হরিশ্চন্দ্র ও বঙ্গবন্ধুকে নিয়ে যাত্রাপালা
আকাশে ঝড় উঠেছে, মেঘ ডাকছে। বিদ্যুৎ চমকাচ্ছে, বাইরে কেউ পা দিতে পারছে না—এমনি দুর্যোগের রাতে বারানসির শ্মশানে মুখোমুখি দুটি ছায়ামূর্তি। একজন ঘাটের ঘাটোয়ান, অন্যজন এসেছেন তাঁর মৃত শিশুপুত্রকে দাহ করতে। শ্মশান খরচ দেওয়ার সামর্থ্য নেই তাঁর। ঘাটোয়ান ফিরিয়ে দিচ্ছেন। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাল—সঙ্গে সঙ্গে পট গেল পাল্টে। যারা এতক্ষণ বাদানুবাদ করছিল, তারা হঠাৎই নিশ্চুপ। কিছুক্ষণের মধ্যেই দুজনের চোখে নামল অশ্রুর বন্যা। এরা একজন হরিশ্চন্দ্র, অন্যজন শৈবা। স্বামী-স্ত্রী। রাজা হরিশ্চন্দ্র পালার কাহিনি সংক্ষেপ এমনই। (ঠাকুর রামকৃষ্ণের ১৭৫তম জন্মবার্ষিকীতে) রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের উদ্যোগে স্বামীবাগে পালাটি মঞ্চস্থ করে ঢাকার লোকনাট্য গোষ্ঠী। এ পালার নারী চরিত্রে পুরুষেরাই অভিনয় করেন। প্রধান চরিত্র হরিশ্চন্দ্র তাপস সরকার ও শৈবা চরিত্রে সিরাজুল ইসলামের হূদয়কাড়া অভিনয়-নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে। কম যায়নি শিশুশিল্পী প্রীতম। শৈবা-হরিশ্চন্দ্রের শিশুপুত্র রোহিত চরিত্রে অনবদ্য অভিনয় করে সে। পালার নির্দেশনা দিয়েছেন মিলন কান্তি দে। রচনা কালিপদ দাসের। মিলন কান্তির নির্দেশনায় ঢাকায় আরও একটি পালা মঞ্চস্থ হয়েছে। বাংলার মহানায়ক নামে। এটি বঙ্গবন্ধুর সংগ্রামী রাজনৈতিক জীবনের ওপর রচিত পালা। জাতীয় নাট্যশালায় বাংলার মহানায়কের মঞ্চায়ন দেখতে সাধারণ দর্শকের সঙ্গে নাট্যব্যক্তিত্বদেরও দেখা যায়। এটি ছিল দ্বিতীয় প্রদর্শনী। বাংলাদেশ কালচারাল ফোরামের উদ্যোগে এবং দেশ অপেরার পরিবেশনায় বাংলার মহানায়ক-এর প্রথম মঞ্চায়ন হয় গত বছরের ১৭ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের অস্থায়ী বিজয় মঞ্চের মেলায়। এ এইচ খানের ‘ফাদার অব দ্য নেশন’ অবলম্বনে পালাটি রচনা করেছেন মিলন কান্তি দে। দেশ অপেরার দ্বিতীয় প্রদর্শনীতে বঙ্গবন্ধুর চরিত্রে সুলতান সেলিমসহ আর যাঁরা অভিনয় করেছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য তাপস সরকার, বাবু মুখার্জি, আবদুর রহিম, মনিরা, মঞ্জুরুল আলম, সুদর্শন চক্রবর্তী, বজলুর রশিদ, মোবারক, রেখা রানী, লাকী চৌধুরী, দীপক বণিক, সজীব, ডালিম প্রমুখ। দেশ অপেরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। যখন যা প্রয়োজন, তখন তা-ই মঞ্চে আনছে। অতিথি বাদ্যকর, ভাড়া করা মেকআপ ও পোশাক সবই আছে দেশ অপেরার। সময়মতো ব্যবস্থাপকের পদও পরিবর্তন করা হচ্ছে। মোটকথা, দেশ অপেরা টিকে থাকার স্বার্থে যাত্রার নীতিধর্ম পাল্টাতেও দ্বিধা করছে না। বঙ্গবন্ধুর জীবনভিত্তিক পালাতে কিছুটা সমন্বয়হীনতা লক্ষ্য করা গেলেও লেখক-নির্দেশকের আন্তরিকতার ফলে সুচারু দক্ষতায় তা সাধারণ দর্শকের নজরে আসেনি। পালার অভিনেতা-অভিনেত্রী পেশাদার হলে দর্শক আরও তৃপ্তি পেত। জানা গেছে, কুশীলবের সিংহভাগ অপেশাদার।