কণ্ঠশিল্পী কোনাল গিয়েছিলেন মালয়েশিয়ায়। সেখানেই দেখা হলো বিখ্যাত ভারতীয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী হরিহরণের সঙ্গে। ‘আনন্দ’-এর জন্য কোনাল লিখেছেন এই লেখা
হরিহরণের সঙ্গে...

৭ জুন, শুক্রবার। কুয়ালালামপুরের পুত্রা স্টেডিয়াম। এখানে প্রস্তুতি চলছে বাংলাদেশসহ দক্ষিণ ও পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের স্যাটেলাইট চ্যানেলের আনুষ্ঠানিক সম্প্রচার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের। নানা মানুষের ভিড়। এর মধ্যে হঠাৎ কে যেন বললেন, ‘হরিজি’ মঞ্চের পেছনে আছেন। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিলাম না, তাই আবার জিজ্ঞেস করলাম, হরিজি মানে; রোজা, ‘তু হি রে’সহ অনেক সুরেলা গানের খ্যাতিমান গায়ক হরিহরণ? উত্তর এল, অবশ্যই, তিনি ছাড়া আর কে!
একসময় তাঁর পা ছুঁয়ে সালাম করলাম আমি। বললাম, ‘আমি বাংলাদেশ থেকে এসেছি।’
হরিজির মুখে একগাল হাসি। মাথায় আশীর্বাদের হাত বুলিয়ে বললেন, ‘মা জি, বসো’। এর মধ্যে এই সংগীত জাদুকরের সঙ্গে আমি মেতে উঠেছি কথায়। কথায় কথায় সময় হয়ে গেল হোটেলে ফেরার। পরদিন আবার হরিহরণ ও তাঁর স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ আলাপ।
হরিজির ঘরে ঢুকতেই দেখি, রেয়াজ করছেন তিনি। চুপচাপ চোখ বন্ধ করে রেয়াজ শুনছি পদ্মশ্রী হরিহরণের। স্বপ্নের মতো অনুভূতি!
‘গলা খোলার জন্য একটু রেয়াজ করছি।’ বললেন তিনি। ‘আর আমি শিখছি।’—চোখ খুলে বললাম আমি।
এরপর তাঁর কাছে আমার বিনীত জিজ্ঞাসার পালা। যেহেতু তাঁকে ভারতীয় ফিউশন সংগীতের জনক বলা হয়, তাই জানতে চাইলাম ‘ফিউশন মিউজিক কাকে বলে?’
‘কোনো এক ধারার সঙ্গে অন্য এক বা একাধিক ধারার সঠিক মিশ্রণে যে নতুন ধারা তৈরি হয়, সেটাই ফিউশন। তবে লক্ষ রাখতে হবে, যেন প্রাথমিক দুই ধারা এখানে একেবারেই অদৃশ্য হয়ে যায়। আলাদা আলাদা করে কোনোভাবেই যেন বোঝা না যায় আগের ধারাগুলো।’
এরপর হাতে-কলমে শিক্ষা। আমায় শোনালেন একটি মিউজিক পিচ। শেষে বললেন, এটা হলো ‘ইন্ডিয়ান ইলেকট্রনিকা’। এখানে ফিউশন হয়েছে ক্ল্যাসিক্যাল, ট্রান্স ও ইলেকট্রা। ফলে তৈরি হয়েছে ফিউশননির্ভর নতুন ধারা ‘ইন্ডিয়ান ইলেকট্রনিকা’।
অবাক হয়ে তাঁর কথা শুনছি। বললাম, আপনি তো চলচ্চিত্রেও অভিনয় করেছেন...
‘করেছি তো। তামিল আর মারাঠি ছবিতে। আর সম্প্রতি একটি হিন্দি ছবির শুটিং শেষ করলাম,সাদি কি বাদ সাইড ইফেকটস। ছবিটিতে আমি ফারহান আকতারের বাবার চরিত্রে অভিনয় করেছি। মজার অভিজ্ঞতা।’
তাহলে কি আমরা আপনাকে ভবিষ্যতে অভিনেতা হিসেবেও পাব?
এবার হরিজির মুখে মৃদু হাসি, ‘অনেক আগে থেকেই তো অভিনয় করছি। আমার মিউজিক ভিডিওগুলো তো সব এক একটা সিনেমাই। তাই অভিনয় করা নিয়ে সমস্যা নেই আমার। ’
বাংলা গানও গেয়েছেন আপনি...
কথা শেষ করতে না দিয়ে হরিজি এবার বললেন, ‘একসময় গেয়েছিলাম। কিন্তু আর গাইতে দেয় না আমার সহধর্মিণী। আমার বাংলা উচ্চারণ নাকি বাংলার ধারে-কাছেও থাকে না। অন্য ভাষা মনে হয়!’
এ সময় পাশে থাকা তাঁর বাঙালি স্ত্রী চিৎকার করে উঠলেন। আর উচ্চস্বরে হেসে উঠলাম আমরা তিনজন।
কথায় কথায় উঠে এল এখনকার গান আর আগেকার গানের প্রসঙ্গ।
আগের দিনের গানগুলো আমরা এখনো রিমিক্স করি। নতুন করে সংগীতায়োজন করি। কিন্তু আমাদের এখনকার গানগুলো আগামী দশ বছর পর শোনা হবে কি না মাঝেমধ্যে সন্দেহ হয়।
আমার এ কথার প্রতিক্রিয়ায় তিনি বললেন, ‘এখন সবাই খুব অস্থির। সবকিছুতে একটা প্রতিযোগিতা। বাণিজ্যিক মনোভাবটা আমাদের মধ্যে বেশি মাত্রায় ভর করেছে। আর আগেকার দিনের গানের বাণীগুলো খেয়াল করেছ? অমর বাণী—মেরা জুতা হ্যায় জাপানি গানটা শুনেছ না? কী স্বাভাবিক সুর, কী অসাধারণ বাণী! যে গানের বাণী মজবুত, সে গান অমর হয়ে থাকে।’
এতক্ষণে হরিজি প্রশ্ন করলেন আমাকে, তুমি তো রিয়ালিটি শোর মাধ্যমে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেছ? আমি মাথা নাড়লাম—‘হ্যাঁ।’
তিনি আবার বললেন, ‘রিয়ালিটি শো-কে অনেকে অনেকভাবে দেখেন। কিন্তু আমি মনে করি, এগুলো দেশের শ্রোতাদের শিক্ষিত করে তুলছে। এটা ভালো দিক। তবে শুধু ওই এসএমএসের নির্মম খেলাটা না থাকলে, শোগুলো থেকে আরও অনেক ভালো কিছু পাওয়া যেত।’
হরিহরণকে এখন শেষ কথাটি বলতে হবে। তাঁকে বললাম, একটা কর্মশালা, যার মাধ্যমে শিখতে পারবেন তরুণ শিল্পীরা; এমন কিছু করলে আপনি কি ঢাকায় আসবেন?
‘কেন নয়! নিশ্চয়ই আসব। একদিন অনুষ্ঠান, আর পরদিন করালাম কর্মশালা —এভাবেই তো হতে পারে।’