হলভাড়া বাড়ানোর প্রতিবাদে প্রতিবাদী পথনাট্য উৎসব
‘চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর হলভাড়া প্রায় ছয় গুণ বাড়িয়ে দেওয়ার অর্থই হলো এখানে প্রগতিশীল নাট্যচর্চা ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে সহযোগী নাট্য সংগঠনগুলোর কণ্ঠ স্তব্ধ করে দেওয়া। এতে প্রকারান্তরে প্রতিক্রিয়াশীল, ধর্মান্ধ, মৌলবাদী ও স্বাধীনতাবিরোধী চক্রই উত্সাহিত হবে।’ বলছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী। ২৯ ডিসেম্বর চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে ভাড়া বাড়ানোর প্রতিবাদে প্রতিবাদী পথনাট্য উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত ‘নাটক বন্ধের ষড়যন্ত্র, রুখে দাঁড়াও নাট্যজন’ শীর্ষক এ প্রতিবাদী পথনাট্য উত্সবে প্রধান অতিথি ছিলেন ঝুনা চৌধুরী। তিনি নাট্যকর্মীদের সঙ্গে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে শিল্পকলা একাডেমীর মিলনায়তনের ন্যূনতম ভাড়া নির্ধারণের দাবি জানান। চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি আলোক মাহমুদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সুচরিত দাশ খোকন, সাবেক সদস্য ম. সাইফুল আলম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক মোসলেম উদ্দিন সিকদার, কার্যকরী সদস্য সাইফুল আলম, নাট্যকার প্রদীপ দেওয়ানজী, প্রবীণ নাট্যকর্মী জাহাঙ্গীর কবির প্রমুখ।ঝুনা চৌধুরী জানান, প্রায় আড়াই বছর সংস্কারের নামে চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তন বন্ধ রাখার পর গত মাসে তা নাট্য ও সংস্কৃতিচর্চার জন্য উন্মুক্ত করা হয়। কিন্তু অযৌক্তিকভাবে হলভাড়া নির্ধারণ করায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রগতিশীল নাট্যচর্চা বন্ধ হওয়ার উপক্রম হয়। এর প্রতিবাদে চট্টগ্রামের নাট্যকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। উত্সবে নাটক পরিবেশন করে গণায়ন নাট্য সম্প্রদায়, কথক থিয়েটার ও তির্যক নাট্যগোষ্ঠী।