হলিউডে তোলপাড় তুলে ঢাকায় আসছে 'স্টার ওয়ার্স'

একের পর এক হলিউডের বক্স অফিস রেকর্ড ভেঙে যাচ্ছে স্টার ওয়ার্স সিরিজের নতুন ছবি ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়াকেন্স’ ছবিটি। পুরো বিশ্বের বক্স অফিসে ঝড় তোলা এ ছবিটি আগামী শুক্রবার থেকে ঢাকার দর্শকেরাও দেখার সুযোগ পেতে যাচ্ছেন।
মুক্তির প্রথম রাতেই ৭০ লাখ মার্কিন ডলার আয় করে ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়াকেন্স’ ছবিটি ভেঙেছিল ‘হ্যারি পটার অ্যান্ড ডেথলি হ্যালোজ পার্ট টু’ ছবির রেকর্ড। এখন এ ছবিটি লড়ছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ ছবিকে পেছনে ফেলতে।
‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়াকেন্স’ ছবিটি মুক্তি পাচ্ছে দেশের দুটি মাল্টিপ্লেক্স— স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে।
বাংলাদেশে এ ছবির মুক্তি উপলক্ষে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে খুব শিগগিরই একটি জমকালো উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হবে।
জে জে আব্রামস পরিচালিত ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়াকেন্স’ যুক্তরাষ্ট্রে মুক্তি পায় গত ১৮ ডিসেম্বর।
স্টার ওয়ার্স সিরিজের এবারের এ ছবিতে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড, লুপিটা নিয়ং, মার্ক হ্যামিল, ক্যারি ফিশার, ডেইজি রিডলি প্রমুখ।