হরতাল বিড়ম্বনায় শাকিব খান

হরতালের মধ্যেও শুটিংয়ে যেতে হয়েছে বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানকে। আর এ জন্য তাঁকে বাহন হিসেবে বেছে নিতে হয়েছে রোগী আনা-নেয়ার বাহন অ্যাম্বুলেন্সকে। সম্প্রতি গুলশানের বাসা থেকে অ্যাম্বুলেন্সে চড়েই এফডিসিতে বদিউল আলম খোকন পরিচালিত নতুন একটি ছবির শুটিংয়ে অংশ নিতে গিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে শাকিব বলেন, ‘হরতাল কিংবা অবরোধ যাই হোক না কেন, তার জন্য তো আর শুটিং থেমে থাকবে না। তাই পূর্ববর্তী শিডিউল অনুযায়ী অভিনয়শিল্পীদের ঠিকই শুটিং স্পটে হাজির হতে হয়। যদি শুটিং স্পটে হাজির হওয়া সম্ভব না হয়, তাহলে প্রযোজককে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। আর পরিচালককে নতুন করে আবার শুটিং শিডিউল বানাতে হয়। এতে করে তৈরি হয় দীর্ঘসূত্রিতা। পরিচালক ও প্রযোজকদের কথা চিন্তা করে তারকারা কষ্ট করে হলেও শুটিং স্পটে পৌঁছার চেষ্টা করেন।’
শাকিব খান এও বলেন, ‘অ্যাম্বুলেন্সে চড়ে শুটিং স্পটে যাওয়ার ব্যাপারটি এবারই প্রথম নয়। এর আগেও কয়েকবার ছবির শুটিংয়ে অংশ নিতে অ্যাম্বুলেন্সযোগে যেতে হয়েছে আমাকে।’
শাকিব আরও বলেন, ‘একটি ছবির শুটিংয়ের আয়োজনের ক্ষেত্রটা অনেক বিশাল। অনেক কিছুর আয়োজন করতে হয়। কিন্তু একবার কোনো কারণে শুটিং বাতিল হলে পরবর্তী সময়ে শিডিউল মেলানোটা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই সঠিক সময়ে কাজটা করে ফেলতে পারলে ভালো হয়। সেই চিন্তা থেকে অ্যাম্বুলেন্স চড়ে হলেও শুটিং স্পটে পৌঁছে পরিচালককে দেওয়া কথা অনুযায়ী শুটিং শেষ করার চেষ্টা করি। এতে সবাই উপকৃত হয় বলে আমার বিশ্বাস।’
এদিকে খুব শিগগির শাকিব খান তাঁর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছবি নির্মাণ শুরু করতে যাচ্ছেন। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিতব্য এই ছবিতে দুজন নায়িকা অভিনয় করবেন। তাঁরা হলেন অপু বিশ্বাস ও ববি।