হলিউড অভিনেত্রী সোনিয়া লোপেস ঢাকায়
হলিউডের অভিনেত্রী ও মডেল সোনিয়া লোপেস এখন ঢাকায়। ইন্টারন্যাশনাল ফিল্ম একাডেমির (আইএফএ) আমন্ত্রণে গতকাল সোমবার তিনি ঢাকায় এসেছেন। এখানে তিনি চলচ্চিত্র ও টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণের ওপর আন্তর্জাতিক মানের কর্মশালায় প্রশিক্ষণ দেবেন। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন হলিউডের পরিচালক ও প্রযোজক রোবেন এডগারডো, অভিনেত্রী ও মডেল সোনিয়া লোপেস, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান ও একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার নির্বাহী পরিচালক বিবেশ রায়। ১৭ ডিসেম্বর থেকে ‘ওয়ার্কশপ অন স্ক্রিন অ্যাক্টিং’ শিরোনামে তিন দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে রুশ বিজ্ঞান ও সংস্কৃতিকেন্দ্রে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মশালা পরিচালনা করছেন সোনিয়া লোপেস। সংবাদ সম্মেলনে ‘ওয়ার্কশপ অন স্ক্রিন অ্যাক্টিং’ কোর্সের বিভিন্ন দিক তুলে ধরে সোনিয়া লোপেস বলেন, ‘আমার খুব ভালো লাগছে বাংলাদেশে এসে। আমি মনে করি আন্তর্জাতিক মানের চলচ্চিত্র কিংবা টিভি মাধ্যমে কাজ করার জন্য “ওয়ার্কশপ অন স্ক্রিন অ্যাক্টিং” কোর্সটি খুবই দরকারি। তবে এ কোর্সটি যে শুধু অভিনয়শিল্পীরা করবেন, তা নয়। যে কেউ এ ধরনের কোর্স সম্পন্ন করে নিজেকে উন্নত করতে পারেন।’‘ওয়ার্কশপ অন স্ক্রিন অ্যাক্টিং’ কোর্সটির সঙ্গে আরও যুক্ত হয়েছে স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা। সংবাদ সম্মেলনে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান কোর্সটি ভালোভাবে সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।তিন দিনবাপী ‘ওয়ার্কশপ অন স্ক্রিন অ্যাক্টিং’ কোর্সটির ফি ধরা হয়েছে ১৫ হাজার টাকা।এই কোর্সে আগ্রহী ব্যক্তিদের যোগাযোগের ঠিকানা—ইন্টারন্যাশনাল ফিল্ম একাডেমি, রুশ বিজ্ঞান ও সংস্কৃতিকেন্দ্র, বাড়ি-৫১০, সড়ক-৭, ধানমন্ডি, ঢাকা। ফোন: ০১৭৩১৬৮৩৬৭৭, ০১৫৫২৫৭৫০২০।