দু মাস পর এফডিসি যেন প্রাণ ফিরে পেয়েছে। তবে এর আয়ু কত দিন? কেউ জানে না। জানবে কী করে, সিনেমাই তো হয় না। সিনেমা হবে কেমন করে? সিনেমা যে ব্যবসা করে না।এমনি প্রশ্ন আর উত্তর চলে এফডিসির পরিচালক ও প্রযোজকদের মধ্যে। শিল্পীদের পদচারণা তো নেই বললেই চলে এফডিসিতে।গত সোমবার এফডিসিতে গিয়ে দেখা গেল চার নম্বর ফ্লোরের মেকআপ রুমে ঢাকা টু মুম্বাই ছবির শুটিংয়ে জন্য রূপসজ্জায় ব্যস্ত শাকিব খান ও সাহারা। পরিচালক উত্তম আকাশ বললেন, ‘আগামী মাসে আমরা মুম্বাই যাব। সেখানে তিনটি জায়গায় শুটিং করা হলেই ছবির কাজ শেষ হয়ে যাবে।’ছবির নাম ঢাকা টু মুম্বাই কেন?‘সহজ উত্তর, দুই জায়গার গল্প নিয়ে ছবিটি করা হচ্ছে, তাই এ ছবির নাম দেওয়া হয়েছে ঢাকা টু মুম্বাই।’সাহারা পরিচালককে বললেন, ‘আমার মেকআপ নেওয়া শেষ।’ পরিচালক শিল্পীদের নিয়ে গেলেন ম্যানিন চায়নিজ রেস্টুরেন্টে। শাকিব বললেন, ‘আমি আসছি।’ পরিচালক বেরিয়ে গেলেন। শাকিব মুঠোফোনে বিভিন্ন পরিচালককে ফোন করে নতুন ছবির বিষয়ে খোঁজখবর নিতে লাগলেন। কথা শেষ করে বললেন, তিনি ওমরা হজ পালনের সিদ্ধান্ত নিয়েছেন। রমজান মাসে ওমরা করতে সৌদি আরবে যাবেন।শাকিব শুটিংয়ে বেরিয়ে গেলেন। এফডিসির ৭ নম্বর ফ্লোরে গিয়ে দেখা গেল অনেক মানুষের ভিড়। একাধিক পরিচালক এসেছেন সেখানে। জায়েদ খান ও কেয়া একটি নাচের দৃশ্যে শুটিং করছেন। পরিচালক রাজু চৌধুরী বললেন, ‘এফডিসিতে দুটি ফ্লোরে শুটিং ইউনিট আছে, এটা আমাদের জন্য এখন অনেক বড় খবর। এফডিসিতে অনেক দিন পরে বোধ হয় এমন অবস্থা দেখলাম। এত দিন তো শুধু বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান আর ম্যাগাজিন অনুষ্ঠানের শুটিং হতো। এখন মনে হচ্ছে আবার নতুন করে বিনিয়োগকারীরা আসছেন চলচ্চিত্রে।’