হলিউড
রেডরবার্ট স্কয়ান্টের পরিচালনায় রেড মূলত অ্যাকশনধর্মী ছবি; সঙ্গে আছে কমেডির মিশেল। ব্রুস উইলিস আছেন ছবিতে। সুতরাং কিছুটা তো চমক থাকতেই হবে। ফ্র্যাঙ্ক মসের আদর্শ জীবনে হঠাৎ করেই উটকো ঝড়ের মতো এক ঘটনা মসের জীবন পাল্টে দেয়। এক সন্ত্রাসীর সঙ্গে ভারি মিল মসের চেহারার। ব্যস, পুলিশ পিছু নেয় মসের। এই সন্দেহ দূর করে মস কীভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করে, তা নিয়েই ছবির গল্প। ছবিতে ফ্র্যাঙ্ক মসের চরিত্রে আছেন ব্রুস উইলিস। সঙ্গে মর্গ্যান ফ্রিম্যান, কার্ল আরবান, ম্যারি লুসি পার্কার, জন ম্যালকোভিচ, হেলেন মিরেন প্রমুখ। হেলেন মিরেনের ভিক্টোরিয়া চরিত্রে মেরিল স্ট্রিপকে বিবেচনা করা হয়। তবে মেরিল স্ট্রিপ অতিরিক্ত পারিশ্রমিক দাবি করায় প্রযোজক হেলেনকে নিতে বাধ্য হন। টরন্টোয় ছবির শুটিংয়ের সময় পুলিশ অজস্র ফোন পায়, গোলাগুলির শব্দে নাকি নগরজীবনের ক্ষতি হচ্ছে। যদিও শুটিং ইউনিট অনুমতি নিয়েই শুটিং করছিল, তার পরও পুলিশের বাধার মুখে তড়িঘড়ি শুটিং শেষ করতে হয়। রেড মুক্তি পাবে আগামী ১৫ অক্টোবর। সূত্র: ওয়েবসাইট