হঠাৎ সিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিয়াম ছবি: কবির হেসেন
সিয়াম ছবি: কবির হেসেন

‘অভিনয় নিয়ে আমার অনেক ভাবনা। এর জন্য বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছি। শুধু ছোট পর্দায় নয়, বড় পর্দায়ও কাজ করব।’ বললেন সিয়াম আহমেদ। ছোট পর্দায় এ সময়ের যে কজন ছেলেমেয়ে ভালো কাজ করছেন, তাঁদের মধ্যে অন্যতম সিয়াম। নাটক, বিজ্ঞাপন, উপস্থাপনা—সব মাধ্যমেই তাঁর বিচরণ। এসব নিয়েই কথা হবে তাঁর সঙ্গে।
৫ সেপ্টেম্বর বিকেলে প্রথম আলো কার্যালয়ে আলাপের শুরুতেই তিনি জানালেন আগামী ঈদের কাজগুলোর কথা, ‘ঈদে পাঁচটি নাটকে কাজ করেছি। নাটকগুলো হলো শাহ মোহাম্মদ রাকিবের পোয়েট্রি অব সোলস, আসাদুর রহমানের রক্তকমল, রায়হান খানের সুপারস্টার, স্বাধীন শাহিনের ডার্লিং ও মেহেদী হাসানের কাকতাড়ুয়ার প্রেম। আপাতত ঈদের জন্য আর কোনো কাজ করব না।’
কেন? সিয়াম বললেন, ‘আমি এমনিতেই বিশেষ দিন ছাড়া এক ঘণ্টার নাটকে তেমন কাজ করি না। তাও আবার বেছে বেছে।’
এখন দুটি ধারাবাহিক নাটকের কাজ করছেন সিয়াম। একটি মাবরুর রশীদ বান্নাহর নাইন অ্যান্ড এ হাফ। এখন দেশ টিভিতে দেখানো হচ্ছে নাটকটি। অন্যটি রায়হান খানের সুপারস্টার। ঈদের পর থেকে নাটকটি দেখানো হবে মাছরাঙা টিভিতে।
সিয়াম উপস্থাপনাও করছেন। আরটিভির লেট নাইট কফি অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তিনি। সিয়াম বলেন, ‘উপস্থাপনার কাজ আমি উপভোগ করি। কিন্তু কাজটা খুব চ্যালেঞ্জিং।’
নাটক ও উপস্থাপনায় নিজের জায়গা তৈরি হলেও সিয়াম দর্শকের সামনে এসেছেন বিজ্ঞাপন দিয়ে। সিয়াম বললেন, ‘আমার শুরুটা কিন্তু বিজ্ঞাপন দিয়েই। আর শুরুটা হয়েছে একেবারে কাকতালীয়ভাবে। কোনো দিন ভাবিনি যে মিডিয়াতে কাজ করব।’
সিয়াম জানান, সময়টা ছিল ২০১২ সাল। সিটিসেলের এই পণ্যের বিজ্ঞাপনের ফটোশুটে বন্ধুর সঙ্গে গিয়েছিলেন তিনি। বন্ধুর ছবি তোলা হচ্ছে। বাইরে অপেক্ষা করছেন সিয়াম। বিজ্ঞাপনের পরিচালক তাঁকে ডেকে পাঠান। এরপর ঘটনা সিয়ামের মুখ থেকেই শুনি, ‘পরিচালক আমার কয়েকটি ছবি তুললেন। প্রথমে রাজি ছিলাম না। পরে তুলে ফেললাম।’
এরপরের ঘটনা আরও মজার। সিয়াম বলেন, ‘পরদিন ওই পরিচালক আমাকে ফোনে বলেন, প্রথম আলো পত্রিকা দেখেন। পত্রিকা হাতে নিয়ে অবাক, প্রথম পাতার পুরো অর্ধেকজুড়েই বিজ্ঞাপনে আমার ছবি!’
এরপর পত্রিকার পাতা থেকে বিজ্ঞাপনচিত্রে। কিছুদিনের মধ্যেই আদনান আল রাজীবের পরিচালনায় ভালোবাসা দিবসে এয়ারটেলের বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন তিনি। সিয়াম বলেন, ‘শ খানেক ছেলের মধ্য থেকে চূড়ান্ত করা হয় আমাকে। এ পর্যন্ত যতগুলো কাজ করেছি, সবচেয়ে বেশি সাড়া পেয়েছি এই বিজ্ঞাপন থেকে।’
আর থামতে হয়নি সিয়ামকে। এরপর এ পর্যন্ত ২০টি পণ্যের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন।
অভিনয় কবে শুরু হলো? সিয়াম বলেন, ‘২০১৪-এর শুরুর দিকে পরিচালক রেদওয়ান রনির অফিস থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। ভালোবাসা দিবসের নাটক ভালোবাসা ১০১ নাটকে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয় আমাকে। এক ধরনের কৌতূহল থেকেই অভিনয়ে রাজি হয়ে যাই।’
ওই বছর ভালোবাসা দিবসে ভালোবাসা ১০১ নাটকটি দেখানো হয় এনটিভিতে। সিয়াম বলেন, ‘নাটকটি প্রচারের পর মনে হলো আমার জীবন পাল্টে গেল। ক্রমেই আমার নাটকের সংখ্যা বাড়তে থাকে।’
এখন অভিনয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন সিয়াম। তাঁর ভাষায়, ‘এখানে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ আছে।’
মা-বাবার একমাত্র ছেলে সিয়াম। পড়াশোনায় মেধাবী। মা-বাবার ইচ্ছায় ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিভাগে ভর্তি হন। কিন্তু পরের বছর ভর্তি হন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এখান থেকে সম্প্রতি আইন বিষয়ে স্নাতক করেছেন। সামনে যুক্তরাজ্যে যাবেন বার অ্যাট ল পড়তে।