হবিগঞ্জে শিল্পকলা একাডেমির সম্মাননা পেলেন ২০ শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে শিল্প-সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদান রাখায় ২০ গুণীকে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে গত সোমবার সম্মাননা পদক প্রদান করা হয়।

গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।

হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. সফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সাংসদ মোহাম্মদ আবদুল মুনিম চৌধুরী, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুল মালেক, অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামসুর রহমান ভূঁইয়া ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমেদ।

স্বাগত বক্তব্য দেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত। শুভেচ্ছা বক্তব্য দেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জের সাধারণ সম্পাদক অনিরুদ্ধ কুমার ধর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রুমি প্রমুখ।

কণ্ঠসংগীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা, আবৃত্তি, যন্ত্রসংগীত, যাত্রাশিল্প, ফটোগ্রাফি ও লোকসংস্কৃতিতে অবদানের জন্য জেলার ২০ জন গুণী শিল্পীকে এই পদক প্রদান করা হয়।

পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ২০১৩ সালে কণ্ঠসংগীতে সুদর্শন ভট্টাচার্য, নৃত্যকলায় মুকিদ চৌধুরী, চারুকলায় মো. আলাউদ্দিন আহমেদ, নাট্যকলায় সুব্রত কুমার চক্রবর্তী, লোকসংস্কৃতিতে মো. শাহজাহান বিশ্বাস, ২০১৪ সালে কণ্ঠসংগীতে স্বদেশ দাশ, নৃত্যকলায় নাসরিন আরা খানম চৌধুরী, ফটোগ্রাফিতে বুলবুল রায়, নাট্যকলায় পুণ্যব্রত চৌধুরী, যাত্রাশিল্পে মো. আজগর আলী, ২০১৫ সালে কণ্ঠসংগীতে সিদ্ধার্থ বিশ্বাস, নৃত্যকলায় বিউটি সাহা, নাট্যকলায় জাহাঙ্গীর চৌধুরী, যাত্রাশিল্পে সুনীল চন্দ্র দাশ, লোকসংস্কৃতিতে এম এ রব এবং ২০১৬ সালে কণ্ঠসংগীতে মো. জালাল সিদ্দিকী, নৃত্যকলায় দেবলীনা দাশগুপ্ত, নাট্যকলায় দেওয়ান মিনহাজ গাজী, যন্ত্রসংগীতে সীতেশ রঞ্জন চৌধুরী ও লোকসংস্কৃতিতে জাহান আরা খাতুন।

পদক পাওয়া শিল্পীদের প্রত্যেককে একটি করে উত্তরীয়, সনদ, পদক এবং ১০ হাজার টাকার সম্মাননা চেক প্রদান করা হয়। পদক প্রদান অনুষ্ঠান শেষে শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।