
হিন্দি থেকে শিলংয়ের আঞ্চলিক ভাষার গান, রবীন্দ্রসংগীত থেকে বাংলা লোকসংগীত, পশ্চিমা বনিএম থেকে চেন্নাইয়ের কোলাবেরি ডি—বাদ যায়নি কিছুই। ঘণ্টা দুয়েক রকমারি গানে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়াম ভরা শ্রোতাদের মাতিয়ে রাখলেন ভারতের জনপ্রিয় গানের গল শিলং চেম্বার কয়্যারের শিল্পীরা।
গতকাল শুক্রবার ছুটির দিনে ঈদের পরের উৎসব হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল ঢাকার ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। সন্ধ্যা ছয়টায় শ্রোতাদের জন্য স্টেডিয়ামের দরজা খোলা হয়েছিল। সাড়ে ছয়টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। লম্বা লাইন পড়েছিল দরজায়। তাই শ্রোতাদের প্রবেশের সুযোগ দিতে অনুষ্ঠান শুরু করা হয় আধা ঘণ্টা পরে। কোনো আলোচনাপর্ব নেই। শিলং চেম্বার কয়্যারের শিল্পীরা মঞ্চে এলেন সাতটায়। দলের প্রধান নীল নংকিনরি শ্রোতাদের শুভেচ্ছা জানালেন বাংলা, হিন্দি ও ইংরেজিতে। এরপর গানের পালা।
দলটি ২০১০ সালে ভারতের কালার টিভির রিয়েলিটি শো ‘ইন্ডিয়া’স গট ট্যালেন্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল যে গানটি গেয়ে, বলিউডের সিনেমার সেই গান ‘তু আশিক হ্যায়, তুহে আশমা’ দিয়ে শুরু হয় তাদের পরিবেশনা। এরপর শিলংয়ের আঞ্চলিক ভাষার একটি গান। এই গানে আনন্দ, উৎসব, সম্প্রীতির কথা তুলে ধরা হয়েছে। প্রতিটি গানের শুরুতে নীল গানের বিষয় ও প্রেক্ষাপট তুলে ধরেন। পরের গানটি বলিউডের বিখ্যাত সিনেমা শোলে-এর। গানটি তাঁরা পরিবেশন করেছিলেন ২০১০ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার সম্মানে ভারতের রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে। নীল জানালেন, ঢাকায় এই গান তাঁরা পরিবেশন করছেন বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব আরও নিবিড় হবে এই প্রত্যাশা নিয়ে। সম্মিলিত কণ্ঠে পরিবেশিত হয় ‘ইয়ে দোস্তি’। বাংলাদেশের শ্রোতাদেরও এটি বহু চেনা গান, চেনা সুর। কিন্তু এর পরিবেশনায় ছিল ভিন্ন মাত্রা, পশ্চিমা ধ্রপদি গানের আঙ্গিকে। শিল্পীরা ধীর লয়ের নৃত্যের ছন্দে শ্রোতাদের বিপুল হর্ষধ্বনির মধ্য দিয়ে গানটি পরিবেশন করেন। এরপর ছিল আরেকটি জনপ্রিয় হিন্দি সিনেমা রোজার গান ‘দিল হে ছোটাসা, ছোটিসি আশা’। পঞ্চমটি ছিল বাবাকে নিয়ে হিন্দি ও ইংরেজি—দুই ভাষায় একটি গান। ‘কাভি আর কাভি পার’, ‘চুরা লিয়া হে তুম নে জো দিল কো’ চলছিল ভালোই হিন্দি-ইংরেজি মিলিয়ে সমবেত কণ্ঠে। এরপর দলের মধ্য থেকে একটু সামনে এসে শিল্পী ডোনা যখন গাইলেন ‘বাঁশি শুনে আর কাজ নাই’, তখন পুরো স্টেডিয়াম ভরে ওঠে বাংলা গানে খানিকটা বিস্মিত শ্রোতাদের বিপুল করতালি আর হর্ষধ্বনিতে। তাঁদের আনন্দ আরও বাড়িয়ে দিলেন ডোনার সহশিল্পীরা ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গেয়ে।
এরপর বিরতি। দ্বিতীয় পর্ব শুরু হয় ‘বিহাইন্ড দ্য রিভার’ দিয়ে। ‘কোলাবেরি ডি’, ‘রা রা রাসপুটিন’সহ বিভিন্ন গান গেয়ে শোনান শিলং চেম্বার কয়্যারের শিল্পীরা।
ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের সংগীত দল ‘শিলং চেম্বার কয়্যার’-এর প্রতিষ্ঠা ২০০১ সালে। ভারতের বাইরেও দলটি পরিচিত হয়ে উঠেছে। দলের প্রধান নীল একাধারে দলের সংগীত পরিচালক ও প্রধান পিয়ানোবাদক। তিনি লন্ডনের ট্রিনিটি কলেজের গিল্ড হল স্কুল অব মিউজিক থেকে সংগীতশিক্ষা করেছেন। দলটির দ্বিতীয় অনুষ্ঠান হবে রোববার সিলেটে, সিলেট অডিটরিয়ামে।