
কথা শেষ করে উঠতে যাব, তখনই স্বগতোক্তির মতো করে বললেন ইফফাত তৃষা। ‘আমি আসলে ফলোয়ার বাড়াতে চাই না। অভিনেত্রী হিসেবে সবার প্রশংসার পাত্র হতে চাই।’
বেশ কিছুক্ষণ ধরে কথা হচ্ছিল তৃষার সঙ্গে। বেশ গুছিয়ে কথা বলেন। সেসব শুনে হাতের খাতা-কলম গোছাতে যাওয়ার মুখে এই বাক্য দুটি বললেন তিনি। কথা শুনে আবার বসতে হলো তৃষার মুখোমুখি। যাঁরা এখনো তৃষাকে চিনতে পারেননি, তাঁদের জন্য বলা, গত বছরের ব্যবসাসফল জনপ্রিয় ছবি আয়নাবাজিতে অভিনয় করেছেন তিনি। যে মেয়েটিকে কেন্দ্র করে লুৎফর রহমান জর্জকে জেলে যেতে হয়, সেই মেয়েটি তৃষা। আয়নাবাজিতে অভিনয়ের আগে-পরে বেশ কিছু নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন। সবশেষ ঈদে প্রচারিত বিকেল বেলার পাখি নাটকে প্রাণবন্ত অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের।
বিকেল বেলার পাখির সেই পরিবারের মতো মধ্যবিত্ত পরিবারে জন্ম তৃষার। যে পরিবারই শুধু নয়, আত্মীয়স্বজনের কেউ-ই মিডিয়ার সঙ্গে যুক্ত নন। বাবা ব্যবসায়ী, মা গৃহিণী, একমাত্র বড় ভাই চাকরিজীবী।
এমন পরিবারে জন্ম নিয়ে আলো ঝলমলে জগতে কী করে এলেন তৃষা? এবার নড়েচড়ে বসে শুরুর গল্পটা শুরু করেন। চুপিচুপি ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় নাম লিখিয়ে ছিলেন তিনি। মুঠোফোন নম্বরের জায়গায় দিয়ে এসেছিলেন মায়ের নম্বর। সেখান থেকে ফোন করে কথা বলেছিল মায়ের সঙ্গেই। বড় কিছু হতে না পরলে শুধু শুধু আগেই বলে লাভ কী? সত্যি বেশি দূর যেতে পারেননি তৃষা। ঝরে পড়েছিলেন অডিশন রাউন্ড থেকেই।
এই ঝরে পড়াই যেন দ্বিগুণ উৎসাহ হয়ে ফেরত এল তাঁর কাছে। ভেতরে-ভেতরে নিজেকে তৈরি করতে লাগলেন। ওই সময় থেকেই মিডিয়ায় কাজ করার আগ্রহের কথা বলেছেন দু-চারজনের কাছে। সেভাবেই প্রথম কাজের সুযোগ পান হাসান মোরশেদ পরিচালিত হাটাবাবা রিটার্নসনাটকে। তারপর ধীরে ধীরে ফেয়ার অ্যান্ড লাভলী, গ্রামীণফোন, প্রাণসহ বেশ কিছু ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেছেন।
হুট করে কেউ তৃষাকে কাজ দিয়েছেন এমন নয়। বললেন, ‘প্রতিটি কাজের জন্য আমাকে স্ক্রিন টেস্ট, অডিশন, মৌখিক পরীক্ষা দিতে হয়েছে। আয়নাবাজিতে একইভাবে অভিনয়ের সুযোগ মিলেছে।’
কথা প্রসঙ্গে আয়নাবাজিতে অভিনয় করার প্রথম দিনের ঘটনাটাও বললেন। ‘অমিতাভ রেজার সামনে অভিনয়। ভয়ে হাত-পা কুঁকড়ে আছে। কয়েকজন সহকারী পরিচালক আমাকে দৃশ্যটা বুঝিয়ে দিয়ে গেলেন। কিন্তু আমার মাথায় কিছুই ঢুকল না। ক্যামেরার সামনে দাঁড়ানোর ডাক এল। তখনই প্রথম অমিতাভ রেজার মুখোমুখি হলাম। তিনি বলেন, ‘তুমি কি দৃশ্যটা বুঝেছ? আমি মাথা নাড়লাম। বললেন, “তুমি যা বুঝেছ, তাই করো।” আমি আমার মতো করে করলাম। শেষ করে দেখি পরিচালক হাসছেন। বুঝলাম যা করেছি ভালোই করেছি।’
অনেকক্ষণ কথা বলে থামেন তৃষা। জানতে চাই, এই যে আপনার মতো করেই প্রাণবন্ত অভিনয় করেন, এটা কী করে রপ্ত করলেন? উত্তর দেওয়ার আগে তৃষা জানালেন, তাঁর দুর্ভাগ্য, কোথাও অভিনয় শিখতে পারেননি। দেখে দেখে শিখেছেন। তবে ছোটবেলা থেকে আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করতেন।
বললেন, ‘কেন জানি অভিনয়ের সঙ্গে আমার একটা প্রেম হয়ে গেছে। তাই চরিত্রটা বুঝে নিয়ে নিজের মতো করে ডেলিভারি দিই। পরিচালক খুশি হন।’
কথা শেষ করার আগে আগে জানালেন নিজের স্বপ্নের কথা। বললেন, ‘আমি আসলে আলাদা করে কারও অভিনয় ফলো করি না। কারণ, একজনকে ফলো করলে তাঁর মতো হয়ে যাবে অভিনয়। আমি আসলে ইফফাত তৃষাই হতে চাই। এ কারণে নিজের মতো করার চেষ্টা করি। আমার সবচেয়ে প্রাপ্তি আমাকে নাকি একেক চরিত্রে একেক রকম লাগে। আমার কাছে সেটা ভালো না লাগলেও পরিচালকেরা বলেন, এটাই নাকি আমার অভিনয়ের অন্যতম প্লাস পয়েন্ট।’