হঠাৎ শুটিংয়ের ডাক

হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছিল ‘রক্ত’ ছবির শুটিং। নিশ্চিত করা হয়, ঈদুল আজহায় এ ছবি আর মুক্তি দেওয়া হবে না। কক্সবাজার থেকে পুরো ইউনিট ফিরে আসে ঢাকায়। মুঠোফোনের খুদে বার্তায় ছবির নায়িকা পরীমনিকে জানানো হয় ‘শুটিং বন্ধ’। আজ বার্তা নয়, হঠাৎ করে শুটিংয়ের ডাক পান তিনি।
বন্ধ হয়ে যাওয়া ‘রক্ত’ ছবির শুটিং আবার কবে শুরু হবে, সেটা জানানো হয়নি পরীমনিকে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রধান আবদুল আজিজ জানিয়েছিলেন, যথাসময়ে শুটিং শেষ না হলে ঈদে ছবিটি মুক্তি দেওয়া যাবে না। ফলে তাড়াহুড়া করে শুটিং করতে চাননি তাঁরা। শুটিং বন্ধের কারণ জানতে চাইলে আক্ষেপ নিয়ে তিনি বলেছিলেন, ‘একজন শিল্পীর যদি দায়িত্ববোধের অভাব হয়, তাহলে তাঁকে নিয়ে সুন্দরভাবে কাজ করা সমস্যা। সে কারণেই শুটিং বন্ধ করে দিয়েছি।’
শুটিং বন্ধ হওয়ার পর থেকে প্রযোজনা সংস্থা ও নায়িকা পরীমনির মধ্যে স্নায়ুযুদ্ধের খবর ছড়িয়ে পড়েছিল সিনেমা অঙ্গনে। কিন্তু হঠাৎ করেই বদলে গেল চিত্র। আজ সন্ধ্যা থেকে শুরু হলো শুটিং। স্পট—প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়।
পরীমনির সঙ্গে যোগাযোগ করা হলে মুঠোফোনে তিনি বলেন, ‘শুটিং করছি, আর কিছু জানি না। শুটিংয়ে ডাকল, এসে শুরু করলাম। কত দিন হবে তা–ও জানি না।’ পরিচালক ওয়াজেদ আলী জানান, ‘হুট করেই শুরু করা হলো। যে দিনই হোক, কাজটা তো শেষ করতে হবে।’ ঈদে ‘রক্ত’ মুক্তি পাচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো বলা যাচ্ছে না। আগে কাজ শেষ করি। একটি গানসহ বেশ কিছু দৃশ্য বাকি। সব শেষ হতে সপ্তাহ খানেক লাগবে।’
আকস্মিকভাবে শুরু হওয়া শুটিংয়ে অংশ নেন নায়িকা পরীমনি, অভিনেতা নাদের চৌধুরী ও নবাগত নায়ক রোশান।