টারকে না চেনা। কিংবা অভিনেত্রী ফারহানা মিলির এইচএসসি পরীক্ষার্থী হওয়া এবং তৌকীর আহমেদ তাঁর প্রেমিক হওয়াটা বেমানান মনে হয়েছে।

আরটিভিতে ৯ জুন রাত ১০টায় প্রচারিত হলো প্রেমময় ম্রিয়মাণ। রচনা ও পরিচালনা বদরুল আনাম সৌদ। নাটকের গল্পটি সংক্ষেপে, সুবর্ণা ও ফজলুর রহমান বাবুর দাম্পত্য জীবনের টানাপোড়েন। ফজলুর রহমান স্ত্রীর প্রতি সম্পূর্ণ সমর্পিত। স্ত্রী সুবর্ণা প্রতি মুহূর্তে তাঁকে ছেড়ে যাওয়া ও ডিভোর্স দেওয়ার হুমকির ওপর রাখেন। তবু কোনো সময় স্ত্রীর প্রতি তিনি রুষ্ট বা বিরক্ত হন না। এমনকি পদে পদে নির্যাতনের শিকার হয়েও তিনি থাকেন স্ত্রীর একান্ত অনুগত। এরপর প্রেক্ষাপট হঠাৎ বদলে যায় সিডনি থেকে মেয়ে সাবা ও জামাই আফরান তাঁদের বাসায় এলে। মা-বাবার সামনেই হরহামেশা মেয়ে সাবা জামাই আফরানের প্রতি সুবর্ণার অনুরূপ আচরণ করতে থাকে। সুবর্ণা প্রথমে থমকে যান। তারপর একসময় জামাইয়ের প্রতি মেয়ের এ অসৌজন্য ও নির্যাতনের প্রতিবাদ জানান। তখন মেয়ে মা সুবর্ণাকে বলে বসে, সে তো তাঁর কাছ থেকেই এসব শিখেছে। বাবার প্রতি তাঁর আচরণ দেখেই তো তার এটি শেখা। এই প্রথম সুবর্ণা ধাক্কা খান এবং তারপর থেকে তিনি বদলে যেতে থাকেন। আর এখান থেকেই শুরু হয় তাঁদের স্বাভাবিক দাম্পত্য জীবন।

এখানেও গল্পের অভিনবত্ব ও নাটকীয়তা হয়েছে আকর্ষণীয়। সংলাপ এবং অভিনয় ছিল যথাযথ ও উপভোগ্য। অভিনয় সবারই ভালো ছিল। তবে ফজলুর রহমান বাবুর অভিনয় ও অভিব্যক্তি ছিল অসাধারণ এবং অনবদ্য। নাটকের একটি বিষয় দুর্বল ও বেমানান মনে হয়েছে তা হলো, স্বামীর প্রতি সুবর্ণার অসৌজন্য আচরণ ও নির্যাতনকে যৌক্তিক করে তোলার চেষ্টা। এটার কোনো প্রয়োজন ছিল না। এ ছাড়া নাটকের গল্প ও অভিনয় যেমন সরল এবং উপভোগ্য ছিল, নামকরণটি ছিল সে তুলনায় দুর্বোধ্য ও জটিল।

তারপরও বলব, অনেক দিন পর টেলিভিশন নাটকের অনেক হতাশা-সংকটের মাঝে একই দিনে এমন সুন্দর দুটি নাটক দেখার সুযোগ হলো। এ যেন রবীন্দ্রনাথের ‘হঠাৎ আলোর ঝলকানি’র মতোই। আর এ সুযোগ করে দেওয়ার জন্য এনটিভি ও আরটিভিকে জানাই আন্তরিক ধন্যবাদ।