হবিগঞ্জে শিশু নাট্যোৎসব
হবিগঞ্জে গতকাল মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমীতে দিনভর অনুষ্ঠিত হলো শিশু নাট্যোৎসব। প্রতিযোগিতাভিত্তিক এ উৎসবে জেলার সাতটি শিশু নাট্যদল অংশ নেয়।জেলা শিশু একাডেমী আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল ওয়াদুদ। উৎসবে অংশ নেওয়া শিশু নাট্যদলগুলো হলো: সুন্দরম নাট্যদল, প্রতীক থিয়েটার, শায়েস্তাগঞ্জ লিটল থিয়েটার, বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইওনিয়ার চিলড্রেন থিয়েটার, বাহুবল আনন্দ নিকেতন ও জেগে উঠো নাট্যদল। সকাল থেকে বিকেল পর্যন্ত এ প্রতিযোগিতা চলে। এতে নাট্যদলগুলো উপস্থাপন করে তাদের বিভিন্ন নাটক। বিপুলসংখ্যক দর্শক শিশুদের নাটকগুলো উপভোগ করেন। প্রতিযোগিতায় প্রথম হয় প্রতীক থিয়েটার, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে সুন্দরম ও শায়েস্তাগঞ্জ লিটল থিয়েটার। প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে সনদ ও ক্রেস্ট তুলে দেন। এ ছাড়া অংশ নেওয়া প্রতিটি দলকে তিন হাজার টাকা করে অনুদান দেওয়া হয় শিশু একাডেমীর পক্ষ থেকে। হবিগঞ্জ জেলা শিশুবিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান জানান, এই প্রথম হবিগঞ্জে এ শিশু নাট্যোৎসবের আয়োজন করা হয়। এতে জেলার আটটির মধ্যে সাতটি উপজেলার নাট্যদলগুলো অংশ নেয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে এ উৎসব পরিচালিত হয়।