হঠাৎ ফেরদৌস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা বলেন, ‘এত পরিশ্রম করার দরকার নেই বাবা।’ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর পাস করেছে ছেলে। স্বাভাবিকভাবেই মায়ের ইচ্ছা, ছেলে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে নয়টা-পাঁচটা চাকরি করবে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কাজ করবে না। আবার এই ছেলেকে নিয়েই যখন অন্যরা প্রশংসা করে, মায়ের বুক ভরে ওঠে। মেয়ে নুজহাতেরও একই হাল। সবে চার বছর পূর্ণ হলো। অথচ এখনই বাবাকে স্যুটকেস গোছাতে দেখলে মেয়ে নীরব হয়ে যায়। ছোট্ট মুখ দিয়ে বলে বসে, ‘না গেলে হয় না বাবা?’ কিংবা কলকাতায় বাবাকে ফোন করে বলে, ‘তোমাকে খুব মিস করছি বাবা। তাড়াতাড়ি চলে এসো।’ এই আবদারের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। নুজহাত বোঝে, তার বাবা কাজ করছে। পয়লা বৈশাখে বাবার সঙ্গে বেড়াতে গিয়েছিল। সেখানে সবাই বাবার কাছে অটোগ্রাফ চাইতে এসেছিল। ছবি তুলতে এসেছিল। নুজহাত এতটুকু ভয় পায়নি। উল্টো গর্বের হাসি মুখে ঝুলিয়ে বাবাকে জাপটে ধরে রেখেছিল। সেই মুহূর্ত অনুভব করে বন্ধুদের কাছে গল্প করেছে—তার বাবা ফেরদৌস। জনপ্রিয় নায়ক।২.ওয়েস্টিন হোটেলের সুইমিংপুলে বসে কথা হচ্ছে। হঠাৎ এক ভক্তের আগমন, ‘আপনি ফেরদৌস ভাই না? আপনার হঠাৎ বৃষ্টি অনেকবার দেখেছি।’ ভক্তের প্রস্থানের পর পরিস্থিতি একটাই প্রশ্ন দাবি করে, সবকিছু ছেড়ে ফেরদৌস এত দূরে চলে গেলেন কেন? ঢাকার ছেলে কলকাতায় ব্যস্ত কেন? মৃদু হাসেন ফেরদৌস। পরক্ষণেই পাল্টা প্রশ্ন ছোড়েন, ‘কেউ কি শখ করে ভিনদেশে পাড়ি জমায়? খুব হাঁপিয়ে উঠেছিলাম একই ধরনের গল্প, একই ধরনের চরিত্রে কাজ করতে করতে। ঠিকই কষ্ট করে কাজ করতাম, কিন্তু ফলাফল শূন্য। ছবি হিট হলে কৃতিত্ব চলে যেত নির্মাতার ঝুলিতে; ফ্লপ হলে পুরোটাই আমার দোষ। কলকাতায় তখন ভালো প্রস্তাব পেয়েছিলাম। ওদের অনেকেই যত্ন নিয়ে কাজ করে। তাই ওখানে ব্যস্ত হয়েছি। ভালো কাজ হলে যেকোনো দেশে, যেকোনো ভাষার ছবিতে কাজ করতে চাই।’ দুই বাংলা সামাল দিতে গিয়ে ঘর সামলান কী করে? ‘খুব সহজ। আমি এবং আমার স্ত্রী মেয়ের স্কুল ছুটির সময়গুলোতে ওকে সঙ্গ দেওয়ার চেষ্টা করি। দেশে থাকলে শুক্র, শনিবার কাজ না রাখার চেষ্টা করি। ইচ্ছা থাকলেই উপায় হয়।’ কিন্তু এই যে কলকাতা-ঢাকা ছোটাছুটি, ক্লান্ত লাগে না? ‘এতটুকুও না।’—ফেরদৌসের স্বতঃস্ফূর্ত উত্তর, ‘আমি আমার কাজকে ভালোবাসি। ভালোবেসে কাজ করলে ক্লান্ত হওয়ার প্রশ্নই আসে না। জীবন তো একটাই। আর এই এক জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। আমিও আমার প্রতিটি সময় উপভোগ করার চেষ্টা করি। কাজ না থাকলে রান্না করি। চীনা খাবার, মসলা কম দিয়ে স্বাস্থ্যসম্মত খাবার খুব ভালো পারি। বলতে পারেন, রান্না করা আমার বিনোদন।’৩.এক যুগের অভিনয়জীবন। অর্জনের পাল্লা বেশ ভারীই হবে। কিন্তু ফেরদৌসের কণ্ঠে বিনয়ের সুর, ‘অর্জন একটাই, আমি এখন কিছুটা হলেও অভিনয় শিখতে পেরেছি। কোন সংলাপটা কীভাবে বলতে হবে, বুঝতে পারি। দর্শকদের ভালোবাসা পাওয়াটা একজন মানুষ হিসেবে আমার জন্য বড় আশীর্বাদ। আব্বা মৃত্যুর আগে আমার জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেখে যেতে পেরেছিলেন, এটাও বড় প্রাপ্তি। ব্যক্তিজীবনে অবশ্য আমার বড় অর্জন, আমার মেয়ে নুজহাত ফেরদৌস। আমার মেয়ের ভালোবাসার কাছে পৃথিবীর সবকিছু তুচ্ছ হয়ে যায়। আমি এখন যে কাজই করি না কেন, মেয়ের কথা সব সময় মাথায় রাখি। মেয়ে কষ্ট পাবে, এমন কোনো কাজ করি না।’ গুজব-গুঞ্জন থেকে নিজেকে বাঁচিয়ে চলেন কী করে? রহস্য কী? স্মিত হেসে ফেরদৌসের উত্তর, ‘যা রটে তার কিছু হলেও ঘটে। আমি “কিছু”টাই ঘটার সুযোগ দিই না। আমি সব সময় বিশ্বাস করেছি, বিয়ে কিংবা প্রেম ছাড়াও মেয়েদের সঙ্গে অন্য একটা সম্পর্ক গড়া যায়; সেটা বন্ধুত্বের। মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমা প্রত্যেকেই আমার ভালো বন্ধু। এই বন্ধুরা আমাকে যেকোনো সুখে-দুঃখে মনে করেন। আমিও তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।’৪.এক কাপ চা নিয়ে ফেরদৌস প্রযোজকের খাতায়ও নাম লেখালেন। অভিনয় থেকে প্রযোজনা। পরিচালনা নয় কেন? ‘চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে ভালো চাকরি করতে পারতাম। বিমান চালনা শিখেছিলাম। সেখানেও যেতে পারতাম। কিন্তু বুকের ভেতর চলচ্চিত্রকেই ঠাঁই দিয়েছি। একটা সময় চলচ্চিত্রকে ভালোবেসেও ফেলেছি। চলচ্চিত্রের প্রতি ভালোবাসা থেকেই প্রযোজনায় আসা। আমার প্রযোজনা সংস্থা সিনেমাস্কোপ থেকে গত কয়েক বছরে বেশ কিছু ভালো খণ্ড ও ধারাবাহিক নাটক তৈরি হয়েছে। সেই অনুপ্রেরণা থেকেই ছবির কাজ করছি। পরিচালনাও করব, তবে আরও দু-তিন বছর পর। লন্ডন, আমেরিকা থেকে ফিল্ম কোর্স করে এসে ভালোভাবেই পরিচালনায় আসব।’ এক কাপ চা-এর বিশেষত্ব কী? ‘এক কাপ চা হবে হালকা চালের রোমান্টিক-কমেডি ছবি। খুবই সাধারণ একটি গল্প। সংলাপগুলো সাধারণ। তবে আমাদের চেষ্টাটা থাকবে অসাধারণ। আমি ও পরিচালক নঈম ইমতিয়াজ সর্বোচ্চ চেষ্টা করব দর্শকদের বিনোদিত করার। আমি সত্যিই ভাগ্যবান, আমার মাথার ওপর সব সময় যার প্রচ্ছন্ন ছায়া পেয়েছি, সেই বাসু চ্যাটার্জী আমাকে চিত্রনাট্য দিয়েছেন। ৪০ বছরের কর্মজীবনে তিনি কখনো কাউকে চিত্রনাট্য দেননি, আমাকে দিয়েছেন। তার এই আশীর্বাদের মূল্য আমি রাখব।’ কথার মধ্যে এবার বেজে ওঠে ফোন, ‘বাবা, তুমি কখন আসবে? জরুরি কথা আছে।’ উঠে পড়েন ফেরদৌস, ‘নুজহাত ম্যাডাম তলব করেছেন। শুনে আসি, তিনি কী বলেন।’