হলিউডরে এক টুকরো

ব্রিটনি স্পিয়ার্স
প্রেম একবারও আসেনি—না সরবে, না নীরবে। সত্যিকারের রাজপুত্তুর যেমন ঘোড়ায় চেপে ছুটে আসে, তেমনি যেন সেই আবার ছুটে বেরিয়েও যায়। সর্বশেষ খবর, ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে চার্লি এবেরসলের। সাত মাস টিকেছে এই সম্পর্কটা। ২০০৪ সালে জ্যাসন আলেক্সান্ডারের সঙ্গে ব্রিটনির প্রথম বিয়েটা টিকেছিল মাত্র কয়েক ঘণ্টা। কেভিন ফেডারলাইনের সঙ্গে দ্বিতীয় বিয়েটাও তিন বছরের মাথায় ভেঙে যায়। সাধে কি আর গেয়েছেন, ‘যতবারই ওড়ার চেষ্টা করি, পড়ে যাই, আমার যে ডানা নেই!’

এমিলিয়া ক্লার্ক
আর্নল্ড শোয়ার্জনেগার যখন নাচের সঙ্গী, বিপত্তি হওয়াটাই কি স্বাভাবিক নয়? টার্মিনেটর জেনেসিস ছবিতে আর্নির সঙ্গে নাচতে গিয়েই হাড় ভেঙেছেন এমিলিয়া ক্লার্ক। লস অ্যাঞ্জেলেসে ছবির প্রিমিয়ারে এ কথা ফাঁস করেছেন এমিলিয়া। ক্রাচে ভর দিয়ে কয়েকদিন হাঁটতে হয়েছে তাঁকে। এই ছবিতে সারা কনর চরিত্রে এবার অভিনয় করছেন এমিলিয়া। গেইম অব থ্রোনস সিরিজে খালিসি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ইয়াহু নিউজ

অ্যাঞ্জেলিনা জোলি
প্রায় ২০ বছরের সংসার তাঁদের, হলিউডে বিরলই বটে। তবে এর পেছনে আছেন বোধ হয় অ্যাঞ্জেলিনা জোলি কিংবা তাঁর অনুপস্থিতি। স্বামী হিউ জ্যাকম্যানের জন্য জোলিতে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন ডেবোরা লি ফারনেস। আর যে-ই হোক, জোলির সঙ্গে অভিনয় করা যাবে না। ‘ওর এজেন্টদের আমি বলে রেখেছি, জোলির সঙ্গে ও অভিনয় করতে পারবে না।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন ডেবোরা। তবে শেষে কিন্তু ঠিকই যোগ করেছেন, ‘মজা করছি’। মজাই বটে! ইয়াহু নিউজ

টেইলর সুইফট
জীবন কখন কাকে কোন পথে নিয়ে যায়! সাত বছর আগে তাঁরা ছিলেন প্রেমিক-প্রেমিকা। আজ সাবেক প্রেমিক হয়ে গেছেন বান্ধবীর প্রেমিক। তবে তাতে কিছু যায় আসে বলে মনে হচ্ছে না। নতুন জুটিকে আশীর্বাদই জানিয়েছেন টেইলর সুইফট। তাঁর বান্ধবী জিজি হাদিদ প্রেম করছেন জো জোনাসের সঙ্গে। সেই জোনাস-২৫ সেকেন্ডের ভয়েসমেইলে যিনি সম্পর্ক ভেঙেছিলেন টেইলরের সঙ্গে। ওদিকে সংগীততারকা কেলভিন হ্যারিসের সঙ্গেও সুখে আছেন টেইলর সুইফট। চারজন মিলে বেড়াতেও বের হচ্ছেন, পার্টি করছেন। ইউএস ম্যাগাজিন