বছর দুয়েক হলো মঞ্চের কোনো নাটকে অভিনয় করতে দেখা যায়নি মাজনুন মিজানকে। ঢাকা থিয়েটারের হয়ে দলের নতুন নাটক হিসেবে বনপাংশুল ও প্রাচ্য নাটকে শেষ অভিনয়। সময়টা ২০০৯ সাল। এর মধ্যে থিয়েটারপাড়ায় তাঁর নিয়মিত আসা-যাওয়াও নেই। হঠাৎ সেদিন নাটকপাড়ায় দেখা মেলে তাঁর। আবার থিয়েটারে ফেরার সময় হলো কি না, এমন প্রশ্ন করতেই তিনি বললেন, ‘নাটকপাড়ায় নিয়মিত না এলেও দলের কার্যক্রমগুলোতে নিয়মিতই আসা হয়। মঞ্চে নাটক করছি না ঠিক আছে, তবে নিয়মিত থিয়েটারকর্মী হিসেবে নিজেকে মনে করি।’ দীর্ঘদিন আপনাকে মঞ্চে দেখা যাচ্ছে না। কারণ কী? ‘ঢাকা থিয়েটারের বেশ কটি নতুন নাটকে কাজ করা হয়নি। এখন নতুন নাটকে অভিনয় করতে গেলে প্রায় তিন মাস নিয়মিত সময় দিতে হয়। যেহেতু আমার পেশা টেলিভিশনে অভিনয়, তাই পেশার কাজটি আটকে যাবে। আর দুটি কাজ একসঙ্গে করতে গেলে কোনোটিই ভালোভাবে করা যাবে না। এ জন্য মঞ্চে অভিনয় থেকে সাময়িক দূরে আছি। তবে আস্তে আস্তে নিজেকে গুছিয়ে আনছি। আশা করছি, শিগগিরই নিয়মিত মঞ্চে ফিরতে পারব।’ বলছিলেন মিজান।১৯৯৬ সালে মার্চেন্ট অব ভেনিস নাটকে অভিনয় করার মধ্য দিয়ে ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত হন মাজনুন মিজান। ঢাকা থিয়েটারের আরও নাটক একাত্তরের পালা, যৈবতি কন্যার মন নাটকে বিকল্প চরিত্রে কাজ করেছেন তিনি।