হল থেকে হলে...
কসমেটিকসের দোকানে বিক্রয়কর্মীর কাজ করেন আঁখি। চাঁদরাত পর্যন্ত বেচাকেনার কাজ করে এখন পেয়েছেন লম্বা ছুটি। কিন্তু বাড়িতে যাওয়ার জন্য গাড়ির টিকিট পেতে দেরি হওয়ায় ঈদটা তাঁকে করতে হলো বৃষ্টিভেজা এই শহরে। ঈদের পরদিন দুপুরে আঁখি বৃষ্টি উপেক্ষা করে এসেছেন মধুমিতা হলে অগ্নি ২ দেখতে।
এবার ঈদে বৃষ্টি যাঁদের বেড়ানোর পরিকল্পনা পণ্ড করে দিয়েছে, তাঁরা নিশ্চিন্তে সিনেমা দেখে ঈদ উৎসব উদ্যাপন করেছেন।
হলে হলে ঘুরে দেখা গেল সব বয়সী আর সব শ্রেণিপেশার মানুষের ভিড়। তবে ঈদের তিন-চার দিন পর কমতে শুরু করে সেই ভিড়। তবে তাতে আর মাথা ঘামায়নি প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ।
রাজধানীর টিকাটুলীর অভিসার সিনেমা হলের ব্যবস্থাপক খায়রুল কবীর বলেন, ‘ব্যবসা ভালো ছিল এবার। আমাদের হলে ঈদের পর থেকে এখনো চলছে লাভ ম্যারেজ। হলের ধারণক্ষমতার ৭৫ শতাংশ দর্শক ছিল এবার।’
শহরের আরেক প্রান্তের সনি সিনেমা হলের চিত্রও অনেকটা একই রকম ছিল। প্রেক্ষাগৃহগুলো ঘুরে জানা গেছে, ঈদের পর থেকে প্রায় প্রতিদিনের ইভিনিং শো হাউসফুল হয়েছে। ম্যাটিনি শোয়েও দর্শক সমাগম ছিল সন্তোষজনক।
এবার ঈদে সারা দেশে মুক্তি পেয়েছে তিনটি ছবি—লাভ ম্যারেজ, অগ্নি ২ ও পদ্ম পাতার জল। এর মধ্যে ১২৩টি হলে মুক্তি পেয়েছে লাভ ম্যারেজ। অগ্নি ২ ১০৫টি আর পদ্ম পাতার জল ২৬টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।
বাংলাদেশ প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিঞা আলাউদ্দিন বলেন, অগ্নি ২ ও লাভ ম্যারেজ ভালো ব্যবসা করছে।
অন্যদিক শহরের মাল্টিপ্লেক্সগুলো থেকেও আসছে দর্শকের ইতিবাচক সাড়ার খবর। বলাকা সিনেওয়ার্ল্ড, স্টার সিনেপ্লেক্স, শ্যামলী ও ব্লকবাস্টার সিনেমাসে ঈদের বাংলা ছবি দেখতে দর্শকের ভিড় ছিল। ব্লকবাস্টার সিনেমাসে ঈদের তিনটি ছবির সঙ্গে ইমপ্রেস টেলিফিল্মের দুই ছবি নদীজন এবং আমি ও আইসক্রিমওয়ালা মুক্তি পায়। তবে সেখান থেকে জানানো হয়, এখানে পদ্ম পাতার জল ছবি দেখতে দর্শকের ভিড় ছিল উল্লেখ করার মতো। অগ্নি ২ ছবিটিও সেখানে আশানুরূপ ব্যবসা করেছে।