হলিউড তারকাদের কুসংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার দিন ডিম খেতে বারণ। তাতে নাকি পরীক্ষা খারাপ হয়। এমন কুসংস্কারের সঙ্গে আপনি নিশ্চয়ই পরিচিত। কুসংস্কারের বাইরে নেই হলিউড তারকারাও। মামলাই ঠুকে দিয়েছিলেন। দুই টাকার কলমপেষা সাংবাদিক কিনা তাঁকে বলে অপয়া! রাগে গা জ্বলে গিয়েছিল জেসিকা সিম্পসনের। ওকে সাময়িকীর ওই প্রতিবেদনকে বলেছিলেন ‘নট ওকে’। ওই সাংবাদিকের ভিটায় ঘুঘু চরানোর হুমকিও দিয়ে বসেছিলেন রাগের মাথায় বাহ্যজ্ঞান হারিয়ে ফেলা এই গায়িকা-কাম-অভিনেত্রী।কিন্তু সাংবাদিকের দোষ কী! আমেরিকান ফুটবল দল ডালাস কাউবয়েজের কোয়ার্টারব্যাক টনি রোমোর সঙ্গে প্রেম করছিলেন সিম্পসন। ওদিকে মাঠে রোমোর সময়টাও যাচ্ছিল ভীষণ খারাপ। কাউবয়েজ-সমর্থকদের ধারণা হয়ে গেল, সব দোষ এই প্রেমের। এমনকি এই আলোচনায় যোগ দিয়েছিলেন তখনকার মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশও। সিম্পসন গ্যালারিতে থাকলেই যে কাউবয়েজের পরাজয় নিশ্চিত হয়ে যায়! এমনও শোনা গেল, রাহুগ্রস্ত রোমো নিজের ‘রোমিও’ পরিচয়টাই মুছে ফেলতে চাইছেন, ‘অপয়া’ সিম্পসনের সঙ্গে সম্পর্ক শেষ করতে যাচ্ছেন। সেই খবর ছাপানোতেই দোষ হয়ে গেল। অথচ সত্যি সত্যিই রোমোর সঙ্গে সিম্পসনের সম্পর্কের শেষ দেখে ফেলল সবাই।সিম্পসন কি সত্যিই অপয়া ছিলেন রোমোর জন্য? এই ‘ই’-যুগে এমন কথা বললে লোকে আপনাকে পাগল ঠাওরে বসবে। কিন্তু এও তো সত্যি, যুগটা যতই আধুনিক হোক, মঙ্গল-অমঙ্গলের বিচারে অনেক মানুষই বিশ্বাস করে কিছু সংস্কারে।হলিউডের তারকাদের অনেকেই কিন্তু বেশ খোলাখুলিই স্বীকার করে নিয়েছেন নিজেদের নানা সংস্কারের কথা। ক্যামেরন ডিয়াজের কথা ধরুন। যেখানেই যান, ডিয়াজের সঙ্গে আলাদা বাক্সপেটরায় সঙ্গী হয় তাঁর জন্য শুভ বিবেচিত হরেক জিনিস। একবার একটা সোনার নেকলেস পেয়েছিলেন। ডিয়াজের মনে হলো, নেকলেসটা তাঁর জন্য শুভ। অমনি সেই নেকলেস হয়ে গেল চিরসঙ্গী। এমনই অনেক জিনিস—পয়া প্রমাণিত হওয়া লিপস্টিক, রুমাল থেকে শুরু করে খেলনাটেলনাও নাকি সঙ্গে নিয়ে ঘোরেন ডিয়াজ। আরেকটা অভ্যাস আছে তাঁর—অপয়া ভূত তাড়াতে কাঠ ছুঁয়ে দেন! এই কাঠ ছোঁয়ার অভ্যাস আছে প্যারিস হিলটনেরও, ‘কেউ যদি অপয়া কিছু বলে ওঠে, আমি সঙ্গে সঙ্গে কাঠ ঠুকি, যেন সেটা না ঘটে।’ আরেকটা সংস্কার আছে তাঁর, ‘প্রতিদিন ঠিক ১১টা ১১ মিনিটে আমি একটা উইশ করি।’ জেনিফার অ্যানিস্টনের যাবতীয় কুসংস্কার ওড়াউড়িতে, মানে বিমানযাত্রার বেলায়। ‘বিমানে ওঠার সময় আমি অবশ্যই ডান পা আগে দিই। বিমানে বাইরে আলতো একটা টোকাও মারি। সব সময়ই এটা করে এসেছি সৌভাগ্যের জন্য।’ এক সাক্ষাৎকারে বলেছেন ফ্রেন্ডস তারকা। প্লেনে ওঠার ব্যাপারে সংস্কার মেনে চলেন মেগান ফক্সও। ট্রান্সফরমারস-নন্দিনী প্লেনে সব সময়ই ব্রিটনি স্পিয়ার্সের গান শোনেন। স্পিয়ার্সের গান শুনতে শুনতে তাঁর মৃত্যু হবে না—এটাই বিশ্বাস এই শিল্পীর। ব্রিটনি স্পিয়ার্স নিজেও কুসংস্কারে বিশ্বাসী। লেগে থাকা দুঃসময়কে ছেঁটে ফেলতে ব্রিটনি ছেঁটে ফেলেছিলেন নিজের মাথার চুল। তখন বিবাহবিচ্ছেদ, মুটিয়ে গিয়ে লতানো শরীরটাকে বেঢপ সাইজের বানিয়ে ফেলা, পাপারাজ্জিদের সঙ্গে গ্যাঞ্জামসহ হাজারটা ঝুটঝামেলায় ছিলেন। চুল ছেঁটে ফেলার পর সব ঠিকঠাক!মার্কিন টিভি তারকা স্টার জোনস নিজের টাকার ব্যাগটা কখনো মেঝেতে পড়তে দেন না। কারণ কী? তাঁর দাদিমা বলেছিলেন, টাকার ব্যাগ মাটিতে পড়ে গেলে নাকি আয়রোজগার কমে যায়। ‘গানস এন রোজেস’ তারকা অ্যাক্সল রোজের আবার আছে শহরভীতি। নামের প্রথম অক্ষর ‘এম’, এমন কোনো শহরে মরে গেলেও গাইতে রাজি হন না তিনি। ‘এম’ অক্ষরটাকে অভিশপ্ত মনে হয় তাঁর। রাচেল ভাইজ আবার সংস্কারের বেলায় পাদুকা-পুরাণের জন্ম দিয়েছেন, ‘আমি সব সময় কোন জুতোটা পরব, এ নিয়ে খুঁতখুঁতে থাকি। যদি ভুল জুতো পরি, সারাটা দিনই আমার খারাপ যায়।’ জেমস ম্যাকঅ্যাভয়ের সঙ্গে মাসের প্রথম দিন প্রথম যে ব্যক্তিটির দেখা হয়, শুরুতেই তিনি ‘হাই-হ্যালো’ করার বদলে তাঁকে সম্বোধন করেন ‘হোয়াইট র‌্যাবিট’ বলে। এটাই নাকি সারা মাসের জন্য বয়ে আনে সৌভাগ্য। শৈশবে দাদিমা শিখিয়েছিলেন। বেশভূষার মতো লেডি গাগার কুসংস্কারটাও কিম্ভুতকিমাকার। সেটা এতটাই অদ্ভুত, ‘আনন্দ’ পাতায় ছাপানোই সম্ভব নয়। ভদ্র পাঠকেরা শেষে গালমন্দ করে বসতে পারেন। তা ছাড়া ‘আনন্দ’ পাতাটা অনেক কম বয়সীরাও নাকি পড়ে! রাজীব হাসান সূত্র: ওয়েবসাইট