হঠাৎ করেই সাব্বিরের বিয়ে
‘কথা ছিল গতকাল শুক্রবার আমার আংটি বদলের অনুষ্ঠানটি করা হবে। কিন্তু এর মাঝেই উভয় পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয় বিয়ের অনুষ্ঠানের। সবার সিদ্ধান্তে অনেকটা হঠাৎ করেই বিয়ের কাজটি সেরে ফেলতে হয়েছে।’ বিয়ের প্রসঙ্গে এভাবেই প্রথম আলো ডটকমকে নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০০৬’ প্রতিযোগিতার কণ্ঠশিল্পী সাব্বির।গতকাল শুক্রবার চট্টগ্রামের খুলশিতে সাব্বিরের আকদ অনুষ্ঠিত হয়েছে। কনে রেহানা আক্তার। চট্টগ্রামের ইউআইটিএসের বিবিএ শেষ বর্ষের ছাত্রী। চার বোনের মধ্যে তিনিই সবার ছোট। প্রথম আলো ডটকমকে সাব্বির বলেন, ‘ছয়-সাত মাস হলো রেহানার সঙ্গে আমার পরিচয়। এরপর সবকিছুই পারিবারিকভাবে এগোতে থাকে। পারিবারিক পছন্দ আর নিজের পছন্দ এক হওয়াতে আনন্দটা একটু বেশিই বলতে পারেন। সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন।’সাব্বির আরও বলেন, ‘তাড়াহুড়োর কারণে সবাইকে বিয়ের ব্যাপারটি জানানো হয়নি। ইচ্ছে আছে আগামী অক্টোবরে সবাইকে নিয়ে একটি অনুষ্ঠান করার।’ উল্লেখ্য, ক্লোজআপ তারকা খ্যাত সাব্বিরের সর্বশেষ একক ‘ভালোবাসা ব্যক্তিগত’ এ বছরের ফেব্রুয়ারিতে বাজারে এসেছে। এ ছাড়া সাব্বির বর্তমানে বিভিন্ন টেলিভিশনের সরাসরি গানের অনুষ্ঠান এবং স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।