হলিউড ২০২০ কাঙ্ক্ষিত ১০ ছবি
>২০২০ সালে হলিউডের সামনে অনেক চ্যালেঞ্জ। সিনেমা হলে দর্শক টেনে আনার জন্য নতুন নতুন অনেক পাঁয়তারা করতে হচ্ছে সিনেমার মানুষদের। কারণ স্ট্রিমিং সাইটের উত্থানের কারণে দর্শক আয়েশি হয়ে পড়েছে। তাই বড়সড় চমক নিয়ে ২০২০–এ রাজত্ব করতে চায় হলিউড। এ বছর যে ছবিগুলোর জন্য সবার অপেক্ষা, সেগুলো নিয়েই এই প্রতিবেদন।

ব্ল্যাক উইডো
নতুন বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত ছবির নাম বলতে গেলে সবার আগে আসবে ব্ল্যাক উইডোর কথা। অ্যাভেঞ্জার্স: এন্ডগেম–এ নাতাশা রোমানোফের মৃত্যুর পর থেকে এই ছবির জন্য অপেক্ষা করছে মাভেল ভক্তরা। স্কারলেট জোহানসন আবার পুরোনো চরিত্রে ফিরবেন এই ছবির মধ্য দিয়ে— এটা ভেবেই আনন্দে ভেসে যাচ্ছে সুপারহিরো সিনেমার দর্শকেরা। ছবিটি মুক্তি পাবে ১ মে।

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন
একের পর এক মোট আটটি কিস্তি মুক্তি পেয়েছে জনপ্রিয় মুভি সিরিজ ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’–এর। ২০২০ সালের নতুন কিস্তিটি শুরু হবে আগের ছবি ‘হবস এন্ড শ’র ধারাবাহিকতা মেনে। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস–এর পুরোনো চরিত্রের পাশাপাশি খল চরিত্রে আবারও ফিরতে যাচ্ছে শার্লিজ থেরন। ছবিটি সবার সামনে আসবে ২০২০ সালের ২১ মে।

টপ গান: ম্যাভেরিক
কখনো ১০০ তলার ওপর থেকে ঝাঁপিয়ে পড়া, কখনো আবার চলন্ত উড়োজাহাজ থেকে লাফ— এভাবেই প্রতি ছবিতে দুর্ধর্ষ কায়দায় নিজেকেই নিজে ছাপিয়ে যান টম ক্রুজ। এবার তো দুর্ধর্ষতার মাত্রা আরও বাড়বে। কারণ টম ক্রুজ তাঁর সফলতম ছবি টপ গান এর নতুন কিস্তি টপ গান: ম্যাভরিক নিয়ে ফিরছেন এ বছর। জোসেফ কসেনস্কি পরিচালিত ছবিটি ২৬ জুন মুক্তির কথা আছে।

ওয়েস্ট সাইড স্টোরি
১৯৬১ সালের ‘ওয়েস্ট সাইড স্টোরি’র কথা মনে আছে? অনেকদিন ধরে নিজের একটি মিউজিক্যাল ফিল্ম বানানোর ইচ্ছা ছিল স্টিভেন স্পিলবার্গের। এবার ‘ওয়েস্ট সাইড স্টোরি’কে নতুন করে তৈরি করে এই পরিচালক তাঁর ইচ্ছা পূরণ করলেন। মূল চলচ্চিত্রের অভিনেত্রী রিটা মোরেনোকে রাখা হচ্ছে নতুন এই চলচ্চিত্রেও। ছবিটি মুক্তি পাবে ১৬ ডিসেম্বর।

নো টাইম টু ডাই
জেমস বন্ড সিরিজের ২৫তম ছবি নো টাইম টু ডাই। এরই মধ্যে এই ছবির টিজার সাড়া ফেলেছে সিনেমাপ্রেমীদের মনে। সবাই আশায় বুক বেঁধে রেখেছেন ট্রেলার দেখার জন্য, এরপর সিনেমা। গুঞ্জন আছে, ড্যানিয়েল ক্রেইগ এবারই শেষবারের মতো এই চরিত্রে নিজেকে তুলে ধরছেন। এপ্রিলের ৮ তারিখে বছরের এই কাঙ্ক্ষিত ছবিটি মুক্তি পাবে।

ফ্রি গাই
টানা কয়েকটা বছর দারুণ যাচ্ছে অভিনেতা রায়ান রেনল্ডসের। ডেডপুল ছবির সাফল্য, গত বছর সিক্স আন্ডারগ্রাউন্ড দিয়ে নেটফ্লিক্সে অভিষেক, পিকাচু চরিত্রে কণ্ঠ দেওয়া। মোটামুটি হলিউডে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন এই অভিনেতা। তাঁর নতুন ছবি শন লেভি পরিচালিত ‘ফ্রি গাই’–এর ট্রেলার দেখে বোঝা যাচ্ছে এই সাফল্যযাত্রা ২০২০ সালে অপরিবর্তিত থাকবে। কারণ এরই মধ্যে ফ্রি গাই ছবির ট্রেলার নিয়ে আলোচনার কমতি নেই। ছবিটি মুক্তি পাবে ১ জুলাই।

ওয়ান্ডার ওম্যান ১৯৮৪
২০২০ সালের পুরোটাই এবার গাল গ্যাদোতের। প্রথম কিস্তির ব্যাপক সাফল্যের পর এবার ডিসি ইউনিভার্সে যোগ হচ্ছে ওয়ান্ডার ওম্যানের পরবর্তী চলচ্চিত্র ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। পেটি জেনকিনস পরিচালিত এই ছবিতে আবার ফিরছেন ক্রিস পাইন এবং এতে ভিলেনের চরিত্রে দেখা যাবে ক্রিস্টেন উইগকেও। এটি মুক্তি পাবে ৪ জুন।

ডেথ অন দ্য নাইল
অগাথা ক্রিস্টির উপন্যাস নিয়ে আগেও কাজ হয়েছে, এখনো হচ্ছে। ২০২০ সালে স্যার কেনেথ ব্রানাঘ সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অগাথা ক্রিস্টির ‘হারকিউল পয়রট’-এর দ্বিতীয় কিস্তি নিয়ে। একঝাঁক হলিউড তারকাকে দেখা যাবে এই ছবিতে। এদের মধ্যে আছেন ওয়ান্ডার ওম্যানখ্যাত গাল গ্যাদত, অভিনেতা আর্মি হ্যামার, ব্ল্যাক প্যান্থার ছবির লেটিটা রাইট, বলিউডের আলী ফজল। এই ছবির সম্ভাব্য মুক্তির তারিখ ৯ অক্টোবর।

বার্ডস অব প্রে
২০১৬ সালের সুইসাইড স্কোয়াড ছবিটি অতটা সফল না হলেও, ছবির হার্লি কুইন চরিত্রটি পেয়েছিল দারুণ জনপ্রিয়তা। জোকারের পর এবার ডিসি শুধু ‘হার্লি কুইন’কে নিয়ে তৈরি করছে নতুন চলচ্চিত্র। সুইসাইড স্কোয়াডের মতো এবারও হার্লি কুইনের ভূমিকায় অভিনয় করছেন মার্গোট রোবি। এরই মধ্যে ছবির ট্রেলার ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

জো জো র্যাবিট
গত বছর বড় বড় চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলেছিল জো জো র্যাবিট। কিন্তু সর্বসাধরণের জন্য ছবিটি উন্মুক্ত হচ্ছে এ বছর, অর্থাৎ ২০২০–এ। হিটলারকে নিয়ে কাজ হয়েছে এতদিন। কিন্তু জো জো র্যাবিট অন্য রকম এক নির্মাণ। চলচ্চিত্রনির্মাতা তাইকা ওয়াতিতি এই ছবিতে সেজেছেন হিটলারের সাজে।
এ ছাড়াও সবার চোখ আছে মুলান, ঘোস্টবাস্টার্স, বম্বশেল, গ্রিড মুভিগুলোর ওপরেও। তো, ২০২০ সালে কোন হলিউড চলচ্চিত্রের জন্য আপনি সবচেয়ে বেশি অপেক্ষা করছেন?
সাদিয়া ইসলাম
সূত্র: বিবিসি, রোটেন টম্যাটোজ, উইকি ইত্যাদি