
ক্রিস্টোফার নোলান-ভক্তদের জন্য একটা সুখবর আছে, এবং আছে একটা ‘দুঃখবর’, মানে দুঃখের খবর আরকি। সুখবরটা হলো, প্রযোজকের খোলস ছুড়ে ফেলে আবারও পরিচালক হিসেবে আবির্ভূত হচ্ছেন নোলান। গত বছর নোলানের নামের পাশে দুটো ছবি ছিল বটে—ম্যান অব স্টিল আর ট্রান্সসেনডেন্স। কিন্তু দুটো ছবিতে আসলে নোলান কাজ করেছেন প্রযোজক হিসেবে। পরিচালক নোলানের সর্বশেষ ছবি ব্যাটসম্যান ট্রিলজির শেষ পর্ব দ্য ডার্ক নাইট রাইজেস মুক্তি পেয়েছিল ২০১২ সালের জুনে।
ব্যাটসম্যান সিরিজ তো ছিল। ফলোয়িং, মেমেন্টো, ইনসোমনিয়া, দ্য প্রেস্টিজ আর ইনসেপশন দেখে পরিচালক নোলানের ভক্ত বনে যাওয়াদের জন্য অপেক্ষাটা দীর্ঘ থেকে দীর্ঘতরই হয়েছে। অবশেষে সেই প্রতীক্ষার পালা ফুরোচ্ছে। আবার পরিচালক নোলানের দেখা মিলবে এ বছর। এটাই সুখবর। নোলান পরিচালিত নতুন ছবির নাম ইন্টারস্টেলার। তবে দুঃখের খবর হলো, সেই ছবির দেখা মিলতে মিলতে এই বছরটাও প্রায় ফুরিয়ে যাবে। ছবিটা যে মুক্তি পাবে সেই নভেম্বরে!
এ বছর মুক্তি পাবে আশির দশকের জনপ্রিয় ছবি রবোকপ-এর রিমেক। বাস ১৭৪, এলিট স্কোয়াড, দি এনিমি উইদিন-এর মতো বেশ কিছু দুর্দান্ত ছবি বানিয়ে আলোচনায় আসা ব্রাজিলীয় পরিচালক হোসে পাদিলহা নতুন করে বানিয়েছেন পল ভেরহোয়েভেনের আলোচিত এই ছবিটি। ছবির গল্পে দেখা যাবে ২০২৮ সালে সৎ ও ন্যায়পরায়ণ পুলিশকর্তা অ্যালেক্স মারফি দায়িত্ব পালনরত অবস্থায় গুরুতর আহত হয়ে মারা যায়। এরপর ওমনিকর্প নামের সংস্থাটি অর্ধেক মানুষ ও অর্ধেক রোবট নিয়ে তৈরি করে রবোকপ। ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ছবিটি।
এ বছর নতুন করে আসছে গডজিলাও। তেজষ্ক্রিয়তার ফলে তৈরি হওয়া গডজিলা নামের এক দানব মানবসভ্যতা ধ্বংসের নেশায় মাতবে। গ্যারেথ এডওয়ার্ডস পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী মে মাসে।
এ বছরের অন্যতম আলোচিত ছবি দ্য লেগো মুভি। অ্যানিমেটেড এই ছবিটি মুক্তি পাবে ফেব্রুয়ারিতে। অ্যানিমেশন-ভক্তদের জন্য আরেকটি সুখবর আছে। ২০১১ সালে মুক্তি পাওয়া রিওর সিক্যুয়েল মুক্তি পাচ্ছে এ বছর। রিও টুতে দেখা যাবে ব্লু আর জুয়েল তাদের তিন সন্তানকে নিয়ে অ্যামাজনের জঙ্গলে ফিরে আসে। এখানে এসে জুয়েল খুঁজে পাবে তার হারানো বাবাকে। কিন্তু জুয়েল আর ব্লুর পুরোনো শত্রু নাইজেলও ফিরে আসবে প্রতিশোধ নিতে। মার্চে মুক্তি পাবে ছবিটি। এ বছর মুক্তি পাচ্ছে আরেকটি অ্যানিমেশন ছবির সিক্যুয়েল। হাউ টু ট্রেইন ইওর ড্রাগন টু মুক্তি পাবে জুনে।
নিনজা টার্টেলস-ভক্তরাও এ বছর দেখতে পাবেন অ্যাকশন ছবি টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টেলস। মেগান ফক্স অভিনীত ছবিটি মুক্তি পাবে আগস্টে। স্পাইডারম্যান ভক্তদেরও হতাশ হওয়ার কিছু নেই। অ্যামেজিং স্পাইডারম্যান টু মুক্তি পাচ্ছে মে মাসে। মার্ক ওয়েব পরিচালিত এই ছবিতে স্পাইডারম্যানের ভূমিকায় আবার দেখা যাবে অ্যান্ড্রু গারফিল্ডকে। তাঁর প্রেমিকার চরিত্রে থাকছেন এমা স্টোন।
এক্স-মেন সিরিজের নতুন ছবি ডেজ অব ফিউচার পাস্ট মুক্তি পাচ্ছে মে মাসে। হিউ জ্যাকম্যান, হ্যালি বেরি, জেনিফার লরেন্সরা অভিনয় করেছেন এই ছবিতে। ট্রান্সফরমার্স সিরিজের চতুর্থ ছবি এজ অব এক্সটিংকশন মুক্তি পাবে জুনে। মেগান ফক্স এই সিরিজ থেকে সরে গিয়েছিলেন আগেই। এবার নায়কের চরিত্রেও দেখা যাবে নতুন মুখ মার্ক ওয়ালবার্গকে। পরিচালকের দায়িত্বে অবশ্য মাইকেল বেই থাকছেন। সুপার হিরোদের নিয়ে বানানো আরও কয়েকটি ছবি মুক্তি পাবে এ বছর। এর মধ্যে ক্যাপটেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার, গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি।
হাঙ্গার গেমস সিরিজের তৃতীয় ছবি মকিংজে পার্ট ওয়ান মুক্তি পাবে নভেম্বরে। ২০১১ সালে মার্কিন নির্বাচনের পেছনের রাজনীতি নিয়ে অসাধারণ একটি ছবি বানিয়েছিলেন জর্জ ক্লুনি। এ বছর ফেব্রুয়ারিতে মুক্তি পাবে তাঁর পরিচালিত নতুন ছবি দ্য মনুমেন্টস মেন। ছবিটিকে বলা হচ্ছে এ বছরের অন্যতম আলোচিত ছবিগুলোর একটি।
এ বছরের অন্যান্য আলোচিত ছবিগুলোর মধ্যে আছে রাইড অ্যালং, আই ফ্রাঙ্কেনস্টাইন, পম্পেই, থ্রি ডেজ টু কিল, ননস্টপ, ৩০০: রাইজ অব অ্যান এম্পায়ার, নিড ফর স্পিড, মাপেটস মোস্ট ওয়ান্টেড, নোয়া, স্যাবোটাজ, এজ অব টুমরো।
রাজীব হাসান
আইএমডিবি অবলম্বনে