হরতাল শেষে সরব সাংস্কৃতিক অঙ্গন
হরতাল শেষে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন গতকাল রোববার শেষ বিকেলে সরব হয়ে ওঠে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবনে কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মজয়ন্তী উপলক্ষে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী উৎসব। একই উপলক্ষে স্টুডিও থিয়েটারে ছিল আবৃত্তিসন্ধ্যা। শিল্পকলার জাতীয় নাট্যশালায় ৩ জুন শুরু হওয়া জাতীয় নাট্যোৎসবের কার্যক্রমেও কোনো ছন্দপতন ঘটেনি। একই চিত্র দেখা গেছে সোহরাওয়ার্দী উদ্যানের সোনার বাংলা সাংস্কৃতিক বলয়ের মুক্তমঞ্চে বাংলাদেশ পথনাট্য পরিষদ আয়োজিত পথনাট্যোৎসবে। শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ২ জুন শুরু হওয়া সার্কাস প্রদর্শনীও ছিল স্বাভাবিক। সব অনুষ্ঠানেই দর্শকের উপস্থিতি ছিল স্বাভাবিক। নজরুল উৎসবে নৃত্য-গীত ‘তোরা সব জয়ধ্বনি কর’ গানটি সম্মেলক কণ্ঠে পরিবেশন করে উৎসব কার্যক্রম শুরু করেন আয়োজক সংগঠন নজরুল সংগীত শিল্পী পরিষদের সদস্যরা। গতকাল রোববার সন্ধ্যায় শিল্পকলার সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন নজরুল সংগীত শিল্পী পরিষদের সভাপতি ফেরদৌসী রহমান। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুজিত মোস্তফা।উৎসবের প্রথম দিন ছিল নজরুলের আবৃত্তি, সংগীত, বেহালাবাদন ও নৃত্য পরিবেশনা। সংগীত পরিবেশন করেন নাশিদ কামাল, মুর্শিদ জাহান, শাহীনা পারভীন, সুরুপা ধর, নন্দিতা দত্ত, নাদিয়া ফেরদৌস প্রমুখ। শিল্পীরা ‘সাঁঝের পাখিরা ফিরিল কূলায়’, ‘মেঘবিহীন খর বৈশাখ’, ‘ঐ নন্দন নন্দিনী দুহিতা’, ‘হে চিরচেনা সুন্দর বিশ্ব চরাচর’, ‘পরদেশী মেঘ যাও রে ফিরে’, ‘তুমি বেণুকা বাজাও কার নাম লয়ে শ্যাম’, ‘অরুণ রাঙা গোলাপকলি’, ‘হে অশান্ত মোর এসো এসো’, ‘আমার অহংকারের মূল’ প্রভৃতি গান গেয়ে শোনান। এ ছাড়া বেহালায় নজরুলের বিভিন্ন গানের সুর বাজিয়ে শোনান আলাউদ্দীন মিয়া। কবিতা আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। নৃত্য পরিবেশন করেন ওয়ার্দা রিহাব। আজকের উৎসব কার্যক্রম শুরু হবে বিকেল পাঁচটায়।আবৃত্তিসন্ধ্যায় নজরুল ‘দাও শৌর্য দাও ধৈর্য/ হে উদার নাথ/ দাও দাও প্রাণ/ দাও অমৃত মৃতজনে/ দাও ভিত চিত জনে শক্তি অপরিমাণ...’ কথাগুলো কাজী নজরুল ইসলামের ‘হে সর্বশক্তিমান’ কবিতার। গতকাল রোববার বৃন্দ আবৃত্তির মাধ্যমে শুরু হয় ‘যে বাঁশি রুদ্রবীণা’ শীর্ষক আবৃত্তিসন্ধ্যা। আবৃত্তি করেন স্বরচিত্রের শিল্পীরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে নজরুলের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আবৃত্তিসন্ধ্যার আয়োজন করে স্বরচিত্র।অনুষ্ঠানে নজরুলের প্রায় ২৫টি কবিতার বৃন্দ ও একক আবৃত্তি পরিবেশন করা হয়। কবিতাগুলোর মধ্যে মানুষ, কার বাঁশি বাজিলো, ফাল্গুনী, প্রলয়োল্লাস, গানের আড়াল, শেষ প্রার্থনা, আজ সৃষ্টি সুখের উল্লাসে, নারী, সাম্যবাদী, কাণ্ডারী হুঁশিয়ার ও অভিভাষণ অন্যতম। মাহিদুল ইসলামের নির্দেশনায় এসব আবৃত্তিতে অংশ নেন নাফিজা তামান্না, ফারজানা আক্তার, নুসরাত রাইসা, মাশরুফা রেহনুমা, প্রিয়াঙ্কা আচার্য, নাজমুন নাহার, সুজাত শিমুল, ডালিয়া দাস প্রমুখ। আলোকচিত্রে মানুষ ও সমুদ্রমানুষ ও সমুদ্রের মধ্যকার সম্পর্ককে বিষয় করে ২৪ জন আলোকচিত্রী ক্যামেরাবন্দী করেছেন ৬৪টি দৃশ্য। এসব আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে ধানমন্ডির গ্যালারি দৃকে। প্রদর্শনীর শিরোনাম ‘বে অব বেঙ্গল ইন ফোকাস ১’। বিশ্ব পরিবেশ ও মহাসমুদ্র দিসব উপলক্ষে প্রদর্শনীটির আয়োজন করে সেইফটি এসিসেটন্স ফর ইমারজেন্সিস (সেইফ)।গতকাল রোববার বিকেলে চার দিনব্যাপী এই চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন প্রকৃতিবিদ রেজা খান। বিশেষ অতিথি ছিলেন প্রকৃতিবিজ্ঞানী আনিসুজ্জামান খান। প্রদর্শনী চলবে ৮ জুন পর্যন্ত। গ্যালারি খোলা থাকবে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।