হতাশা কাটাতে যুক্তরাষ্ট্রে
‘দুই মেয়ে তো দুটি ক্লাস ঘরে বসেই পার করে দিল। করোনার কারণে কোথাও বেড়াতে যাওয়ারও সুযোগ ছিল না। ঘর আর অনলাইন ক্লাস। ভীষণ হতাশ হয়ে পড়ছিল ওরা। আর ওদের কথা কী বলব, আমাকেই তো একঘেয়েমিতে পেয়ে বসছিল। হতাশা আর একঘেয়েমি থেকে মুক্তি পেতে ওদের নিয়ে বেড়াতে চলে এলাম,’ যুক্তরাষ্ট্রের হিউস্টন থেকে জানালেন ফেরদৌস। কয়েক দিন আগেই সপরিবার যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। ফিরবেন জুলাইয়ের প্রথম সপ্তাহে।
করোনার মধ্যেও শুটিং করতে তা–ও টুকটাক ঘরের বাইরে গেছেন ফেরদৌস, দুই মেয়ের সেই সুযোগও ছিল না। তাই তো বাবার কাছে নুযহাত আর নামিরার আবদার ছিল, সুযোগ পেলেই সবাই মিলে কোথাও যেন বেড়াতে যায়। সময়-সুযোগ মিলে যাওয়াতে স্ত্রী বৈমানিক স্ত্রী তানিয়া আহমেদ ও দুই কন্যাকে নিয়ে উড়াল দিলেন যুক্তরাষ্ট্রে। হিউস্টনে প্রথম কয়েক দিন শ্যালিকার বাড়িতে অতিথি ছিলেন। এরপর বাফেলোতে নিজের বোনের বাসায়ও কয়েকটি দিন বেড়ানোর কথা। পাশাপাশি ঘুরবেন যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি অঙ্গরাজ্যে।
চলচ্চিত্রের শুটিং আর প্রয়োজনীয় কাজ ছাড়া করোনায় বাকিটা সময় ঘরবন্দী ছিলেন ফেরদৌস। মেয়েদের সঙ্গে সময় কাটাতেন। আর সন্ধ্যায় প্রতিদিন বাড়ির পাশের পার্কে নিয়ম করে ঘণ্টা দুয়েক হাঁটাহাঁটি করতেন। তাঁর মতে, এভাবে তো জীবন চলতে পারে না। সন্তানদের মতো তিনিও হাঁপিয়ে ওঠেন। ফেরদৌস বলেন, ‘নিজেকে রিচার্জ করতেই এই বেড়ানো। সুন্দর সময় কাটিয়ে আবার পুরোদস্তুর কাজে মনোযোগী হব।’
ঢাকা ছাড়ার আগে চারটি ছবিতে কাজ করছিলেন ফেরদৌস। আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’, হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ আর নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘গাঙচিল’ ও ‘জ্যাম’।